দেশের ছবির গানে কলকাতার শুভমিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের দুটি অডিও অ্যালবামে গাইলেও এ দেশের কোনো ছবির জন্য এই প্রথম গাইলেন কলকাতার এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী শুভমিতা।
‘মোস্ট ওয়েলকাম টু’ শিরোনামের ছবিটি পরিচালনা করছেন নায়ক-প্রযোজক এম এ জলিল অনন্ত। ছবির গানেও শুভমিতার সহশিল্পী হলেন শহীদ। ‘মন ছুঁয়ে দেখে যাও’ শিরোনামের গানটির সুর করেছেন শহীদ এবং সংগীত পরিচালনা করেছেন রাফি।
এর আগে ‘নীলাম্বরী’ অ্যালবামের ‘এক জীবন’ শিরোনামের একটি গানে কলকাতার কণ্ঠশিল্পী শুভমিতার সহশিল্পী ছিলেন বাংলাদেশের গায়ক শহীদ।
কলকাতা থেকে মুঠোফোনে শুভমিতা প্রথম আলো ডটকমকে জানান, ‘এবারই প্রথম বাংলাদেশের ছবির জন্য গান গাইলাম। খুবই ভালো লেগেছে। শহীদ ভাই গানটির সুরও করেছেন বেশ চমত্কার। শুনেছি ওই ছবির জন্য আরও কয়েকটি ভালো গান করা হয়েছে। পুরো ছবির জন্য শুভকামনা থাকল।’

নিজের অন্যান্য ব্যস্ততা প্রসঙ্গে শুভমিতা বলেন, ‘আপাতত নতুন কোনো অ্যালবামের জন্য গান করছি না। নিয়মিতভাবে স্টেজ শো করে যাচ্ছি।’ 

শহীদ বলেন, ‘শুভমিতা দিদির সঙ্গে প্রথমবারের মতো ছবির গানে কণ্ঠ দিলাম। দিদিও প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় গাইলেন। এর আগে তাঁর সঙ্গে “এক জীবন”, “এক জীবন-২’সহ বেশকিছু গান গেয়েছি। গানগুলো জনপ্রিয়তা পেয়েছে। সিনেমার গানটিও জনপ্রিয়তা পাবে বলে আশা করছি।’

বর্তমানে ‘মোস্ট ওয়েলকাম টু’ ছবির শুটিং চলছে। এ ছবিতে অভিনয় করেছেন অনন্ত, বর্ষা প্রমুখ।