দেশের জন্য কিছু করার ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সানী জুবায়ের
সানী জুবায়ের

‘পোস্টারের দিকে তাকিয়ে চোখ কপালে! সেখানে লেখা—মোৎসার্ত, বেটোভেন, সিবেলিয়াস এবং সানী জুবায়ের! সত্যি সত্যি একটা হোঁচট খেলাম। সুইডেনের সুন্ডভালস সিম্ফনি অর্কেস্ট্রার বার্ষিক অনুষ্ঠানে বাজােনা হবে আমার কম্পোজিশন। মিলনায়তনের প্রবেশমুখে সেই পোস্টারে পাশ্চাত্যের সংগীত-কিংবদন্তিদের সঙ্গে আমার নাম!’
স্মৃতিচারণা করতে গিয়ে কথাগুলো বলছিলেন বাংলাদেশের উচ্চাঙ্গসংগীতের শিল্পী সানী জুবায়ের। ভারতে পড়ালেখা করতে গিয়ে কসুর পাটিওয়ালা ঘরানার সংগীতের তালিম নিতে শুরু করেন ওস্তাদ বড়ে গোলাম আলী খাঁ সাহেবের নাতি ওস্তাদ মাঝহার আলী খাঁ এবং জাওয়াদ আলী খাঁর কাছে। তখনো জানতেন না নিজের গন্তব্য কোথায়। পড়ালেখা শেষ হওয়ার আগে দিল্লিতে একটি অনুষ্ঠান দেখতে গিয়ে বদলে যায় জুবায়েরের জীবন। সেই অনুষ্ঠানে বাজাতে গিয়েছিল ‘ইসরায়েল ফিলহারমোনিক’ নামের একটি দল। ওই দলে ছিলেন বর্তমান বিশ্বের সব থেকে খ্যাতিমান বেহালাবাদক ইৎসহাক পার্লম্যান। অনুষ্ঠানটি তাঁর ভেতরে এমন প্রতিক্রিয়া সৃষ্টি করে যে তিনি সিদ্ধান্ত নিয়েই ফেলেন ভারতীয় সংগীতের সঙ্গে পাশ্চাত্যের সংগীতকে মিলিয়ে কিছু একটা করবেন।
ইংরেজি সাহিত্যের শিক্ষার্থী হিসেবে পাশ্চাত্যের দরজা তাঁর জন্য প্রসারিত হয়ে থাকে। যোগাযোগ শুরু করেন সুইডেনের রয়্যাল কলেজের সঙ্গে। খেয়াল ও ঠুমরি গেয়ে সেখানে পাঠান তিনি। সেসব শুনে তারা জানায়, শুধু শাস্ত্রীয় সংগীত জানলেই তো হবে না। স্টাফ নোটেশন জানতে হবে, জানতে হবে হারমোনি অর্কেস্ট্রেশন, এয়ার ট্রেনিং, কাউন্টার পয়েন্ট, ফাংশনাল অ্যানালাইসিস। এসব না জানলে ভর্তি করিয়ে কিছুই শেখানো যাবে না।
সানীর আগ্রহে রয়্যাল কলেজ তাঁকে পাঠিয়ে দেয় বালটিক সি-এর মাঝখানের দ্বীপ গটল্যান্ডে। সেখানে গটল্যান্ড স্কুল অব মিউজিক কম্পোজিশনে ১৯৯৯ থেকে ২০০১ পর্যন্ত দুই বছরের একটি ডিপ্লোমায় অংশ নেন তিনি। তারপরই ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তির সুযোগ পেয়ে যান রয়্যাল কলেজে। সারা বিশ্ব থেকে সেবার আবেদন করেছিলেন ৮০ জন শিক্ষার্থী। নেওয়া হয়েছিল মাত্র ২ জনকে। সৌভাগ্যক্রমে তিনি ছিলেন ওই দুজনের মধ্যে একজন।
পড়ালেখা করতে করতেই অর্কেস্ট্রেশনের কাজ করতে হয়েছে সানী জুবায়েরকে। ২০০২ সালে সুইডেনের সব থেকে বড় সংগীত প্রকাশক প্রতিষ্ঠান গের মার্কস তাঁকে বৃত্তি দিয়েছিল কম্পোজিশন বিভাগে। সে সময়ই নির্মিত হয় তাঁর প্রথম সিম্ফোনি ‘দ্য গোল্ডেন ল্যান্ড’। রয়্যাল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী হিসেবে বাংলাদেশের ছয়টি ঋতু নিয়ে করা ওই কাজটির প্রথম প্রিমিয়ার হয়েছিল ২০০২ সালে। পরে রয়্যাল কলেজে ২০০৪ সালে হয় দ্বিতীয় প্রদর্শনী।
পড়ালেখা তো শেষ হলো; দেশের জন্য কিছু করার ছিল। এই উপলব্ধি থেকে তিনি শুরু করেন জাতীয় সংগীতের স্টাফ নোটেশনের কাজ। বছর পাঁচেক আগে ব্লুজ কমিউনিকেশনসের ব্যবস্থাপনা পরিচালক ফরহাদুল ইসলামকে সঙ্গে নিয়ে তিনি এর পরিকল্পনা শুরু করেন। তিনি বলেন, ‘আমাদের জাতীয় সংগীতের আগের অর্কেস্ট্রেশনটি করা হয়েছিল টি এম কার্টলেজের ব্রাসব্যান্ড দিয়ে। রেকির্ডংটির তত্বাবধানে ছিলেন উপমহাদেশের প্রখ্যাত সংগীত পরিচালক সমর দাস। সেটি ছিল বেশ দ্রুত লয়ে বাজানো। ব্রাসব্যান্ড মিলিটারি মার্চিং ও মার্চিংয়ের গান বাজানোর বাদক দল। তাতে সিলভার ফ্লুট, ট্রাম্পেট, ট্রমবোন, ক্লারিনেট, ইউফোনিয়াম, স্নেয়ার ড্রাম, বেজ ড্রাম থাকে। কিন্তু আমাদের জাতীয় সংগীতের গীতিকবিতাটি খুব মধুর। এটা হওয়া দরকার আরও ধীর এবং তাতে বেহালা, ভায়োলার মতো যন্ত্রসংগীতের ব্যবহার থাকা দরকার। উদীচীর সাধারণ সম্পাদক মাহমুদ সেলিম এই কাজে অনেক অনুপ্রেরণা দিয়েছেন।’
২০১৪ সালের ২৬ মার্চ লাখো কণ্ঠে জাতীয় সংগীতের যে সংস্করণটি গাওয়া হয়েছিল, সেটি নিয়েই কাজ শুরু করেন তাঁরা। সংস্করণটির অনুমোদন দিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী, ছায়ানটের বর্তমান সভাপতি সন্জীদা খাতুন এবং আরও অনেকে মিলে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে গীতিকবিতাটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছান।
শিক্ষক বাবা এবং লেখক মায়ের সন্তান সানী জুবায়ের শৈশব থেকেই বড় হয়েছেন একটি সংগীতপ্রেমী পরিবারে।
সানীর ইচ্ছা, শিশুদের সংগীত শেখাবেন তিনি। আগামী বছর থেকে শুরু করবেন সংগীতশিক্ষার একটি প্রতিষ্ঠান।