দেশের বাইরে ঈদ উদ্যাপন
এবার ঈদে দেশে থাকছেন না অনেকেই। টানা কাজ করতে করতে ক্লান্ত হয়েছেন তাঁরা। তাই ঈদের সময়টা পছন্দের জায়গায় কাটানোর জন্য ঢাকা ছাড়ছেন অনেকেই। জানা গেছে, শাকিব খান সিঙ্গাপুরে যাচ্ছেন। ঈদের পরদিন থেকে সিঙ্গাপুরে তাঁর একটি ছবির শুটিং হবে। অপু বিশ্বাসও যাচ্ছেন সিঙ্গাপুরে। পূর্ণিমা যাচ্ছেন ওমানে। সেখানে তিনি প্রবাসী বাঙালিদের আমন্ত্রণে একটি অনুষ্ঠানে অংশ নেবেন। নিপুণও যাচ্ছেন সিঙ্গাপুর। সেখানে তিনি ঈদ উদ্যাপন করবেন। আর শাবনূর আগে থেকেই আছেন অস্ট্রেলিয়ায়।এ তো গেল চলচ্চিত্রাঙ্গনের কথা। সংগীতাঙ্গনেরও কয়েকজন শিল্পী ঈদের সময় দেশে থাকছেন না। সাবিনা ইয়াসমীন আছেন ভারতের কলকাতায়। রুনা লায়লা ঈদ করবেন লন্ডনে। বেবী নাজনীন ঈদের দিন থাকবেন দোহায়। মিলা ও নওশীন যাচ্ছেন সেখানে। আইয়ুব বাচ্চু ঈদ করবেন যুক্তরাষ্ট্রে। শাকিলা জাফর চলে গেছেন অস্ট্রেলিয়ায়। মোশাররফ করিম ঈদ উদ্যাপন করবেন লন্ডনে। জানা গেছে, প্রবাসী বাঙালিদের সঙ্গে ঈদ উদ্যাপন আর ভ্রমণ দুটোই হবে একই সঙ্গে। ঈদের সপ্তাহখানেকের মধ্যে সবাই দেশে ফিরবেন।