দেশের বাইরে একাধিক নাটকের দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছরের মতো এ বছরও একাধিক নাটকের দল দেশের বাইরে সফর শুরু করেছে। এবার শুধু পার্শ্ববর্তী দেশ ভারতই নয়, জার্মান, মিসর, নেপালসহ একাধিক দেশের নাটক পরিবেশন করছে তারা। নাট্যজন আতাউর রহমান বলেন, ‘আমাদের দেশের থিয়েটার পৃথিবীজুড়ে এখন সমাদৃত। সরকারি সফর থেকে শুরু করে বিভিন্ন দেশের নাটকের দলের আমন্ত্রণে এখানকার নাটক দেশের বাইরে যাচ্ছে। এটা একটা ভালো দিক। এখানকার নাটকের গুণাগুণ অনেক ভালো। এখানে লোকজ নাটক, মৌলিক নাটক, বিদেশি নাটক, শেকসপিয়ার, বার্টল্ড ব্রেশট, ইবসেন, রবীন্দ্রনাথ সবই হচ্ছে এবং এই সফরের মধ্য দিয়ে আমাদের সংস্কৃতির বিনিময় হচ্ছে। নাট্যকর্মীরা নানা দেশের শিল্পীদের অভিনয়, মঞ্চ, দর্শক—সবকিছুরই অভিজ্ঞতা অর্জন করতে পারছে।’জুলাই মাসের ২১ ও ২২ তারিখে জার্মানির লিনগেন শহরের আইয়াতা সেন্টারে আন্তর্জাতিক নাট্যোৎসবে পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত দিনাজপুরের আদিবাসী শিশুনাটক দল ‘ওঁরাও শিশু থিয়েটার’ আনডি মানখি (বাংলা ভাষায় ভাত তরকারি) নাটকটি মঞ্চস্থ করে। এই উৎসবে বাংলাদেশসহ সারা পৃথিবী থেকে প্রায় ২২টি নাটকের দল অংশ নেয়। এরপর পিপলস থিয়েটারের আরেকটি শিশুনাটকের দল আগস্টের শুরুতে ভারতের দিল্লিতে আন্তর্জাতিক শিশু নাট্যোৎসবে নাটক পরিবেশন করে। পরপরই নাগরিক নাট্যসম্প্রদায় ভারতের কলকাতায় ১৯ ও ২০ আগস্ট দলের ছায়ানাট নাটকটির দুটি মঞ্চায়ন করে। একই দল কলকাতার বিভাষ চক্রবর্তীর অন্য থিয়েটারের ২৫ বছর পূর্তি উৎসবে অপেক্ষমাণ নাটকটি মঞ্চস্থ করে। ৩১ আগস্টে একাডেমি অব ফাইন আর্ট মঞ্চে নাটকটির মঞ্চায়ন হয়। এদিকে মিসরের সংস্কৃতি মন্ত্রণালয়ের আমন্ত্রণে বাংলাদেশ সরকারের সহযোগিতায় কায়রোতে ১০ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত ১০ দিনের আন্তর্জাতিক পরীক্ষণ থিয়েটারের উৎসবে নাট্যকেন্দ্র আরজচরিতামৃত নাটকটি মঞ্চস্থ করে। এই উৎসবে নাগরিক নাট্যসম্প্রদায় বেসরকারিভাবে অপেক্ষমাণ নাটকটি মঞ্চস্থ করার আমন্ত্রণ পেয়েছিল। একই নাটক নিয়ে ডিসেম্বরে নেপালের আন্তর্জাতিক ইবসেন নাট্যোৎসবে যোগ দেয় নাগরিক নাট্যসম্প্রদায়। ভারতের কৃষ্ণনগরে পরমপরা কৃষ্ণনগরের আয়োজনে ডিসেম্বরে নবম নাট্যোৎসবে যোগ দেয় থিয়েটার আর্ট। সেখানে ৮ ডিসেম্বর কৃষ্ণনগরের রবীন্দ্রসদনে কোর্টমার্শাল নাটকটি মঞ্চস্থ হয়। দলটি বহরমপুরের রঘুনাথগঞ্জেও নাটকটির আরও একটি প্রদর্শনী করে। অন্যদিকে ভারতের কলকাতায় প্রতিবছর দুই বাংলার নাটকের দল নিয়ে গঙ্গা যমুনা নাট্যোৎসব অনুষ্ঠিত হয়। এই উৎসবে এবারও নাটক মঞ্চায়নের জন্য আমন্ত্রণ পেয়েছে সময়। দল সূত্রে জানা গেছে, ডিসেম্বরের শেষ সপ্তাহে দলটি উৎসবে শেষ সংলাপ নাটকটি মঞ্চস্থ করার জন্য কলকাতা সফর করবে।