দেশের বাইরে বেশির ভাগ তারকারা
এবার ঈদে দেশে থাকছেন না চলচ্চিত্র, টিভি ও সংগীত-জগতের বেশ কয়েকজন তারকা। এর মধ্যে অবশ্য অনেকেই এখন বিদেশেই আছেন। কেউ কেউ বিভিন্ন সংগঠনের আমন্ত্রণে সেখানে অনুষ্ঠান করতে গিয়েছেন অথবা যাচ্ছেন। আবার কেউ যাচ্ছেন ঈদের ছুটিতে ঘুরে বেড়াতে। তাঁদের সঙ্গে কথা বলে জানা গেছে, সবাই ছুটিটাকে বিদেশ ভ্রমণের সুযোগ মনে করছেন। তাই ছুটির সুযোগটাকে তাঁদের অনেকেই হাতছাড়া করতে চাচ্ছেন না। শিল্পী সাবিনা ইয়াসমিন এ মাসের প্রথম সপ্তাহে কলকাতায় গেছেন। ৪ সেপ্টেম্বর ছিল তাঁর জন্মদিন। গত কয়েক বছরের মতো এবারও জন্মদিনটা তিনি সেখানে কাটিয়েছেন। আসবেন ঈদের কয়েক দিন পরে। জন্মদিন ও ঈদের আনন্দের পাশাপাশি সাবিনা সেখানে স্বামী কবির সুমনের সঙ্গে কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন। রুনা লায়লা ঈদ করবেন লন্ডনে। শিল্পী আইয়ুব বাচ্চু ঈদ করবেন মালয়েশিয়ায়। সেখানে তিনি প্রবাসী বাঙালিদের আমন্ত্রণে কয়েকটি অনুষ্ঠানে গান গাইবেন। দেশে ফিরবেন ঈদের কয়েক দিন পর। তাই তাঁর মন কিছুটা খারাপ। তিনি বললেন, ‘তবে এটা ভেবে ভালো লাগছে যে সেখানে অনেক প্রবাসী বাঙালি ভাইয়ের সঙ্গে ঈদ করব।’ গায়িকা বেবী নাজনীন থাকবেন কাতারের রাজধানী দোহায়। ৯ সেপ্টেম্বরই তিনি দেশ ছাড়ছেন। আসবেন ঈদের দুই দিন পর। এ প্রজন্মের সংগীতশিল্পীদের মধ্যে মিলা ক্লোজআপ ওয়ান তারকা রিংকু ও সাজু কাতার যাচ্ছেন প্রবাসী বাঙালিদের আমন্ত্রণে। ফিরবেন এক সপ্তাহ পর।নায়িকা পূর্ণিমা ঈদের দিন থাকবেন ওমানে। প্রবাসী বাঙালিদের আমন্ত্রণে অংশ নেবেন একটি অনুষ্ঠানে।‘জীবনের বেশির ভাগ ঈদ দেশের বাইরে করতে হয়েছে। এবারও আমাকে তা পালন করতে হবে সিঙ্গাপুরে। তাই দেশে ঈদ পালন নিয়ে আমার আলাদা কোনো আগ্রহ সেভাবে কাজ করে না।’ কথা বলছিলেন চিত্রনায়িকা নিপুণ। এ দলে আরও আছেন শাকিব খান ও অপু বিশ্বাস। সেখানে তাঁরা রাকিবুল আলম রাকিবের জান তুমি প্রাণ তুমি ছবির শুটিংয়ে অংশ নেবেন। এ উদ্দেশেই কাল দেশ ছাড়ছেন তাঁরা। সেখানে কয়েক দিন শুটিং করে ১৫ সেপ্টেম্বর দেশে ফেরার সম্ভাবনা রয়েছে তাঁদের।নায়িকা শাবনূরও দীর্ঘদিন অস্ট্রেলিয়ায় আছেন। ঈদের আগে তাঁর দেশে ফেরার সম্ভাবনা নেই। তাই তাঁকে এবারের ঈদটা অস্ট্রেলিয়ায় করতে হবে।ছোট পর্দায় এ সময়ের ব্যস্ত অভিনেতা মোশাররফ করিম ঈদ করবেন লন্ডনে। মডেল- অভিনেত্রী নওশীন ঈদে থাকবেন কাতারের রাজধানী দোহায়। অভিনেতা রওনক হাসান স্ত্রীকে নিয়ে ঈদের ছুটি কাটাবেন ভুটানে। সেখানে তিনি যাচ্ছেন পারিবারিক ভ্রমণে।এঁরা ছাড়া চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীত-জগতের আরও বেশ কয়েকজন তারকা এবারের ঈদে থাকছেন দেশের বাইরে। সেখানে তাঁরা প্রবাসী বাঙালিদের সঙ্গে ঈদ উদযাপনের পাশাপাশি ভ্রমণও করবেন। পরে ঈদের এক সপ্তাহের মধ্যে সবাই আবার দেশে ফিরবেন। দেশে ফিরলেই শুরু হবে তাঁদের ঈদুল আজহার কাজ।