দেশের বাইরে ‘লাল জমিন’, ফেব্রুয়ারিতে রজতজয়ন্তী
দ্বিতীয়বারের মতো দেশের বাইরে মঞ্চায়নের উদ্দেশ্যে যাচ্ছে শূন্যন দলের আলোচিত একক নাটক লাল জমিন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উৎসবে মঞ্চায়নের জন্য ভারতে আমন্ত্রিত হয়েছে নাটকটি। আগামী ২১ ফেব্রুয়ারি ত্রিপুরার বিলোনিয়ায় এটি মঞ্চস্থ হবে। নাটকটির নির্দেশক সুদীপ চক্রবর্তী বলেন, ‘আমরা নাটকটি নিয়ে প্রথম ভারতে যাচ্ছি। তবে সফরটা খুবই গুরুত্বপূর্ণ। মাতৃভাষা দিবসের বড় উৎসবে নাটকটি আমন্ত্রণ পেয়েছে। আমরা খুবই খুশি।’ এদিকে এর আগে ৬ ফেব্রুয়ারি নাটকটির রজতজয়ন্তী প্রদর্শনী হতে যাচ্ছে। ওই দিন নাটকটির ২৫তম প্রদর্শনী হবে জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে। নাটকটি উদ্বোধন করা হয় গত বছরের ১৯ মে। এত কম সময়ে ঢাকার মঞ্চে নতুন নাটকের রজতজয়ন্তী প্রদর্শনী প্রসঙ্গে সুদীপ বলেন, ‘এমনিতেই আমাদের এখানে নাটকের দলের সংখ্যা অনুযায়ী মিলনায়তনের সমস্যা আছে। সবকিছু ছাপিয়ে নাটকটির একক অভিনেত্রী মোমেনা চৌধুরীর একাগ্রতা আর দলের তরুণ নাট্যশ্রমিকদের শক্তির উন্মাদনার কারণেই তা সম্ভব হচ্ছে।’ তিনি আরও যোগ করেন, ‘আমরা ঢাকার বাইরেও নাটকটির অনেকগুলো প্রদর্শনী করার সুযোগ পেয়েছি। এ ক্ষেত্রে নাটকের সংগঠন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ঢাকার বাইরের নেতারাও সহযোগিতা করেছেন। মুক্তিযুদ্ধের এই নাটকটি ঢাকার বাইরে জেলায় জেলায় করার ইচ্ছা আছে।’ এদিকে, ২৪ জানুয়ারি বরিশালের শব্দাবলী স্টুডিও থিয়েটারের ২০ বছর পূর্তি উৎসবে নাটকটি প্রদর্শিত হয়। ২৭ জানুয়ারি যাচ্ছে মুন্সিগঞ্জে; ৪ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে নাটকটির আরও একটি প্রদর্শনী হবে। এ ছাড়া মার্চ মাসে সিলেট ও কুড়িগ্রামে নাটকটি মঞ্চায়ন হবে। মুক্তিযুদ্ধ ও যুদ্ধ-পরবর্তী একজন নারী মুক্তিযোদ্ধার সংগ্রামী অভিজ্ঞতার নাট্য প্রকাশ নিয়ে এটি লিখেছেন মান্নান হীরা, আর পোশাক পরিকল্পনা করেছেন ওয়াহিদা মল্লিক, সংগীত পরিকল্পনা জুলফিকার চঞ্চল।