দেশের বাইরের দল আনতে এখনো জটিলতা
গত বছর পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক নাট্যোৎসবে কলকাতা, দিল্লি, শিলিগুড়ি, ওডিশা থেকে দল আসার কথা ছিল। কিন্তু কোনো দলই শেষ পর্যন্ত আসতে পারেনি। সরকারের কাজের জটিলতার কারণে তা আটকে যায়। দীর্ঘদিন থেকে ঢাকার বিভিন্ন দলের উৎসবে দেশের বাইরের দল আনতে গিয়ে এ ধরনের পরিস্থিতিতে একাধিকবার পড়তে হয়েছে। এ বিষয়ে সরকারের নানা আইনকানুনের প্যাঁচে পড়ে অপেক্ষা করতে হয় দীর্ঘ সময়। কখনো কখনো বাইরের দল আনতে গিয়ে দুই মাসেরও বেশি সময় লাগে। পদে পদে পড়তে হয় নানা ঝামেলায়। জানা গেছে, বাইরে থেকে দল আনতে গেলে ওই সব দলের কর্মীদের সব তথ্য সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে পাঠাতে হয়। সেখান থেকে এক কপি পররাষ্ট্র মন্ত্রণালয়ে, আরেক কপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবার এক কপি সরকারের গোয়েন্দা সংস্থা এসবি, আরেক কপি এনএসআইয়ে পাঠায়। এ বিষয়ে আইটিআইয়ের বিশ্বসভাপতি রামেন্দু মজুমদার বলেন, এসব কাজ করতে গিয়ে পদে পদে ঝামেলায় পড়তে হয়। এবং এ কাজ শেষ করে আনতে দু-তিন মাস লেগে যায়। বাংলাদেশে কোনো ব্যবসায়ী বা খোলোয়াড় দল আনতে কোনো পূর্বানুমতি লাগে না। কিন্তু সাংস্কৃতিক দল আনতে কেন পূর্ব অনুমতি লাগবে? তিনি আরও বলেন, ‘বাইরের দেশে সাংস্কৃতিক দলের জন্য কোনো সরকারই আমাদের দেশের মতো কঠিন আইনকানুন করে রাখেনি। এখন দেশে গণতান্ত্রিক সরকার এসেছে। আমরা চাইব, এসব কালো নিয়মকানুন সরকার তুলে নেবে।’তবে বিষয়টি নিয়ে লিয়াকত আলী লাকী বলেন, ‘আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। এতে বিষয়টি কিছুটা হালকা হয়েছে। তবে জটিলতা এখনো রয়ে গেছে। তারা যা বলেছে তাতে এখনো বাইরের দল আনতে ১৫-২০ দিন সময় লাগবে। অথচ বিদেশে কোনো দল উৎসব আয়োজন করলে তারা বাইরের দল আনতে চাইলে শুধু একটা আবেদন করলেই দ্রুত কাজ হয়ে যায়।