দলে কর্মশালা চলছে, রিহার্সেল নেই। প্রতিদিন চার ঘণ্টা করে কর্মশালা। পরিচালনা করছেন দলের একজন সিনিয়র সদস্য। কর্মশালা বিষয়ে তাঁর সীমাহীন আগ্রহ, তা নিজের দলে হোক বা বাইরে হোক। বিদেশেও কর্মশালায় অংশ নেওয়ার অভিজ্ঞতা তাঁর আছে। তাঁর পরিচালনায় কর্মশালায় চলছে নানা রকম শারীরিক, মানসিক কসরত, সবাই গলদঘর্ম। কর্মশালায় কম বয়সীদের আগ্রহ থাকলেও অপেক্ষাকৃত বয়স্করা মনে মনে বলছেন, ছেড়ে দে মা কেঁদে বাঁচি। নাট্যকার প্রতিদিনই কর্মশালায় আসছেন কিন্তু তাতে অংশ না নিয়ে এক কোণে চুপচাপ বসে বসে দেখছেন। তিনিই একমাত্র ব্যতিক্রম। কর্মশালা শেষে গল্পগুজব করে চা-টা খেয়ে ঘরে ফিরে যাচ্ছেন। এখন ১৫ মিনিট চা-বিরতি। কয়েকজন তরুণ সদস্য আগে থেকেই ঠিক করে রেখেছিল আজ তারা নাট্যকারকে ধরবে। চা-বিরতিতে সুযোগটা এসে গেল—‘স্যার, আপনি প্রতিদিন ঠিক সময়মতো কর্মশালায় আসছেন, চুপচাপ বসে বসে দেখছেন অথচ তাতে অংশ নিচ্ছেন না?’ নাট্যকারের ত্বরিত উত্তর—‘আমি তো অবজারভার, পর্যবেক্ষক। দেখছি, দেখে দেখে শিখছি।’ নাট্যকারের জবাবে এক পশলা হাসির ঢেউ খেলে গেল সারা ঘরে। নির্দেশক একটা সুযোগ পেয়ে জিজ্ঞেস করলেন, ‘কী শিখছেন?’ নাট্যকারের সহজ-সরল উত্তর—‘এত সব শারীরিক-মানসিক কসরত করে কী লাভ?’ নির্দেশক কৌতূহল দমিয়ে রাখতে পারলেন না, ‘তা কী শিখলেন?’ তরুণ সদস্যদেরও জিজ্ঞাসা ‘কী শিখলেন স্যার?’ নাট্যকার সরাসরি জবাব না দিয়ে বলে উঠলেন, ‘দেহপট সনে নট সকলি হারায়।’ উত্তর শুনে সবাই একে অন্যের দিকে তাকাচ্ছেন, নাট্যকারের হেঁয়ালি নির্দেশকের পছন্দ হচ্ছিল না—‘একটু ঝেড়ে কাশুন না?’ নাট্যকার এবারও সরাসরি কোনো উত্তর দিলেন না, বরং পাল্টা প্রশ্ন করলেন? ‘আচ্ছা, তোমরা কে বলতে পারো, নাটকের মাধ্যম, মানে মিডিয়াটা কী?’ সমস্বরে উত্তর—‘ভাষা’। নাট্যকারের নিরাবেগ জবাব—‘উত্তরটা সত্য, তবে অর্ধেক।’ এবার নাট্যকার শুরু করলেন তাঁর স্বভাবসুলভ বক্তৃতা—‘নাটকটা যতক্ষণ লিখিত অবস্থায় আছে, ততক্ষণ পর্যন্ত এর মাধ্যম ভাষা। কিন্তু যখন মঞ্চে অভিনীত হচ্ছে তখন এর মাধ্যম দেহ। একজন অভিনয়শিল্পী তাঁর দেহ দিয়েই নাটকটাকে মঞ্চে উপস্থাপন করেন।’ নির্দেশক নাট্যকারকে একটু থামিয়ে দিলেন—‘তা ঠিক, তবে চূড়ান্ত অভিনয়ের সময় শিল্পীর দেহ মিডিয়াম হলেও অন্যান্য শিল্প এবং শিল্পমাধ্যমকেও বিবেচনায় আনতে হবে—নাটক একটা সমন্বিত শিল্প, অনেক শিল্পের সমন্বয়।’ নাট্যকার নির্দেশকের কথা সমর্থন করে আবার বলতে শুরু করলেন, ‘হ্যাঁ, আপনার কথাও ঠিক। একদিন কর্মশালার একপাশে বসে থেকে বুঝতে চেষ্টা করছিলাম কেন এই কর্মশালা? এখন বিষয়টা সম্পর্কে অনেক বেশি পরিষ্কার। যিনি অভিনয় করবেন নারী কিংবা পুরুষ, তাঁকে সুস্থ-স্বাভাবিক দেহের অধিকারী হতে হবে। রোগাক্রান্ত দেহ বা অচল শরীর কাঠামো দিয়ে অভিনয় চলে না। দু-একটি ব্যতিক্রম থাকলেও তা সাময়িক। একজন অভিনেতার জন্য স্বাভাবিক কণ্ঠস্বর আর ত্রুটিহীন পঞ্চইন্দ্রিয় থাকতে হবে। এসবই হচ্ছে একজন মানুষের দৈহিক উপাদান। মঞ্চাভিনয়ে মনোনিবেশ, পর্যবেক্ষণ, আবেগ, অঙ্গ সঞ্চালন, অভিব্যক্তির প্রকাশ—সবকিছুই ঘটে পঞ্চইন্দ্রিয়ের মাধ্যমে। এখন এসব উপাদান যদি একজন অভিনয়শিল্পীর নিয়ন্ত্রণে না থাকে, তা হলে তিনি ভালো অভিনয় করবেন কীভাবে? আর এ জন্যই বোধ করি নাট্যজনেরা শরীরটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য এতসব কর্মশালা আর অনুশীলনের উদ্ভাবন করেছেন। সে জন্যই বলছিলাম, দেহপট সনে নট সকলি হারায়, কথাটা নির্মম শোনালেও সত্যি।’ নির্দেশক নাট্যকারকে সমর্থন দিয়ে বললেন, ‘আপনি ঠিক ধরেছেন, তবে শুধু শরীর নিয়ন্ত্রণই নয়, অভিনয়ের জন্য দেহকে সঙ্কুচিত ও সম্প্র্রসারিত করাও দরকার, নিরবচ্ছিন্ন শারীরিক মানসিক অনুশীলন ছাড়া তা আয়ত্ত করা সম্ভব নয়। দেহটাই সব নয়, কান টানলে মাথা আসার মতো দেহের সঙ্গে মনটাও আসে, সে মনটা নিয়েও কথা বলা দরকার। আরেক দিন সে বিষয়েও শুনতে চাই। আজ এ পর্যন্তই থাক।