দেহরক্ষী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল ১২ এপ্রিল ঢাকাসহ সারা দেশে প্রায় ৯০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ইফতেখার চৌধুরী পরিচালিত চলচ্চিত্র দেহরক্ষী। ফ্যাটম্যান ফিল্মসের ব্যানারে এতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, মারুফ, ববি, কাজী হায়াৎ, শিবা সানু, শিমুল খান প্রমুখ।ছবির গান লিখেছেন আবদার রহমান, সোহেল আরমান ও সুদীপ। কণ্ঠ দিয়েছেন ন্যান্সি, কনা, সোয়েব, পারভেজ, দোলা ও অদিত। সংগীত পরিচালনা করেছেন অদিত।ইফতেখার চৌধুরী বলেন, ‘বর্তমান সময়কে ভাবনায় রেখে একটা ভালো চলচ্চিত্র নির্মাণের চেষ্টা করেছি। আশা করি, ছবিটি সব শ্রেণীর দর্শকের পছন্দ হবে।’ববি একজন গায়িকা। অন্ধকার জগতের মানুষ মিলন পছন্দ করে তাঁকে। কিন্তু মিলনকে পছন্দ করে না ববি। বাবার চিকিৎসার ব্যয় বহন করার জন্য বিভিন্ন হোটেলে শো করে সে। এর মধ্যে বেশ কয়েকবার ববির ভালোবাসা আদায় করার চেষ্টা করে ব্যর্থ হয় মিলন। ফলে একদিন সে কিডন্যাপ করে ববির বাবাকে। এদিকে বাবাকে ফিরে পাওয়ার জন্য মিলনের সঙ্গে ভালোবাসার মিথ্যা অভিনয় শুরু করে ববি। এর মধ্যে মিলন একবার দেশের বাইরে যায়। সে দেশে না থাকলে প্রতিদ্বন্দ্বী আরেক গডফাদার সিজার ববিকে তুলে নিয়ে যেতে পারে—এমন আশঙ্কা ছিল মিলনের মনে। তাই সে ববির দেখভালের জন্য দেহরক্ষী হিসেবে নিয়োগ দেয় মারুফকে। এরপর কী ঘটে? পাঠক, সবই জানা যাবে। এ জন্য প্রেক্ষাগৃহের রুপালি পর্দায় আগে ছবিটি দেখতে হবে আপনাকে।