দেড় বছর পর শমী, বিপাশা ও মিমি
ছোটপর্দার একসময়ের তিন জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার, বিপাশা হায়াত ও আফসানা মিমির দেখা হলো প্রায় দেড় বছর পর। বিপাশা হায়াতের উপস্থাপনায় ঈদের একটি অনুষ্ঠানে। তাঁর নামের সঙ্গে মিল রেখে তৈরি ‘বিপাশার অতিথি’ নামে একটি অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন এই তিন অভিনেত্রী।সম্প্রতি বাংলাভিশনের জন্য নির্মিত এ অনুষ্ঠানটির রেকর্ডিংয়ের ফাঁকে আড্ডায় মেতে ওঠেন তাঁরা।অনুষ্ঠানের শুরুতেই বিপাশা অন্যদের দিকে প্রশ্ন ছুড়ে বলেন, ‘বলো তো কত দিন পর আমাদের তিনজনের দেখা হলো?’ আফসানা মিমি ও শমী কায়সার কিছুক্ষণ ভেবে বললেন, ‘প্রায় দেড় বছর পরে মনে হয়।’ অনুষ্ঠানে বিপাশা আরও বলেন, ‘আমার একটা নাটক দেখে শমী ফোন করে অনেক ভালো হয়েছে বলে প্রশংসাও করেছিল।’অন্যদিকে শমী মজা করে বলেন, ‘এখন আমার নাটক তো আর কেউ দেখবে না।’ এটা বলেই হো হো করে হেসে উঠলেন তিনজন। এর উত্তরে আফসানা মিমি বললেন, ‘এই খুঁতখুঁতে ভাবের জন্য শমী অনেক বকা খেয়েছে।’‘বিপাশার অতিথি’ অনুষ্ঠানে এভাবেই নিজেদের নানা অজানা কথা নিয়ে আড্ডা দিচ্ছিলেন জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত, শমী কায়সার ও আফসানা মিমি। এ ছাড়া অনুষ্ঠানে তাঁরা কথা বলেছেন তাঁদের অভিনয় জীবনের শুরুর গল্পসহ অনেক কথা। জানিয়েছেন বর্তমানের কাজ ও ভবিষ্যত্ পরিকল্পনার কথা।তারেক আখন্দ প্রযোজিত অনুষ্ঠানটি বাংলাভিশনে ঈদের পঞ্চম দিন রাত নয়টা ৪০ মিনিটে দেখানো হবে।