দোটানায় পড়েছেন আবু সাইয়ীদ!
‘কিছুদিন আগেও চিন্তা করেছিলাম নতুন বছরের শুরুতেই হুমায়ূন আহমেদের পেনসিলে আঁকা পরী অবলম্বনে রূপালী বৃত্ত ছবিটির কাজ শুরু করব। কিন্তু এখন দোটানায় পড়তে হয়েছে। কারণ, এরই মধ্যে রবীন্দ্রনাথের নিশীথে অবলম্বনে আরেকটি নতুন ছবির ব্যাপারে মনস্থির করেছি। প্রাথমিকভাবে ছবিটির নামও রাখা হয়েছে নিশীথে। এটারও কাজ বেশ দ্রুতগতিতে এগোচ্ছে। সবকিছু ঠিকঠাক করার পর যেটাতে কমফোর্ট ফিল করব, সেটাই শুরু করব।’ বলছিলেন পরিচালক আবু সাইয়ীদ।গত বছরের শেষ দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আবু সাইয়ীদ পরিচালিত ছবি ‘অপেক্ষা’। জঙ্গিবাদ নিয়ে নির্মিত ছবিটিতে মানসিক সম্পর্কের কিছু টানাপোড়েনও চমত্কারভাবে তুলে ধরা হয়েছে। ছবিটি সম্পর্কে আবু সাইয়ীদ বলেন, ‘দর্শকেরা যারা অপেক্ষা দেখেছেন তাঁদের সবার প্রতিক্রিয়া বেশ ভালো। সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্লগেও ছবিটি নিয়ে বেশ কয়েকটি লেখা বেরিয়েছে।’ তিনি এও বলেন, ‘জঙ্গিবাদ আমাদের বর্তমান সময়ের একটা বড় সংকট। আমার দৃষ্টিভঙ্গি থেকে এটাকে তুলে ধরারও একটা আগ্রহ ছিল বেশি। আমার ব্যক্তিগত অনুভূতি হচ্ছে, জঙ্গিবাদের পেছনে একটা আন্তর্জাতিক রাজনীতি বেশিমাত্রায় জড়িত। আমি মূলত ছবিটির মাধ্যমে সেটাই তুলে ধরার চেষ্টা করেছি।’