
আমি কুকুরকে যমের মতো ভয় পাই। মাবরুর রশীদের হাউজ ৪৪ নাটকের শুটিংয়ের ঘটনা। শুটিং চলছিল মিরপুর ডিওএইচএসে। দিনের আলো থাকা অবস্থায় দৃশ্যটি নিতে হবে। কিন্তু আলো যায় যায় অবস্থা। দৃশ্যটি এমন—আমি বাসা থেকে বের হয়ে রিকশা না পেয়ে রাস্তায় হাঁটতে থাকব। পথে ইরফান সাজ্জাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। ক্যামেরা চালু হয়ে গেল। রাস্তার এক পাশ ধরে আমি হাঁটতে শুরু করেছি। অনেকটা পথ এগিয়ে গিয়েছি। এর মধ্যে দেখি এক ভদ্রলোক দুটি জার্মান শেফার্ড নিয়ে এগিয়ে আসছেন আমার দিকে। আমি ঘাবড়ে গেলাম। ভয়ে ভয়ে হাঁটছিলাম আর বারবার চিত্কার করছি, ‘শট কাটছিস, শট কাটছিস’ বলে। কিন্তু ক্যামেরা লং শটে ধরা। পেছন থেকে ইউনিটের কেউই শুনতে পাচ্ছিল না। কী আর করা, শেষ পর্যন্ত রণে ভঙ্গ দিয়ে উল্টো দিকে দৌড় দিয়ে বাসায় ঢুকে গেলাম। এরপর পরিচালকের চিত্কার, বকাবকি। পরে কুকুরের বিষয়টি জানানোর পর পরিচালকের হাত থেকে রেহাই পেলাম। এই সব করতে গিয়ে সেদিন আলো চলে গিয়েছিল। দৃশ্যটি আর নেওয়া হলো না।
আরেকটা ঘটনা ২০১৪ সালের। গোলাম সোহরাব দোদুলের একটি নাটকের শুটিংয়ের ঘটনা। নাটকের নামটি মনে পড়ছে না। মানিকগঞ্জের এক এলাকায় শুটিং চলছিল। গাছে ঝোলানো দোলনায় দোল খাওয়ার একটি দৃশ্য নেওয়া হবে। ভোরের আলোতে। সকাল থেকে বৃষ্টি। আমি সবাইকে বললাম, বৃষ্টি হচ্ছে, গাছ ভেজা। দোলনাটি যেন ভালো করে বাঁধা হয়। আমার ওজন কিন্তু ষাট কেজি। ঠিকঠাক করে না বাঁধলে ছিঁড়ে অঘটন ঘটতে পারে। প্রোডাকশনের কেউ কেউ দোলনায় চড়ে আমাকে দেখিয়ে বললেন, ‘দেখেন আপা, কোনোই সমস্যা নাই।’
সব ঠিকঠাক। ‘ক্যামেরা-অ্যাকশন’ বলার সঙ্গে সঙ্গে আমি দোলনায় গিয়ে যেই না বসেছি, অমনি দোলনা উল্টে ধপাশ! পড়ে গেলাম নিচে। পরনে ছিল শাড়ি। ইউনিটের সবাই দৌড়ে এসে আমাকে তুললেন। দোলনার নিচে কাদা পানিতে মাখামাখি অবস্থা। কিন্তু ভাগ্য ভালো যে ব্যথা পাইনি। পরেরবার দৃশ্যটি আবার ধারণের আগে বেশ কয়েকবার দোলনাটি পরীক্ষা করে নেওয়া হয়েছিল।
শ্রুতিলিখন: শফিক আল মামুন