
এস এম সোলায়মান। নাট্যকার, নির্দেশক, অভিনেতা, গীতিকার, সুরকার, সংগঠক, শিক্ষক। তার ৬০ বছর পূর্ণ হচ্ছে। সোলায়মানকে শুভেচ্ছা, ৬০ বছর পূর্তিতে অভিনন্দন। সোলায়মানকে ঘিরে অনুষ্ঠান হবে, ফুলেল শুভেচ্ছা হবে। তার ছবির পাদদেশ ফুলের তোড়ায় ভরে যাবে। শুধু সোলায়মান শারীরিকভাবে থাকবে না। আর সবই তো আছে। তার সহকর্মীরা আছে, তার ছাত্ররা আছে, তার শুভানুধ্যায়ীরা আছে, তার প্রিয়জনেরা আছে—যারা তাকে ভালোবাসে, সবাই আছে। সোলায়মান আছে, আমাদের সবার মধ্যেই আছে। সোলায়মানের মৃত্যু নেই। না, নেই।
সোলায়মান—নামটা শুনে চোখ বুজলেই তাকে দেখি টিএসসিতে, হাকিম চত্বরে, মহিলা সমিতির সামনের সিঁড়িতে, আমার বাসায়, ফরীদির বাসায়, বেইলী রোডের এখানে-সেখানে—দেখি হারমোনিয়ামের সামনে অবলীলায় অঙ্গুলি চালনা করতে। মাঝেমধ্যে টেলিফোনে, ‘দোস্ত, কেমন আছিস?’
আমার সঙ্গে সোলায়মানের পরিচয় আশির দশকে। তার অনেক আগে সোলায়মান থিয়েটার নিয়ে নিবিষ্ট হয়েছে চট্টগ্রামে। যত দূর শুনেছি, ঢাকায় প্রথমে গড়ে তোলে ‘কালান্তর’ নামে একটি দল। কালান্তর ছেড়ে ‘পদাতিক নাট্য সংসদ’ করল। নাটক করেছিল জসীমউদ্দীনের ‘কবর’ কবিতার নাট্যরূপ ও সোজন বাদিয়ার ঘাট। তারপর পদাতিক থেকে বেরিয়ে দল করল ‘ঢাকা পদাতিক’। পথনাটক করল খ্যাপা পাগলার প্যাঁচাল। সে এক বিদ্রোহের নাটক। এক পঙ্গু মুক্তিযোদ্ধাকে নিয়ে। পথনাটকের ক্ষেত্রে সেটা একটা মাইলফলক। যত দূর জানি, নাটকটি নিয়ে বহু জায়গায় ঘুরে বেড়িয়েছে।
সোলায়মান তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, থাকত ফজলুল হক হলে। সেই সময় আমার সঙ্গে পরিচয়। তখন আন্তহল নাট্যোৎসব হতো। সোলায়মান নাটক লিখল ইলেকশন ক্যারিকেচার। আমার ওপর ভার পড়ল সেটি নির্দেশনা দেওয়ার। আমি তখন সোলায়মানকে একদমই চিনি না। তার সেই নাটক গঠন-দর্শনে কিছুটা দুর্বল। কিন্তু প্রচণ্ড বিদ্রূপ, নষ্ট রাজনীতি আর ক্ষমতালিপ্সুদের ষড়যন্ত্র নিয়ে রাখঢাক না করে সোজাসাপ্টা কথা। সেই সময়ে আমাদের ইলেকশন আর ভোট নিয়ে ক্যারিকেচারই হতো।
সোলায়মানের সঙ্গে আমার প্রথম কাজ। সে কিছু বলত না, চুপচাপ বসে দেখত আর নাটকের সংগীত নিয়ে কথা বলত। তখনো তার সংগীতপ্রতিভার সম্যক পরিচয় পাইনি। থিয়েটারমনস্ক ছাত্রের মতো, আমাদের মতো প্রাতিষ্ঠানিক শিক্ষা পাওয়া মানুষদের কাজ দেখত আর জানতে চাইত। ইন্সপেক্টর জেনারেল মঞ্চে আসে সোলায়মানের সংগীতসমৃদ্ধ হয়ে। ঢাকার মঞ্চে ব্যাপক সাড়া ফেলে। ঢাকা পদাতিক আর সোলায়মানের জয়যাত্রা শুরু তখন থেকে।
এরপর ঢাকা পদাতিকের সঙ্গে আমরা এনএসডি-ফেরত কয়েকজন মিলে করলাম তালপাতার সেপাই। সোলায়মানের নেতৃত্বে, তার রচনায়, নির্দেশনায় ঢাকা পদাতিকের ইতিহাস শুধু নতুন নাটক করার, ভিন্ন ধারার নতুন ভাবনা নিয়ে কাজ করার—বিষয়বস্তু, নাট্যভাবনা, উপস্থাপনা—সব ক্ষেত্রেই। বলা যায়, এর কারণই ছিল মূলত সোলায়মান। ও স্থিত হয়ে বসে থাকার লোক তো না। বাণিজ্যে বসতি লক্ষ্মী ঘরানার মানুষও না। কয়েক দফা চেষ্টা করেছে ব্যবসাপাতি করার, খুব সফল হয়নি সে ক্ষেত্রে। চাকরিও করেছিল কয়েক দিন। কিন্তু দাসত্ব ওর ধাতে সয়নি।
ঢাকা পদাতিক আর সোলায়মান আমাদের কাছে ছিল প্রায় সমার্থক শব্দ। ইলেকশন ক্যারিকেচার, ইন্সপেক্টর জেনারেল, তালপাতার সেপাই। এরপরে ইঙ্গিত, রাক্ষস খোক্কস, গণি মিয়া একদিন, এই দেশে এই বেশে, জনতার শত্রু, আমিনা সুন্দরী—একের পর এক বিরতীহীন প্রযোজনা। ভাবতে অবাক লাগত, কী করে পারে সোলায়মান? ও কি রাত-দিন টিএসসিতে পড়ে থাকে, নাটক লেখে আর রিহার্সেল করে?
হঠাৎ একদিন শুনি, সোলায়মান আর ঢাকা পদাতিকে নেই। আবার দল করল, নাম দিল ‘অন্যদল নাট্য সম্প্রদায়’। কী জানি হলো, সেটা বাদ দিয়ে ‘থিয়েটার আর্ট ইউনিট’। আবার নিত্যনতুন প্রযোজনা, কোর্ট মার্শাল, দুই যোগ দুই, গোলাপজান, বার্থ ফ্যান্টাসী, স্বপ্ন দেখো মানুষ, কাল সকালে—এই সব। অবাক লাগে, কী জীবনশক্তি! পরাভব না মানার কী জিদ!
আজকেও সোলায়মানের প্রয়োজন ছিল খুব। থিয়েটারকে ভালোবেসে কাজ করে যাওয়া, নব বৈচিত্র্যে, নব আনন্দে। তালপাতার সেপাই-এর সোলায়মানের গানটা খুব মনে পড়ে—‘আমি তীর্থে যাব, সোঁদা মাটির গন্ধ নেব’। সোলায়মান তার তীর্থে পৌঁছানোর আগেই সোঁদা মাটির গন্ধ নিতে তার সঙ্গে মিলে গিয়েছে। আমাদের সবার দায়িত্ব হলো তীর্থে পৌঁছানোর জন্য নৌকাটাকে এগিয়ে নিয়ে যাওয়া।