দোহায় ৯ম সিটিসেল-চ্যানেল আই-এর সংগীত পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৯ম সিটিসেল-চ্যানেল আই সংগীত পুরস্কার আসরে গান গাইছেন শিল্পীরা
৯ম সিটিসেল-চ্যানেল আই সংগীত পুরস্কার আসরে গান গাইছেন শিল্পীরা

কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হয়ে গেলে ‘সিটিসেল-চ্যানেল আই সংগীত পুরস্কার’-এর এবারের আসর। এটি ছিল চ্যানেল আই সংগীত পুরস্কারের নবম আসর। এবারের অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল ‘মানুষের জন্য গান’।
কাতার সময় সন্ধ্যায় বাংলাদেশের শত শিল্পীর কণ্ঠে ‘ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা...’ গানটির মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়।
অনুষ্ঠানে আজীবন সম্মাননা ছাড়াও সংগীতের মোট ১৮টি বিভাগে সমালোচক ও জনপ্রিয় বিভাগে পুরস্কার প্রদান করা হয়। সিটিসেল-চ্যানেল আই সংগীত পুরস্কারের এবারের আসরে আজীবন সম্মাননা প্রদান করা হয় সৈয়দ আবদুল হাদীকে। তাঁর হাতে পুরস্কার তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও সিটিসেলের হেড অব করপোরেট কমিউনিকেশনস অ্যান্ড পাবলিক রিলেশন তাসলিম আহমেদ এবং কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত ও কাতারের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সচিব।
তাত্ক্ষণিক অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবদুল হাদী বলেন, ‘আমি বহু বছর ধরে গান করছি। চ্যানেল আই ও সিটিসেলের এই সম্মাননা আমার জীবনে একটি উল্লেখযোগ্য স্মৃতি হয়ে থাকবে।’
পুরস্কার প্রদানের পাশাপাশি ছিল বাংলাদেশের নবীন-প্রবীণ শিল্পীদের নানা পরিবেশনা। বিভিন্ন পারফর্মেন্সে অংশ নেন ভারত, নেপাল ও  শ্রীলঙ্কার শিল্পীরাও।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, মমতাজ, সৈয়দ আবদুল হাদী, রেজওয়ানা চৌধুরী বন্যা, শাকিলা জাফর, তপন চৌধুরী, সেলিম চৌধুরী, শাহনাজ বেলী, মনির খান, রিজিয়া পারভীন, শফিক তুহিন, বালাম, কনা, হাবিব, দিনাত জাহান মুন্নি, নকুল কুমার বিশ্বাস, কোনাল, পুষ্পিতা, নাহিদ সুলতানা, ঝিলিক, রোমেল, বিউটি দাস, আইয়ুব বাচ্চু ও জেমস।

ছায়াছবির জনপ্রিয় গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন ববিতা, রাজ্জাক, মৌসুমী, ওমর সানী, নিপুণ, মিশা সওদাগর, ফেরদৌস, তিশা ও ঈশিতা। প্রবাসীদের সুখ-দুঃখগাথা নিয়ে মঞ্চে সংলাপে পারফর্ম করেন জিল্লুর রহমান, শহিদুল আলম সাচ্চু ও শামস সুমন। কাতারের ঐতিহ্যবাহী নাচ পরিবেশন করেন কাতার অ্যাক্রোবেট দল।

মনোমুগ্ধকর এই অনুষ্ঠানে বিশেষ সম্মাননা জানানো হয় ভারত, ভুটান, নেপাল, মালদ্বীপ ও শ্রীলঙ্কার শিল্পীদের। ফারজানা ব্রাউনিয়ার উপস্থাপনায় ৯ম সিটিসেল-চ্যানেল আই সংগীত পুরস্কার অনুষ্ঠানটি  পরিচালনা করেন শহিদুল আলম সাচ্চু।

৯ম সিটিসেল-চ্যানেল আই সংগীত পুরস্কার আসর থেকে আজীবন সম্মাননা পুরস্কার গ্রহণ করছেন সৈয়দ আবদুল হাদী
৯ম সিটিসেল-চ্যানেল আই সংগীত পুরস্কার আসর থেকে আজীবন সম্মাননা পুরস্কার গ্রহণ করছেন সৈয়দ আবদুল হাদী

একনজরে ৯ম সিটিসেল-চ্যানেল আই সংগীত পুরস্কার
আজীবন সম্মাননা: সৈয়দ আবদুল হাদী

সমালোচক বিভাগ
: রবীন্দ্রসংগীত—আজিজুর রহমান তুহিন (আমার প্রিয়ার ছায়া আকাশে), নজরুলসংগীত—ইয়াকুব আলী খান (শুকতারা), উচ্চাঙ্গসংগীত (কণ্ঠ)—তাপস দত্ত (ক্ল্যাসিক্যাল মেলোডি), লোকসংগীত—চন্দনা মজুমদার (তোমার অপার নীলে), আধুনিক গান—ফাহমিদা নবী (অনুভূতির ছোঁয়াগুলো), নবাগত শিল্পী—কোনাল (যাদু), সংগীত পরিচালক—বাপ্পা মজুমদার (বেঁচে থাক সবুজ), গীতিকার—শফিক তুহিন (পাগলামি), ছায়াছবির গান—হাওয়া হাওয়া (টেলিভিশন), কাভার ডিজাইন—সব্যসাচী হাজরা (ইচ্ছামতী), সাউন্ড ইঞ্জিনিয়ার—হাবিব (ক্ল্যাসিক্যাল মেলোডি), সেরা ব্যান্ড—এলআরবি (যুদ্ধ), মিউজিক ভিডিও নির্মাতা—শুভব্রত সরকার (নীলপরি)।

জনপ্রিয় বিভাগ: আধুনিক—হাবিব (স্বাধীন), সেরা ব্যান্ড—এলআরবি (যুদ্ধ), নবাগত শিল্পী—কোনাল (যাদু), ছায়াছবির গান—কানামাছি (টেলিভিশন), ফিউশন—শহীদ (এক জীবনে-২)।