মৌসুমীর ব্যস্ততা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌসুমী
মৌসুমী

একসঙ্গে তিনটি ছবির কাজ নিয়ে প্রচণ্ড ব্যস্ত সময় পার করতে হচ্ছে চিত্রনায়িকা মৌসুমীকে। ছবি তিনটির শুটিংয়ের জন্য ২১ সেপ্টেম্বর বান্দরবান যাচ্ছেন তিনি। ছবি তিনটি হচ্ছে মন জানে না মনের ঠিকানা, শূন্য হৃদয় ও ভালোবাসবোই তো। এর মধ্যে প্রথম ছবিটির পরিচালক মুশফিকুর রহমান গুলজার। দ্বিতীয়টির পরিচালক মৌসুমী নিজেই। শুরুতে তৃতীয় ছবিটির পরিচালক ছিলেন বেলাল আহমেদ। হঠাৎ তাঁর মৃত্যুতে পরিচালনার কাজটি করতে হচ্ছে মৌসুমী ও জেড এইচ মিন্টুকে। ছবির শুটিং শিডিউলে আনতে হয়েছে পরিবর্তন। আর এ জন্য একসঙ্গে তিনটি ছবির কাজে ব্যস্ত থাকতে হচ্ছে মৌসুমীকে।

প্রথম আলোর সঙ্গে আলাপকালে মৌসুমী বলেন, ‘সবকিছুই ঠিকঠাকভাবে চলছিল। শুটিং চলাকালীন হঠাৎ করেই বেলাল ভাইয়ের মৃত্যুতে সবকিছুতে পরিবর্তন আনতে হয়। আমি শূন্য হৃদয় ছবির কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। পাশাপাশি চলছিল গুলজার ভাইয়ের মন জানে না মনের ঠিকানা ছবির কাজও। কিন্তু বেলাল ভাইয়ের মৃত্যুর পর ভালোবাসবোই তো ছবির প্রযোজনা প্রতিষ্ঠান আমাকে অভিনয়ের পাশাপাশি ছবিটি পরিচালনার দায়িত্বও দেয়। পরিচালনার এই বাড়তি দায়িত্ব পাওয়ার পর সবকিছুতে একটা বড় পরিবর্তন আনতে হয়েছে। এমনভাবে সবগুলো ছবির কাজ করার কথা ভেবেছি, যাতে কোনোটির জন্য কোনোটি ক্ষতিগ্রস্ত না হয়।’

বান্দরবানে তিনটি ছবির কয়েকটি গান এবং কিছু দৃশ্যের শুটিং করা হবে বলে জানান মৌসুমী। বললেন, ‘তিনটি ছবির কাজ একত্র হয়ে যাওয়ায় শুরুতে চিন্তায় পড়ে গিয়েছিলাম। পরে সবকিছু ভেবে বান্দরবানে কাজগুলো করার সিদ্ধান্ত নিই। সেখানে কয়েকটি গান আর কিছু দৃশ্যের কাজের মধ্য দিয়ে ছবি তিনটির কাজ শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি।’
তিনটি ছবিই ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত হচ্ছে। মৌসুমী ছাড়া ছবিগুলোর অন্য অভিনয়শিল্পীরা হলেন ফেরদৌস, নিলয়, রাজ্জাক, সাজ্জাদসহ আরও অনেকে।