দৌড়ে গিয়েও শেষ দেখা হলো না

‘স্যারের হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাওয়ার পর সেখানে যাওয়া-আসার মধ্যেই ছিলাম। গত মঙ্গলবার সকালেও গিয়েছিলাম। ভাবি আমাকে বাসায় গিয়ে বিশ্রাম নিতে বললেন। বিকেলে খবর পেলাম, স্যারের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। হাসপাতালের দিকে ছুটলাম। কিন্তু দৌড়ে গিয়েও শেষ দেখা আর হলো না। কিছুতেই মানতে পারছি না, স্যার নেই।’ বললেন তাহমিনা অথৈ। সাইদুল আনাম টুটলের শেষ ছবি ‘কালবেলা’য় তিনি অভিনয় করছেন।
গুণী চলচ্চিত্রকার, চলচ্চিত্র সম্পাদক, চলচ্চিত্র সংসদের কর্মী ও মুক্তিযোদ্ধা সাইদুল আনাম টুটুলের শেষ চলচ্চিত্র ‘কালবেলা’। ছবির বেশির ভাগ কাজ শেষ। বাকি আছে শুধু একটি গানের শুটিং। এই ছবির নায়িকা তাহমিনা অথৈ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ থেকে স্নাতকোত্তর করেছেন। প্রথম ছবিতেই কাজ করেছেন একজন গুণী পরিচালকের সঙ্গে। ভেবেছিলেন শুরুতেই এমন একজন শিক্ষক পেয়েছেন, তাঁর কাছ থেকে অনেক কিছু জানতে পারবেন, শিখবেন। কিন্তু একটি মৃত্যু সবকিছু পাল্টে দিয়েছে। গতকাল বুধবার বিকেলে প্রথম আলোকে তাহমিনা অথৈ বললেন, ‘এখনো বিশ্বাস করতে পারছি না, স্যার নেই। কত স্বপ্ন ছিল আমাদের। আমাকে নিয়ে কত পরিকল্পনা করেছিলেন স্যার। শুধু পরিচালক নন, আমি একজন অভিভাবককে হারিয়েছি।’

অভিনয়ের নেশায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নাট্যকলা বিষয়ে স্নাতকোত্তর শেষ করে ঢাকায় আসেন অথৈ। তার আগে টুকটাক উপস্থাপনার কাজ করতেন। ছোটবেলায় নাটক ও সিনেমার পোকা ছিলেন। ফলে অভিনেত্রীই হবেন—জীবনের লক্ষ্য ঠিক করে নিয়েছিলেন। এ বছর সেপ্টেম্বরে ঢাকায় আসার প্রথম দিন যোগাযোগ হয় সাইদুল আনাম টুটুলের সঙ্গে, তিনি তখন ‘কালবেলা’ ছবির জন্য নায়িকা খুঁজছিলেন। কথা হলো। এরপর পরিচালকের সঙ্গে তাঁর বাসায় গিয়ে দেখা করেন।
অথৈ বললেন, ‘পরিচালক মানিক মানবিকের মাধ্যমে টুটুল স্যারের সঙ্গে আমার যোগাযোগ হয়। তিনি যে বড় মাপের পরিচালক, এটা জানতাম। কথা বলার পর যখন তাঁর ছবিতে অভিনয়ের ব্যাপারটি অনুমান করছিলাম, তখন সম্মানিত বোধ করছিলাম। সেদিন সকালে কথা বলে বাসায় ফেরার পর সন্ধ্যায় স্যার এসএমএস করে আমার বাসার ঠিকানা চান, স্ক্রিপ্ট পাঠাবেন। কিন্তু পরদিন আমিই স্যারের বাসায় যাই। সেদিন তাঁর বাসায় অনেক আলোচনা হয়। ভাবিও আমাকে আপন করে নেন। গল্পটা বুঝিয়ে দেন। আমি “কালবেলা” ছবির সানজিদা চরিত্রের জন্য প্রস্তুত হতে শুরু করি।’

অক্টোবরের প্রথম সপ্তাহে শুরু হয় ‘কালবেলা’ সিনেমার শুটিং। এর আগে আরও কয়েকবার পরিচালকের সঙ্গে আলোচনা হয় অথৈয়ের। সাইদুল আনাম টুটুলের স্ত্রী মোবাশ্বেরা খান অথৈকে মেয়ের মতো আপন করে নেন। তাই শুটিংয়ে পারিবারিক আবহ পেয়েছেন বলে জানালেন অথৈ। বললেন, ‘টুটুল স্যার আমার নাট্যকলায় পড়াশোনার খবরে খুব খুশি হয়েছিলেন। স্যারের সঙ্গে আমার একটা পারিবারিক সম্পর্ক হয়ে যায়। ভাবির সঙ্গে খাবার খেয়েছি, আড্ডা দিয়েছি। স্যারের দুই মেয়ে তো দেশের বাইরে থাকতেন, তাই আমাকে মেয়ের মতো দেখতেন তাঁরা। প্রথম লটের শুটিং করেছিলাম খুলনায়। ১০ দিনের শুটিং ১২ দিন লেগে যায়। প্রথম শট স্যারের মনের মতো হয়নি। খুব ভয় পেয়েছিলাম। আমার ভয়ের ব্যাপারটি টের পেয়ে স্যার এগিয়ে আসেন। আমাকে সাহস দেন। নিজে অভিনয় করে দেখিয়ে দেন। মনে হলো, নিজেকেই আমি দেখছি। একজন পরিচালকও যে ভালো অভিনেতা, সেটা টের পেলাম।’
খুলনার পর কুষ্টিয়ায় তিন সপ্তাহের মতো শুটিং হয়। তত দিনে অথৈয়ের মনে হয়েছে, পরিচালক নন, তিনি একজন অভিভাবকও পেয়েছেন। অথৈ বলেন, ‘স্যার যেদিন অসুস্থ হন, সেদিন রাতে আমাকে ফোন করেছিলেন। কিন্তু কাজের ব্যস্ততায় ফোনটা ধরতে পারিনি। সকালে জানতে পারি, স্যার অসুস্থ। ভাবি আমাকে হাসপাতালে যেতে বললেন। এখনো বিশ্বাস করতে পারছি না, স্যার নেই। আমি ছবিগুলো দেখছি, ফোন নম্বরের দিকে তাকিয়ে ভাবছি, হয়তো স্যারের ফোন আসবে। বলবেন, চলো সম্পাদনার কাজটা করি। কারণ, ১৬ ডিসেম্বর থেকে সম্পাদনার কাজ করার কথা ছিল। কিন্তু স্যার সবাইকে ফাঁকি দিয়ে চলে গেলেন।’

অথৈ জানান, অভিনয় নিয়ে পড়াশোনা করলেও অভিনয়ের প্রকাশটা তিনি সাইদুল আনাম টুটুলের কাছ থেকেই শিখেছেন। শুধু অভিনয় নয়, ধৈর্যশীল থাকা, ভালো মানুষের কী কী গুণ থাকা দরকার, শত প্রতিকূলতায় কীভাবে শান্ত মস্তিষ্কে থাকা যায়—সবই তিনি শিখেছেন বরেণ্য এই পরিচালকের কাছ থেকে।
সাইদুল আনাম টুটুল গত মঙ্গলবার বেলা ৩টা ১০ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন। সেদিন সন্ধ্যায় ল্যাবএইড হাসপাতাল থেকে সাইদুল আনাম টুটুলের মরদেহ শান্তিনগরে তাঁর নিজ বাসভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে এশার নামাজের পর তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাঁর মরদেহ রাখা হয় বারডেম হাসপাতালের শব হিমাগারে। আজ বৃহস্পতিবার তাঁকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। এর আগে বেলা ১১টায় সবার শ্রদ্ধা জানানোর জন্য তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে রাখা হবে। শ্রদ্ধাজ্ঞাপন শেষে দুপুর সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে সাইদুল আনাম টুটুলের জানাজা অনুষ্ঠিত হবে।