দ্বন্দ্ব দূরত্ব থাকবেই!
চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা-অভিনেত্রীরা একান্ত চেষ্টা করলেও শাহরুখ ও সালমানের মধ্যকার দ্বন্দ্ব ও মতপার্থক্য দূর করতে পারবেন না। কোনো চলচ্চিত্রের প্রয়োজনে বা ভদ্রতার খাতিরেও এ দ্বন্দ্ব দূর হওয়ার নয়। ১৬ নভেম্বর হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট ২০১২ তে হাজির হয়ে এ মন্তব্য করেছেন শাহরুখ খান। এদিকে সালমান খানও জানিয়েছেন, শাহরুখের সঙ্গে অন্তরঙ্গ হওয়ার কোনো ইচ্ছাও তাঁর নেই। এক খবরে এ তথ্য জানিয়েছে ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস।২০০৮ সালে অভিনেত্রী ক্যাটরিনার জন্মদিনে শাহরুখ ও সালমান হাতাহাতি করেছিলেন। তার পর থেকেই এ দুজনের মধ্যকার রেষারেষি শুরু। ১৩ নভেম্বর যশরাজ নির্মিত ‘যব তক হ্যায় জান’ চলচ্চিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে আমির খান ও অমিতাভ বচ্চনের মধ্যস্থতায় তাঁদের মধ্যকার সম্পর্ক সহজ করার চেষ্টা করা হয়েছিল। এমনকি যাকে নিয়ে এ গন্ডগোলের শুরু, সেই ক্যাটরিনা কাইফ পর্যন্ত এগিয়ে এসেছিলেন দ্বন্দ্ব মেটাতে। শাহরুখ খান ও সালমান খানকে নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করার প্রস্তাব দিয়েছেন ক্যাটরিনা।শাহরুখ খান এ প্রসঙ্গে জানিয়েছেন, ‘ক্যাটরিনা যে প্রস্তাব দিয়েছে, তা কখনো সম্ভব নয়। কারও খাতিরে আর দুজনের মিল হবে না। আমার ক্ষেত্রে এটা ব্যক্তিগত একটা কারণ। এটা এখনকার কোনো বিষয় নয়। চার বছর বা তার আরও আগে থেকেই এটি চলে আসছে।’শাহরুখ খান আরও জানিয়েছেন, ‘সালমান ও আমি একসঙ্গে দুই দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে কাজ করছি। একসঙ্গে বড় হয়েছি। তাঁর পরিবারকে আমি যথেষ্ট সম্মান করি। আমাদের দুজনের মধ্যে অনেক মিল রয়েছে আবার প্রচুর পার্থক্য রয়েছে। আমাদের মধ্যকার এ মতপার্থক্য আগের তুলনায় এখন অনেক বেশি। একটা সময় এর সমাধান হতেও পারে, আবার না-ও হতে পারে। তবে তা কখনো জনসমক্ষে হবে না।’ তাই যশরাজ নির্মিত চলচ্চিত্রের নায়ক-নায়িকাদের শেষ দৃশ্যে মিলনের যে দৃশ্য দেখা যায়, শাহরুখ-সালমানের বাস্তব ক্ষেত্রে তার আশা করতে নিষেধই করেছেন শাহরুখ খান।