দ্বন্দ্ব ভুলে চেন্নাই এক্সপ্রেসে অজয়-শাহরুখ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যব তক হ্যায় জান’ আর ‘সান অব সরদার’ নিয়ে অজয়-শাহরুখ বৈরিতা ও দ্বন্দ্বের দিন শেষ। রোহিত শেঠি পরিচালিত ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিতে একসঙ্গে দেখা যাবে শাহরুখ খান ও অজয় দেবগনকে। বন্ধু রোহিতের অনুরোধ পাওয়ার পর ছবিটিতে অভিনয়ের জন্য রাজি হয়েছেন অজয়। শাহরুখ অভিনীত ‘যব তক হ্যায় জান’ এবং অজয় অভিনীত ও প্রযোজিত ‘সান অব সরদার’ ছবি মুক্তির দিন ধার্য করা হয়েছিল ১৩ নভেম্বর। ব্যবসায়িক ক্ষতির আশঙ্কায় একই দিনে মুক্তি না দিয়ে ‘যব তক হ্যায় জান’ ছবির মুক্তির দিন পেছানোর অনুরোধ করেছিলেন অজয়। এমনকি তিনি নোটিশও পাঠিয়েছিলেন ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মসকে। অজয়ের অনুরোধকে পাত্তা না দিয়ে ১৩ নভেম্বরেই ‘যব তক হ্যায় জান’ মুক্তি দেওয়া হয়। বিষয়টি নিয়ে শাহরুখের সঙ্গে অজয়ের মন-কষাকষি হয়। কিন্তু সম্প্রতি শাহরুখের সঙ্গে এক ছবিতে অভিনয় করতে রাজি হয়ে সবাইকে বেশ অবাকই করেছেন অজয়। এক খবরে এমন তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।অজয়ের বিপদে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন কাছের বন্ধু সালমান খান। তিনি ‘যব তক হ্যায় জান’ ছবি মুক্তির দিন পেছানোর অনেক চেষ্টা করেন। পরে ‘সান অব সরদার’ ছবির প্রচারণায়ও অনেক সাহায্য করেন। কিন্তু সব ভুলে সালমানের চিরশত্রু শাহরুখের সঙ্গে অজয় অভিনয় করতে কেন রাজি হলেন, তা নিয়ে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। অনেক দিন থেকেই সালমান ও শাহরুখ শিবিরে বিভক্ত হয়ে আছে বলিউড। এই দুই তারকার চিরপ্রতিদ্বন্দ্বিতার কারণে অনেক হিসাব কষে তাঁদের শিবিরে যোগ দেন বলিউডের তারকারা। সালমান শিবির ছেড়ে শাহরুখ শিবিরে অজয়ের অন্তর্ভুক্তির বিষয়টিকে সালমান কীভাবে নেন, সেটাই এখন দেখার বিষয়।