দ্বন্দ্ব মিটিয়েছেন অমিতাভ-কাদের খান

‘কুলি’, ‘সারাবি’, ‘অগ্নিপথ’সহ বেশ কয়েকটি ছবিতে প্রখ্যাত অভিনেতা, চিত্রনাট্যকার ও সংলাপ রচয়িতা কাদের খানের লেখা সংলাপ আওড়েছেন অমিতাভ বচ্চন। তাঁদের মধ্যে দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্কও গড়ে উঠেছিল। কিন্তু অমিতাভ সংসদ সদস্য হওয়ার পর তাঁদের সে উষ্ণ সম্পর্কে চিড় ধরেছিল। তবে সম্প্রতি কাদের খান জানিয়েছেন, বছর খানেক আগে তাঁরা দ্বন্দ্ব মিটিয়ে ফেলেছেন।
বলিউডের সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই রাজনীতির খাতায় নাম লিখিয়েছেন। একটা সময়ে কাদের খানও রাজনীতির মাঠে নামতে চেয়েছিলেন। কিন্তু তাঁকে রাজনীতিতে যোগদানে নিরুত্সাহিত করেছিলেন অমিতাভ। অথচ পরে অমিতাভ নিজেই সক্রিয় রাজনীতির সঙ্গে জড়ান এবং সংসদ সদস্যও নির্বাচিত হন। বিষয়টিকে সহজভাবে নিতে না পারায় অমিতাভের সঙ্গে কাদের খানের দূরত্ব তৈরি হয়। বছরের পর বছর ধরে তাঁদের মধ্যে দ্বন্দ্ব চলতে থাকে। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
কয়েক বছর আগে এক সাক্ষাত্কারে কাদের খান বলেছিলেন, ‘অমিতাভের সঙ্গে আমার অনেক সুন্দর একটি সম্পর্ক ছিল। কিন্তু অমিতাভ সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আমি তাঁর ওপর নাখোশ হয়েছিলাম। আমাদের সম্পর্কটা আর কখনোই আগের মতো হবে না।’
তবে সম্প্রতি কাদের খান জানিয়েছেন, বছর খানেক আগে অমিতাভ নিজ উদ্যোগে তাঁদের মধ্যে চলমান দ্বন্দ্ব মেটানোর ব্যবস্থা করেছেন। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘মাঝে আমাদের সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছিল। অমিতাভের ওপর আমি কিছুটা মনঃক্ষুণ্ন ছিলাম। তবে তাঁর উদ্যোগেই আমাদের মধ্যে চলমান দ্বন্দ্ব মিটে গেছে। তিনি আমাকে মানিয়ে ফেলেছেন। এখন সবকিছু ঠিকঠাক মতোই চলছে। ঈদ, দিওয়ালিসহ বিভিন্ন উত্সবে আমি তাঁকে কার্ড পাঠিয়ে শুভেচ্ছা জানাই।’
কাদের খানের ছেলে শাহনেওয়াজ জানিয়েছেন, ‘শেষ যে বার অমিত চাচা হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তখন তাঁর সঙ্গে কথা বলে খোঁজখবর নিয়েছিলেন আমার বাবা।’
এদিকে অনেকদিন চলচ্চিত্র জগত্ থেকে দূরে থাকলেও, আবার এই জগতে ফেরার পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন কাদের খান। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘অভিনয়ের পাশাপাশি কেউ কেউ আমাকে চিত্রনাট্য ও সংলাপ লেখার কথাও বলছেন। দেখা যাক, কতদূর কি হয়।’ অমিতাভ বচ্চনের সঙ্গে সর্বশেষ ২০০৬ সালে ‘ফ্যামিলি’ ছবিতে দেখা গিয়েছিল কাদের খানকে।