দ্বন্দ্বটা শাবনূরের শিডিউল নিয়ে
শাকিব খান সভাপতি হওয়ার পর শিল্পী সমিতিতে বসে শিল্পী হিসেবে প্রথম নালিশ পেয়েছেন শাবনূরের বিরুদ্ধে। শাবনূরের বিরুদ্ধে পরিচালক শহিদুল ইসলাম খোকনের অভিযোগ, ‘শাবনূর বারবার শিডিউল দিয়েও তা পরিবর্তন করছেন। অস্ট্রেলিয়া থেকে আসার পরে আমার পরিচালনায় ভালোবাসা সেন্টমার্টিনে ছবিটির শুটিং করার কথা ছিল। কিন্তু এখন আবার নতুন করে শিডিউল দিতে চান। আশঙ্কা করা হচ্ছে, আবারও শিডিউল জটিলতা হতে পারে।’কালবিলম্ব না করে শাকিব খান সমিতি থেকে শাবনূরকে হাজির হয়ে তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগের জবাব দিতে বলেন। অন্যথায় শাবনূরের বিরুদ্ধে শিল্পী সমিতি ব্যবস্থা নেবে।সহকর্মী শাকিবের কাছ থেকে এমন কড়া চিঠি পেয়ে শাবনূর হতবাক। শাবনূরের একজন ঘনিষ্ঠ পরিচালক বললেন, যে কমিটিতে তাঁর সহকর্মী শাকিব খান, মিশা সওদাগর, ফেরদৌস ও মৌসুমী আছে, সেই কমিটি তাঁকে এভাবে তলব করতে পারে—সেটি তাঁর ধারণায় ছিল না।অবশ্য শিল্পী সমিতির কার্যকরী পরিষদের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন, শাবনূর একজন জনপ্রিয় শিল্পী। তাঁর বিরুদ্ধে অভিযোগ আসার পর আগে তাঁর সঙ্গে ফোনে কথা বলে নিলে ভালো হতো। এভাবে সরাসরি তলব না করাটাই ভালো ছিল। তিনি জানান, শাবনূর নিজে উপস্থিত না হলেও লিখিত বক্তব্য দিয়েছেন শিল্পী সমিতির কাছে। তিনি জানিয়েছেন, ৬ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত শুটিং করবেন। সবশেষে জানা গেছে, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মিশা সওদাগর পরিচালক শহিদুল ইসলাম খোকনকে আশ্বস্ত করেছেন, শাবনূর সেপ্টেম্বরের শিডিউলে কাজ করবেন। এ ব্যাপারে শাবনূরের বক্তব্য জানার চেষ্টা করা হলে তিনি কোনো কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছেন।পরিচালক খোকন বললেন, ‘আজ কয়েক বছর হলো ভালোবাসা সেন্টমার্টিনে ছবিটির কাজ ঝুলিয়ে রেখেছেন শাবনূর। প্রতিবছরই তিনি জুন মাসে শিডিউল দেন। এরপর আবার অস্ট্রেলিয়া চলে যান। সম্প্রতি আমি শুনেছি যে শাবনূর অস্ট্রেলিয়া থেকে ঢাকায় এসেছেন এবং তিনি আবার অস্ট্রেলিয়া চলে যাবেন। ফলে আমার কোটি টাকার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। তাই শিল্পী সমিতিকে আমি বিষয়টি জানিয়েছি। এখন অপেক্ষা করছি, আগামী সেপ্টেম্বরে শাবনূর ছবিটির শুটিং করেন কি না।’