দ্বাদশ বর্ষে সুরসপ্তক
‘প্রথম প্রদীপ জ্বালো’ গানটির সঙ্গে দ্বৈত নৃত্য পরিবেশন করে সুরসপ্তকের ১২ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সূচনা করেন শামীম আরা নীপা ও শিবলী মহম্মদ। গতকাল শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সুরসপ্তকের প্রতিষ্ঠাতা পরিচালক শিল্পী ফেরদৌস আরা। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন শিল্পী সুধীন দাশ। প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। বিশেষ অতিথি ছিলেন অনিমেষ কুণ্ডু। অনুষ্ঠানে সুরসপ্তকের শিল্পীরা ছাড়াও অতিথি শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন। শিল্পীরা ‘সত্য সুন্দর নির্মল জীবন’, ‘তুমি কোন কাননের ফুল’, ‘পথহারা পাখি কেঁদে’, ‘নাও ছাড়িয়া দে’—এসব গান গেয়ে শোনান।অনুষ্ঠানে সুধীন দাশকে ক্রেস্ট দিয়ে আজীবন সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া বিশেষ সম্মাননা দেওয়া হয় সংগীত পরিচালক সুজেয় শ্যাম, নীলিমা দাশ, খিলখিল কাজী, অনিল কুমার সাহা, আবু বকর সিদ্দিক ও স্বপ্না রেজাকে।