দ্বিজেন্দ্রলাল রায় স্মরণে দুই দিনের অনুষ্ঠান
নাট্যকার, কবি ও গীতিকার দ্বিজেন্দ্রলাল রায়ের সার্ধশততম জন্মবর্ষ উদ্যাপন করা হচ্ছে এ বছর। পঞ্চ গীতিকবির মধ্যে দ্বিজেন্দ্রলাল রায় অন্যতম। তাঁর নানামুখী সৃষ্টিশীলতার পরিচয় তুলে ধরার জন্য দুই দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করেছে বেঙ্গল ফাউন্ডেশন। আজ বিকেল সাড়ে পাঁচটায় এবং কাল শনিবার সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে হবে অনুষ্ঠান ‘সার্ধশতজন্মবর্ষে দ্বিজেন্দ্রলাল রায়’।
আয়োজকদের কাছ থেকে জানা গেছে, আজ অনুষ্ঠানের শুরুতেই ‘রবীন্দ্রনাথ ঠাকুর, শ্রীঅরবিন্দ, দ্বিজেন্দ্রলাল রায় ও দিলীপ কুমার রায়: স্বাদেশিকতা, মানবিক চেতনা ও সৃষ্টিশীলতা’ বিষয়ে আলোচনা করবেন ভারতের শ্রীঅরবিন্দ ইনস্টিটিউটের পরিচালক রঞ্জন মিত্র ও পুনের হরেকৃষ্ণ মন্দির ট্রাস্টের সচিব শঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং বাংলাদেশের পূর্ত ও গৃহায়ণসচিব খোন্দকার শওকত হোসেন। কাল কবি দ্বিজেন্দ্রলাল রায়ের জীবন ও কর্মের ওপর আলোকপাত করবেন আবুল মোমেন। প্রতিদিন অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাংলাদেশ ও ভারতের শিল্পীরা দ্বিজেন্দ্রগীতি এবং সমসাময়িক গীতিকারদের সংগীত, পাঠ ও শ্রুতিনাটক পরিবেশন করবেন।