দ্বিতীয় সন্তানের মা হচ্ছেন মেগান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেগান ফক্স
মেগান ফক্স

ছয় বছর চুটিয়ে প্রেম করার পর ২০১০ সালে গাঁটছড়া বেঁধেছিলেন হলিউডের দুই তারকা মেগান ফক্স ও ব্রায়ান অস্টিন গ্রিন। গত বছরের ২৭ সেপ্টেম্বর ছেলে নোয়া শ্যাননকে স্বাগত জানান এ তারকা দম্পতি। এবার দ্বিতীয় সন্তান প্রত্যাশা করছেন ‘ট্রান্সফরমারস’ তারকা মেগান ফক্স।
এ প্রসঙ্গে মেগানের মুখপাত্র জানান, ‘আমি নিশ্চিত করে বলতে পারি, দ্বিতীয়বারের মতো অন্তঃসত্ত্বা হয়েছেন মেগান ফক্স। এ জন্য মেগান ও তাঁর স্বামী ব্রায়ান দারুণ খুশি।’
প্রথম সন্তান জন্ম দেওয়ার পর ছেলে নোয়াকে ভাই-বোন উপহার দেওয়ার আগ্রহের কথা জানিয়েছিলেন মেগান। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য ছিল, ‘আমার সারা জীবনের স্বপ্ন ছিল মা হওয়ার। আমার আজন্মলালিত সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমার ছেলের সুন্দর জীবনের জন্য আমি আমার সাধ্যের সর্বোচ্চ দিতে চাই। ভবিষ্যতে আমি আরও সন্তান নিতে চাই। মাতৃত্বের আনন্দ নেওয়ার জন্য আমার হূদয় সব সময় মুখিয়ে থাকে।’ জানিয়েছে ‘ইউএস ম্যাগাজিন’।
এই মুহূর্তে নিউইয়র্কে ‘টিনেজ মিউট্যান্ট নিনজা টারটেলস’ ছবির শুটিংয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন ২৭ বছর বয়সী এ তারকা অভিনেত্রী। ছবিটি মুক্তি পাবে আগামী বছর। মেগানের আগে অভিনেত্রী ভেনেসা মার্চিলের সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল ব্রায়ান অস্টিন গ্রিনের। ভেনেসা ও ব্রায়ানের ছেলে ক্যাসিয়াসের বয়স এখন ১১।