পাকা বাবুর্চি অক্ষয় কুমারের বলিউড বাজার মন্দ নয়। তাই এখনো তিনি ভাবছেন না তাঁর কর্মজীবনের দ্বিতীয় ইনিংস নিয়ে। যদি কখনো তাঁর বলিউড বাজার মন্দাও হয়, তাতে অক্ষয় ক্ষতিগ্রস্ত হবেন না। বরং ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস হিসেবে এই ‘খিলাড়ি’ কুমার ঝাঁপিয়ে পড়তে পারেন রেস্টুরেন্ট ব্যবসায়। কারণ বলিউডে ব্যর্থ হয়ে এ পর্যন্ত যে তারকাই সরাইখানার ব্যবসায় নাম লিখিয়েছেন, তাঁরাই পেয়েছেন সাফল্য। সেই তালিকার কয়েকজনের নাম আজ জেনে নেওয়া যাক।

পেরিজাদ জোরাবিয়ান
জগার্স পার্ক ছবি দিয়ে একসময় আলোচনায় এসেছিলেন বলিউড অভিনেত্রী পেরিজাদ জোরাবিয়ান। কিন্তু এরপর আর জ্বলে উঠতে পারেননি। বলিউডের ব্যর্থতা ঘোচাতে একসময় তিনি নাম লেখান রেস্টুরেন্ট ব্যবসায়। ভারতের মুম্বাইয়ের অভিজাত এলাকা বান্দ্রার পালি হিলে ‘গন্ডোলা’ নামে একটি রেস্টুরেন্ট খোলেন তিনি। ভারতীয় আর চীনা খাবার পাওয়া যায় সেখানে। তবে এই রেস্টুরেন্টে সি-ফুডেরও প্রচুর সুনাম রয়েছে মুম্বাইয়ে। বড় বড় ভোজনরসিক রেস্টুরেন্টটি নিয়ে বরাবরই ইতিবাচক মন্তব্য করে এসেছেন।


সুনীল শেঠি
অনেক আগেই তিনি বুঝে গিয়েছিলেন বলিউডের কুমার কিংবা খানদের ভিড়ে তিনি খুবই সামান্য এক শিল্পী। অভিনয়জীবনের সুসময় থাকতে থাকতেই সুনীল শেঠি বিকল্প আয়ের পথ নিয়ে ভাবতে শুরু করেছিলেন। তাই তো বছর দশেক আগেই তিনি মুম্বাইয়ের খার এলাকায় ‘এইচ টু ও’ নামের একটি রেস্টুরেন্ট খোলেন। এই রেস্টুরেন্ট এখন শহরের সেরা কয়েকটি রেস্টুরেন্টের একটি। এইচ টু ওর লং আইল্যান্ড আইস টি শহরের ভোজনরসিকদের দারুণ পছন্দের পানীয়।


ববি দেওল
ছবির সংখ্যা অনেক। তবে সফল ছবির সংখ্যা হাতে গোনা কয়েকটি। তাই অভিনয়ের ওপর থেকে অনেক আগেই আস্থা হারিয়েছিলেন ববি দেওল। মন বসিয়েছিলেন রেস্টুরেন্ট ব্যবসায়। কাঙ্ক্ষিত সাফল্যও পেয়েছেন। মুম্বাইয়ের আন্ধেরি এলাকায় এক অভিজাত খাবারঘর রয়েছে তাঁর, নাম ‘সামহোয়্যার এল্স’। এই রেস্টুরেন্ট খাবারের পাশাপাশি এর অন্দরসজ্জাও রাজকীয় আবহের জন্য সুপরিচিত। ববির দোকানের খাবারের স্বাদ নাকি তাঁর বাজে ছবি দেখার তিতকুটে অভিজ্ঞতাকেও কাটিয়ে দেয়, এতটাই সুস্বাদু খাবার!


সারাহ জেন ডিয়াজ
বলিউডে তাঁর অভিনয়জীবনটা কখন যে শুরু হলো, আর কখন শেষ—তা ঠিকমতো হয়তো সারাহও বুঝে উঠতে পারেননি। তবে টান টান প্রতিযোগিতার এই বাজারে তিনি যে ক্যাটরিনা, দীপিকা, আলিয়াদের ছাড়িয়ে যেতে পারবেন না, তা আগেই আঁচ করতে পেরেছিলেন। তাই তো কেয়া সুপার কুল হ্যায় হাম ছবির এই নায়িকা সফলতার স্বাদ না নিয়েই রেস্টুরেন্ট ব্যবসার দিকে ঝুঁকে পড়েছেন। মুম্বাইয়ের খার এলাকায় ‘বাটারফ্লাই বেকারি’ নামে একটি কাপকেকের দোকান আছে তাঁর। নিজের সফলতার মিষ্টি স্বাদ নিতে না পারলেও, কাপকেকের মিষ্টি স্বাদ তিনি দিয়ে যাচ্ছেন সবাইকে।


ডিনো মরিও
হিসাব কষলে দেখা যাবে অভিনয়জীবনের প্রথম ছবিটিই ছিল ডিনো মরিওর শেষ ব্যবসাসফল ছবি। এরপর অনেক ছবিতে তাঁকে দেখা গেলেও, সেই ছবিগুলো বক্স অফিসে সাফল্যের দেখা পায়নি। তবে রেস্টুরেন্ট ব্যবসায় কিন্তু ডিনোর ভাগ্য সুপ্রসন্ন। মুম্বাইয়ের মালাড় এলাকায় স্থাপিত তাঁর ‘ক্রেপে স্টেশন ক্যাফে’ এখন পুরো মুম্বাইয়ে ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে। নতুন নতুন শাখা খোলা হচ্ছে শহরজুড়ে। বিভিন্ন ইউরোপিয়ান স্ন্যাকসের জন্য এই খাবার ঘরের সুনাম চারদিকে।
স্কুপহুপ অবলম্বনে