দ্বিতীয় জীবনের কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহমুদুর রহমান বেনু
মাহমুদুর রহমান বেনু
আমার জীবনের স্মরণীয় নয়টি মাস। প্রতিটি মুহূর্তই আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি বলব ওটা ছিল আমার দ্বিতীয় জীবন’—বলছিলেন মুক্তিযুদ্ধের প্রামাণ্য দলিল তারেক মাসুদের মুক্তির গান-এর গানের দলটিকে যিনি নেতৃত্ব দিয়েছিলেন, সেই মাহমুদুর রহমান বেনু। তাঁর কাছ থেকে গল্পটা শুনেছেন কবির বকুল

১৯৭১ সালের ২৫ মার্চ। পাকিস্তানি হানাদাররা সারা ঢাকায় নির্বিচারে হত্যাযজ্ঞ চালাল। সেই রাতে আমি ছিলাম মগবাজারে আমার এক বন্ধুর বাড়িতে। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগের প্রভাষক। জীবনে একটা মাছিও মারিনি। কিন্তু ২৫ মার্চ রাতের ওই ঘটনা আমার মধ্যে একটা পরিবর্তন এনে দিল।

আমার বয়স তখন ৩০। সিদ্ধান্ত নিলাম, যে করেই হোক, আমাকে এর বিরুদ্ধে একটা কিছু করতে হবে। সীমান্তে যুদ্ধের প্রস্তুতি চলছে। বিচ্ছিন্নভাবে যে যেখানে আছেন, পাকিস্তানি হানাদারদের কীভাবে প্রতিরোধ করা যায়, সেই ইচ্ছা নিয়ে একত্র হচ্ছেন সবাই। খবর পেলাম মেজর খালেদ মোশাররফ নরসিংদী আছেন। আমরা চার বন্ধু—লিটু, কাজী মোহাম্মদ ইকবাল (আমার ভাইয়ের ছেলে), লুৎফর রহমান খোকা ও আমি—মনস্থির করলাম, তাঁর ফোর্সে যোগ দেব।
১৪ এপ্রিল নানা পথ ধরে নরসিংদী গেলাম। কিন্তু তাঁকে পেলাম না। শুনলাম তিনি ব্রাহ্মণবাড়িয়া চলে গেছেন। সেখানে গিয়েও তাঁকে পেলাম না। তিনি তখন সিংগাইর বিল দিয়ে চলে গেছেন আগরতলার সোনামুড়া। আমরা সেখানে ছুটলাম। কিন্তু সেখানেও তিনি নেই। এরপর আমরা চলে যাই মেহেরপুরের উল্টো দিকে বেতাই ক্যাম্পে। সেখানে আরও অনেকের সঙ্গে দেখা। আমাদের চারজনকে আলাদা করে বিভিন্ন ক্যাম্পে পাঠানো হলো। আমি গেলাম পেট্রাপোলে। আমার সেক্টর কমান্ডার ছিলেন ক্যাপ্টেন হাফিজ। প্রতিদিন ভোর ৫টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিরামহীন একজন সৈনিক হিসেবে যুদ্ধের প্রশিক্ষণ নিই তাঁর কাছে। এরপর আমি যুদ্ধে যেতে চাই। কিন্তু তিনি আমাকে অনুমতি দিলেন না। বললেন, আরও তৈরি হতে হবে। খবর পেলাম, আমার ভাইয়ের ছেলে ইকবাল যুদ্ধে চলে গিয়েছে। খবর এল, ইকবাল অস্ত্রসহ পাকিস্তানি সেনাদের হাতে ধরা পড়েছে। খবরটা শুনে আমি একটু ঘাবড়ে যাই।
ভাবলাম, ইকবালের বাবাকে খবরটা দেওয়া উচিত। আমি ক্যাপ্টেনের কাছে গিয়ে অনুমতি চাইলাম। তিনি রেগে গেলেন। বললেন, ‘এটা কি একটা ছেলেখেলা। এখানে আবেগ চলে না। যুদ্ধে এ রকম কত ছেলে ধরা পড়ে, মারা যায়। তোমার ভাইয়ের ছেলে কি এমন স্পেশাল যে তার জন্য তোমাকে সব ছেড়ে যেতে হবে?’ আমার এক দুলাভাই ছিলেন সেখানে, তিনি আমাকে তিন দিনের ছুটি দিয়ে বললেন, ‘না, না, এভাবে যুদ্ধ ছেড়ে যাওয়া যায় না। তুমি যদি যাও, তবে তুমি একজন পালিয়ে যাওয়া সৈনিক হিসেবে চিহ্নিত হবে। এর শাস্তি ফায়ারিং স্কোয়াড। ছুটি দিলাম, সিদ্ধান্ত নাও কী করবে।’
আমি যে পথে এখানে এসেছিলাম, সে পথে দেশে ফিরে গেলাম। গিয়ে ইকবাল ধরা পড়ার খবরটি তার বাবাকে দিলাম। আরও বললাম, তিনি যদি পারেন, ছেলেকে পাকিস্তানি সেনাদের ক্যাম্প থেকে উদ্ধার (পরে তিনি ছেলেকে উদ্ধার করেছিলেন) করতে। এরপর যখন আবার যুদ্ধে ফিরে যাচ্ছি, তখন ঘটনাক্রমে একজন বাঙালি আর্মি অফিসারের হাতে একটা ছবি দেখতে পেলাম। ২৩ মার্চ, ৭১ জাতীয় শহীদ মিনারে তোলা। ছবিতে আমি, শাহীন (শাহীন সামাদ) আর ইকবাল বাংলাদেশের পতাকা ওড়াচ্ছি। তিনি ছবিটি আমাকে দেখিয়ে বললেন, ‘আপনারা নাকি স্বাধীনতার পতাকা উড়িয়েছেন। এই ছবিটি সব জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে, এরা কারা, খুঁজে বের করতে।’ তখন ছবিটি দেখে মনে হলো, আমাদের তো ভীষণ বিপদ। বিশেষ করে শাহীনের। ওর সঙ্গে তখন আমার একটা সম্পর্ক চলছিল। শাহীনকে বললাম, ‘এই অবস্থায় তোমাকে তো রেখে যাওয়া যাবে না।’ তখন ও বলল, ‘ঠিক আছে, আমি আসছি। আমাদের বিয়েটা হয়ে যাক।’ ওই অবস্থায় কোনো আয়োজন ছাড়াই দ্রুত আমরা বিয়ে করে ফেলি। তারপর ওকে নিয়ে আমি কলকাতায় ফিরি। শুরু হয় আমার দ্বিতীয় জীবন।
সত্যিকারের মুক্তিযুদ্ধের আমার যদি কোনো অংশ থাকে, তবে সেটা ‘মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা’। সংস্থার সভানেত্রী ছিলেন সন্জীদা খাতুন। আমি সাধারণ সম্পাদক। আমাদের সংগঠনকে সার্বিক সহযোগিতা করেছে কলকাতার বুদ্ধিজীবী, লেখক, সংস্কৃতিসেবী; তাদের সংগঠন ‘বুদ্ধিজীবী সহায়ক সমিতি’। ১৪৪, লেনিন সরণিতে আমরা নিয়মিত মহড়া করতাম। শেখ লুৎফর রহমানের শেখানো সেই গানগুলো ‘জনতার সংগ্রাম চলবেই’, ‘ফুল খেলবার দিন নয় অদ্য’, ‘আমার প্রতিবাদের ভাষা’। এই গানগুলো যে কখনো এভাবে কাজে লাগবে, ভাবিনি।
‘মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা’কে দুটি ভাগ করা হয়েছিল তখন। একদল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গান করত। আর একদল, মানে আমরা, সারা পশিচমবঙ্গে যতগুলো শরণার্থী শিবির ছিল, সবখানে গিয়ে তাদের মনোবলটাকে ধরে রাখার জন্য এই গানগুলো করতাম, কথা বলতাম, গল্প করতাম। আমাদের দলে ছিল জিয়াউদ্দিন তারেক আলী, লুবনা মারিয়াম, শাহীন সামাদ, নায়লা খান, স্বপন চৌধুরী, ডালিয়া নওশীন, শারমীন মোর্শেদ, বিপুল ভট্টাচার্য, দুলাল শীল, দেবু চৌধুরী। আর পিএ সিস্টেম কন্ট্রোল করত গোপাল।
ওই সময় শাহরিয়ার কবির ১৯৪৭ থেকে ১৯৭১-এর ঐতিহাসিক বিবর্তনের ঘটনা নিয়ে ‘রূপান্তর’ নামের একটা স্ক্রিপ্ট লিখেছিল। ধারা বর্ণনার মতো করে ওই স্ক্রিপ্ট পাঠ করা হতো। আর তার ফাঁকে ফাঁকে আমরা গান গাইতাম। এ গানগুলো যখন আমরা গাইতাম, তখন দেখতাম, সবার চোখ দিয়ে পানি পড়ছে।
আমাদের সঙ্গে থাকা মোশাদ আলীও গান লিখত। ভীষণ সৃজনশীল। মূলত সে লোকগান গাইত। লোকসুরেই সে লিখত। ‘পাক পশুদের মারতে হবে চলো রে নাও বাইয়া’।
আমরা যখন বিভিন্ন ক্যাম্পে গিয়ে গান করতাম তখন একদিন একজন আমেরিকান ভদ্রলোক (লিয়ার লেভিন) আমাকে এসে বললেন, ‘এই যে আপনারা বিভিন্ন জায়গায় গিয়ে গান করেন, এটা কি আমরা ধারণ করতে পারি? একটা ছবি বানাব।’
আমি বললাম, ‘কেন নয়, নিশ্চয়ই।’
তিনি বললেন, ‘এই জন্যে কি আপনাদের কোনো টাকা দিতে হবে।’
বললাম, ‘না না আমরা তো মুক্তিযোদ্ধা। দেশের জন্য করছি। তবে তুমি যদি তোমার কাজের সুবিধার জন্য আমাদের সহযোগিতা করতে চাও, করতে পারো। এক ক্যাম্প থেকে আরেক ক্যাম্পে যাওয়া-আসাতে আমাদের খুব অসুবিধা।’
তিনি বললেন, ‘আমি রিচার্ডকে বলে দিচ্ছি। ও একটা ট্রাক ব্যবস্থা করে দেবে।’
সম্ভবত ট্রাকটা ভাড়া করেছিল তখন। স্বাধীন হওয়ার পর ওই ট্রাকে চড়েই আমরা দেশে ফিরলাম ২৬ ডিসেম্বর।