দ্বিতীয় পর্বে মনোনয়ন পেলেন যাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন ছিল এ বছরের মে থেকে আগস্ট—এই চার মাসে প্রচারিত নাটক, মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র এবং গানের অ্যালবাম থেকে কোন অভিনয়শিল্পী, কণ্ঠশিল্পীর কাজ আপনাদের ভালো লেগেছে? দুর্ভাগ্যজনক হলেও সত্যি, বিপুলসংখ্যক পাঠক ঝুঁকেছেন বিগত বছরগুলো, কিংবা এ বছরের জানুয়ারি-এপ্রিল, নয়তো সেপ্টেম্বরের পর প্রচারিত কাজের দিকে। এ কারণে বিপুলসংখ্যক সমর্থন পাওয়ার পরও বাতিল বাক্সে ফেলে দিতে হয়েছে অনেক তারকা শিল্পীর ভোট। সব যাচাই-বাছাই করে ফলাফল যা দাঁড়িয়েছে, তা সন্তোষজনক হলেও অবাক করেছেন পুরুষ কণ্ঠশিল্পীরা। মে থেকে আগস্ট—এই চার মাসে কোনো পুরুষ কণ্ঠশিল্পীর কাজই শ্রোতাদের মন ছুঁয়ে যেতে পারেনি। এ রকম ঘটনা এবারই প্রথম। নারী কণ্ঠশিল্পী বিভাগেও দর্শকেরা দ্বিধান্বিত। তবে সামগ্রিক বিবেচনায় আগস্টের শেষ সপ্তাহে অ্যালবাম বের হওয়ার কারণে পড়শী (অ্যালবাম: পড়শী) ও এলিটা (মিশ্র অ্যালবাম: অকারণে) সেরাদের তালিকায় জায়গা করে নিলেন। উল্লেখ্য মেরিল-প্রথম আলো পুরস্কারের প্রাথমিক ফলাফলে এটাই তাঁদের প্রথম অংশগ্রহণ। জনপ্রিয়তার মাপকাঠিতে দীর্ঘদিন পর সেরা পুরুষ টিভি অভিনয়শিল্পী বিভাগে ফিরে এলেন মাহফুজ আহমেদ (চৈতা পাগল)। একই ধারাবাহিকের জন্য জয়া আহসান সেরা নারী অভিনয়শিল্পী বিভাগে দর্শক ভোটে এগিয়ে আছেন। জয়ার সঙ্গে আছেন তিশা (পাটিগণিত) ও বিন্দু (লীলাবতী)। বিন্দুও এই প্রথমবারের মতো সেরা নারী টিভি অভিনয়শিল্পী বিভাগে আসন পেলেন। লীলাবতী ধারাবাহিকের জন্য শহীদুজ্জামান সেলিমও দীর্ঘ কয়েক বছর পর পাঠক ভোটে এগিয়ে রইলেন। একই পর্বে আরও আছেন চঞ্চল চৌধুরী (জামাই মেলা)।চলচ্চিত্র বিভাগে দীর্ঘদিন পর চলচ্চিত্রে ফিরে এসে হুমায়ুন ফরীদি (চেহারা) দর্শক সমর্থন আদায় করে নিয়েছেন। এমনকি আমিন খানও (আমার স্বপ্ন আমার সংসার) দীর্ঘদিন পর সেরা ৩-এ জায়গা করে নিলেন। কিং খান শাকিব খান (ভালোবাসলেই ঘর বাঁধা যায় না) বরাবরের মতো এবারও শ্রেষ্ঠত্বের দৌড়ে শামিল হয়েছেন। একই ছবির জন্য অপু বিশ্বাস সেরা নারী চলচ্চিত্র অভিনয়শিল্পী বিভাগে ভোট পেয়েছেন (ভালোবাসলেই ঘর বাঁধা যায় না)। পূর্ণিমা মনোনয়ন পেয়েছেন (আমার স্বপ্ন আমার সংসার) জন্য। প্রথমবারের মতো একই বিভাগে মনোনয়ন পেয়েছেন রেসি (রিক্সাওয়ালার ছেলে)। কাহিনি অবশ্য এখানেই শেষ নয়। শেষ খেলাটুকু (সেপ্টেম্বর-ডিসেম্বর) এখনো বাকি! তারপর না হয় দেখা যাবে, শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকায় কে কে টিকে থাকেন!