দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে দেবাশিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসলেন উপস্থাপক দেবাশিস বিশ্বাস। কনে অরুণা সরকার। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর পড়ছেন। গতকাল ১ অক্টোবর সোমবার রাতে রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে দেবাশিস ও অরুণার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ৪ অক্টোবর দেবাশিস ও অরুণার বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছে।বিয়ে প্রসঙ্গে দেবাশিস বলেন, ‘পারিবারিকভাবেই বিয়ের আয়োজন করা হয়েছে। মাস পাঁচেক আগে আংটিবদলের কাজটি সম্পন্ন হয়েছে। মায়ের পছন্দে বিয়ে করতে পেরেছি, ভেবে খুব ভালো লাগছে।’আগের বিয়ের প্রসঙ্গটি দেবাশিস বিশ্বাস এড়িয়ে যাওয়ার অনুরোধ করে বলেন, ‘আমি এখন আর ওসব নিয়ে ভাবতে চাই না। মায়ের পছন্দে অরুণাকে নিয়ে আমি নতুন করে নিজের জীবনটাকে সাজাতে চাই।’গতকাল সোমবারের বিয়ের আনুষ্ঠানিকতার আগের দিন দেবাশিস বিশ্বাসের পরিবাগের বাসায় গায়েহলুদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে টিভি-চলচ্চিত্র-সংগীত জগতের অনেকেই উপস্থিত ছিলেন। এঁদের মধ্যে উল্লেখ্যযোগ্য হলেন: পূর্ণিমা, শ্রাবন্তী, নিরব, মাহী বি চৌধুরী, হিল্লোল, ইমন সাহা, কিশোর, পুলক ও কথাবন্ধু নীরবসহ আরও অনেকে।উল্লেখ্য, দেবাশিস বিশ্বাস এর আগে ২০০৯ সালের ২০ জুন মঞ্চ-টেলিভিশনের অভিনেত্রী ও উপস্থাপিকা তানিয়া হোসাইনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। পরের বছর ২০১০ সালের ১ মে রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে দেবাশিস ও তানিয়া তাঁদের ঘনিষ্ঠ কয়েকজন মিডিয়া সহকর্মী ও বন্ধুবান্ধবের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা উদযাপন করেন।প্রসঙ্গত, একুশে টেলিভিশনে ‘পথের প্যাঁচালি’ অনুষ্ঠানের মাধ্যমে উপস্থাপক হিসেবে আলোচনায় আসেন দেবাশিস বিশ্বাস। বাংলা চলচ্চিত্রে গুণী নির্মাতা দিলীপ বিশ্বাসের সন্তান দেবাশিস উপস্থাপনা করে আলোচনায় এলেও ছবি নির্মাণের ক্ষেত্রে মেধার স্বাক্ষর রেখেছেন।