দ্বিধায় দুজন
হাবিব ও ন্যান্সি— একসঙ্গে হলেই জন্ম নেয় জনপ্রিয় সব গান। ‘হূদয়ের কথা’ থেকে শুরু করে হালের ‘দ্বিধা’—ব্যতিক্রম হয়নি খুব একটা। ‘দ্বিধা’ গানটির জন্য সম্প্রতি তাঁরা দুজনই পেয়েছেন মেরিল-প্রথম আলো পুরস্কার ২০০৯-এর সেরা কণ্ঠশিল্পীর পুরস্কার। প্রথমবারের মতো একসঙ্গে কোনো পত্রিকার মুখোমুখি হলেন হাবিব-ন্যান্সি। সাক্ষাৎকার দিতে গিয়ে কথা বলেছেন গানের পেছনের গল্প নিয়ে, নিজেদের নিয়ে। ‘আমার জীবনের সবচেয়ে কম সময়ে তৈরি করা গান “দ্বিধা”।’ বলছিলেন হাবিব। সেটা কী রকম? ‘মারজুক রাসেলের লেখাটা আমাকে দিয়ে ফারুকী ভাই সিকোয়েন্সটা বুঝিয়ে দিলেন। কথাগুলো পড়েই আমার ভেতরের অনুভূতিটা নড়ে উঠল। দু-তিন ঘণ্টা পর আবিষ্কার করলাম ডামি ভয়েসসহ পুরো গান তৈরি। এত কম সময়ে এর আগে কোনো গান আমি তৈরি করতে পারিনি।’ যেখানে কখনো কখনো একটা গান তৈরি করতে হাবিবের দু-তিন দিন সময়ও লেগে যায়, সেখানে এ ঘটনা বেশ ব্যতিক্রম। মাইলফলকগুলো বুঝি এভাবেই হয়! হাবিব বললেন, ‘এ রকম গান সব সময় হয় না। সৃষ্টিকর্তার ইশারা লাগে। আমি, মনে হয়, গানটি তৈরি করার সময় তা পেয়েছিলাম।’ ন্যান্সির কেমন লেগেছিল গানটি গেয়ে? ‘দ্বিধা গানটার ভেতরে অন্য রকম একটা ব্যাপার আছে। যেমন গভীর কথা, তেমনি তার সুর। একদম ভেতরটা ছুঁয়ে যাওয়া একটা গান। গাইতে গাইতে আমি তো কেঁদেই দিয়েছিলাম। মন খারাপ হলেই গানটা শুনি। কিছু কিছু গান আছে, কখনোই পুরোনো হয় না। এটা তেমনই একটা গান।’ দুজনের পরিচয় ফেরদৌস ওয়াহিদের সূত্রে। হাবিব বললেন, ‘ভালোবাসব বাসব রে বন্ধু’ গানটির কোরাসের জন্য আমার কয়েকটা ভয়েস দরকার ছিল। বাবা আমাকে ন্যান্সির সঙ্গে পরিচয় করিয়ে দেন। তখনই ওর গলা আমি প্রথম শুনি।’ গায়িকা হিসেবে ন্যান্সিকে কীভাবে মূল্যায়ন করবেন? জানতে চাই হাবিবের কাছে। ‘ন্যান্সির সবচেয়ে বড় সম্পদ ওর স্বর। সৃষ্টিকর্তা ওর এই জিনিসটা নিজ হাতে গড়ে দিয়েছেন। তবে ওকে পরিপূর্ণ শিল্পী তখনই বলা যাবে, যখন সব ধরনের গান গাইতে পারবে। স্যাড রোমান্টিক ঘরানার গানে ন্যান্সি নিজেকে এর মধ্যেই প্রমাণ করেছে। আমার খুব জানার ইচ্ছে, অন্য ধরনের গান ও কেমন গায়। সব ধরনের গানে ও নিজেকে মানিয়ে নিতে পারে কি না।’ সামনে কি এ ধরনের কোনো গান ন্যান্সিকে দিয়ে করানোর ইচ্ছে আছে? ‘এখন তো অনেক চলচ্চিত্রের গান করছি। সামনে হলেও হতে পারে।’ জানালেন হাবিব। ন্যান্সির প্রায় সব জনপ্রিয় গানই হাবিবের হাত ধরে। তাহলে কি হাবিব ছাড়া ন্যান্সি অনুজ্জ্বল? হাবিব বলে উঠলেন, ‘না না, তা হবে কেন! আমার বিশ্বাস, ওকে ঠিকমতো ব্যবহার করতে পারলে ওর কাছ থেকে সামনে অনেক গান বের হয়ে আসবে।’ ন্যান্সি বললেন, ‘হাবিব ভাইয়ের সঙ্গে গান গাইতে গেলে মন খুলে, নিজেকে উজাড় করে গাইতে পারি। অন্যদের সঙ্গে অতটা পারি না। এটা কেন হয় জানি না। হাবিব ভাই নিঃসন্দেহে অনেক গুণী একজন সংগীত পরিচালক। তবে তাঁকে ছাড়া গান হিট হবে না তা মনে করি না। সম্প্রতি অন্য সংগীত পরিচালকদের সঙ্গে কয়েকটা গান করেছি। ‘দ্বিধা’র মতো হয়তো হবে না; তবে গান শুনে মনে হয়েছে, শ্রোতাদের ভালো লাগবে।’ ‘দ্বিধা’ গানটি দিয়েই দুজন এ বছর ঘরে তুলেছেন মেরিল-প্রথম আলো পুরস্কার ২০০৯। হাবিব তৃতীয়বারের মতো পুরস্কার পেলেও ন্যান্সির এটাই প্রথম। ‘প্রথমবারের মতো মনোনয়ন পেয়েই অনেক ভালো লাগছিল। তবে ৯ এপ্রিল যতই কাছে আসছিল, ততই দুশ্চিন্তা বাড়ছিল। মনে হচ্ছিল, ইস্, যদি পুরস্কারটাও পেতাম! পুরস্কারের আগের রাতে ঠিকমতো ঘুমও হয়নি। পুরস্কার পেয়ে মনে হচ্ছিল, শূন্যে ভাসছি। ওই সময় কীভাবে মঞ্চে গিয়েছি, কী বলেছি, কিছুই মনে নেই।’ হাবিব কী ভাবছিলেন পুরস্কার নিয়ে? ‘এ গানটির জনপ্রিয়তা দেখে মনে হচ্ছিল, পুরস্কার পেলেও পেতে পারি। এই নিয়ে তিনবার পুরস্কার পেলাম। দায়িত্বটা এখন অনেক বেড়ে গেছে। বেড়েছে ভালো লাগাও।’ বলছিলেন হাবিব। হাবিবের দিকে তাকিয়ে ন্যান্সি বলে উঠলেন, ‘আজকে আমি যা, তার সবকিছুর পেছনে যিনি সেই মানুষটার পাশে বসে প্রথমবার একসঙ্গে সাক্ষাৎকার দিচ্ছি। ভাবতে পারেন, এই প্রথম আমরা একসঙ্গে কোনো ছবি তুললাম। ছবিগুলো কিন্তু অবশ্যই আমাকে দেবেন।’ পাশ থেকে আলোকচিত্রী খালেদ সরকার জানালেন, ছবি তিনি অবশ্যই দেবেন। ন্যান্সি বলে চললেন, ‘হাবিব ভাইয়ের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। ওনার সঙ্গে সুযোগ না পেলে আমি হয়তো কখনোই ন্যান্সি হতে পারতাম না।’ সরাসরি প্রশংসায় হাবিব একটু বিব্রত। বলে উঠলেন, ‘কী যে বলো, ন্যান্সি! আমি হয়তো গান তৈরি করেছি, কিন্তু তুমি গাইতে না পারলে তো আর সবাই পছন্দ করত না।’ চলচ্চিত্রে তো অনেক দিন ধরেই একসঙ্গে গান করছেন। সামনে আর কোনো পরিকল্পনা নেই? হাবিব বললেন, ‘সব সময় নতুন কোনো না কোনো কিছু পরিকল্পনা করি। এমনও হতে পারে, দুজন মিলে একটা দ্বৈত অ্যালবাম করে ফেললাম।’ ন্যান্সির কণ্ঠে উচ্ছাস, ‘সত্যি, হাবিব ভাই! করবেন অ্যালবামটা! আমি তো কত দিন ধরে এটার কথা আপনাকে বলব ভাবছি। আপনি সময় পাবেন না ভেবে কখনোই বলিনি।’ হাবিব হেসে সম্মতি জানালেন; বললেন, ‘আমিও অনেক দিন ধরেই এ রকম একটা অ্যালবামের কথা ভাবছি। তবে ন্যান্সি সব সময় যে রকম গম্ভীর হয়ে থাকে, সেটা একটু বদলাতে হবে। নিজে আনন্দ, মজার ভেতরে থাকলে গানের ভেতরেও সেটা চলে আসে। ওর ভেতরে ওই মজাটা দরকার।’ ন্যান্সি বললেন, ‘হাবিব ভাই যখন কাজ করেন, তখন পুরোপুরি ডুবে থাকেন। আবার যখন মজা করেন, তাঁর মতো মজার মানুষ পাওয়া কঠিন। এমন একটা মানুষের আশপাশে থাকলেই তো মন ভালো হয়ে যায়।’