দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত কয়েক দশকে শিল্পকলার নির্মাণকৌশলে ঘটে গেছে বৈপ্লবিক পরিবর্তন। ত্রিমাত্রিক উপস্থাপনের নানা বৈচিত্র্যময় আয়োজন বিশ্ব শিল্পের অবয়বকে পাল্টে দিয়েছে। পৃথিবীর অন্যান্য অঞ্চলের মতো এশিয়াতেও এর ঢেউ এসে লেগেছে। সমসাময়িকদের মধ্যে অনেকে এতে প্রভাবিত হয়েছেন। গতকাল জাতীয় চিত্রশালায় ১৫তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনীতে এর নমুনা দেখা গেল। এই প্রদর্শনীর বিশেষ দিক হলো, গতানুগতিক ধারার বাইরে গিয়ে দেশ-বিদেশের শিল্পীরা মনোযোগ দিয়েছেন নিরীক্ষার দিকে। কেউ রং নিয়ে, কেউ আবার বিষয় নিয়ে নিরীক্ষা করছেন। মাটি, লোহা, কাচ, সিরামিক, ব্রোঞ্জসহ বিচিত্র অনুষঙ্গ দিয়ে তৈরি করেছেন শিল্পকর্ম। গতকাল শনিবার দুপুরে সেখানে শুরু হয়েছে এশিয়ার শিল্পকর্মের অন্যতম বৃহত্তর এ প্রদর্শনীটি। গতকাল সকালে একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে জাঁকজমকপূর্ণ এশীয় চারুকলা প্রদর্শনীর উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ ও সম্মানিত অতিথি ছিলেন ইয়েমেনের সংস্কৃতিমন্ত্রী আবদাল্লাহ আওয়াবিল মানদুক। সংস্কৃতিসচিব সুরাইয়া বেগমের সভাপতিত্বে এতে শুভেচ্ছা বক্তব্য দেন একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী। এবারের প্রদর্শনীর স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘এশীয় দ্বিবার্ষিক চারুকলার বর্ণিল তিরিশ বছর’।উদ্বোধনী অনুষ্ঠানে বিচারকমণ্ডলীর পক্ষে সভাপতি শিল্পী কাইয়ুম চৌধুরী দ্বিবার্ষিক চিত্র প্রদর্শনীর বিজয়ীদের নাম ঘোষণা করেন। বিচারকমণ্ডলীর অন্য সদস্যদের মধ্যে রয়েছেন: জার্মানির ডরোথি ব্রিল, দক্ষিণ কোরিয়ার জিনসাং ইউ, ইরানের আবদুল মজিদ হুসাইনি রাদ ও বাংলাদেশের মইনুদ্দীন খালেদ।এবারের আয়োজনে জুরিবোর্ড কর্তৃক নির্বাচিত গ্রান্ড প্রাইজ পেয়েছেন ফিলিস্তিনের শিল্পী বাসার আল রৌব, জাপানের শিল্পী মেইরো কোইজুমি এবং বাংলাদেশের শিল্পী কাজী সালাহ উদ্দীন। বিশেষ পুরস্কার পেয়েছেন বাংলাদেশের শিল্পী জিহান করিম, সিরিয়ার শিল্পী নিসরিন বুখারি, নেপালের শিল্পী রাজান কাফলি, অস্ট্রেলিয়ার শিল্পী টড ফুলার, বাংলাদেশের শিল্পী ইয়াসমিন জাহান নূপুর এবং ইরানের শিল্পী সাদেগ টিরাফখান।প্রদর্শনীতে আমন্ত্রিত ৩৩টি দেশের ১১৮ জন শিল্পীর বিভিন্ন মাধ্যমের ৩৩৭টি শিল্পকর্ম এবং স্বাগতিক বাংলাদেশের নির্বাচিত ১০০ জন শিল্পীর ১৩৮টি শিল্পকর্ম রয়েছে। একাডেমীর জাতীয় চিত্রশালার সবগুলো প্রদর্শনকক্ষে সাজানো হয়েছে শিল্পকর্মগুলো। বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়োজিত চারুকলাবিষয়ক সর্ববৃহৎ প্রদর্শনী হলো ‘দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশ’। প্রদর্শনীটি ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা এবং শুক্রবার বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।চন্দ্রাবতী একাডেমির ‘মুক্তির সংগ্রাম’চন্দ্রাবতী একাডেমির আয়োজনে গতকাল শুরু হয়েছে ‘মুক্তির সংগ্রাম’ শিরোনামে বিশেষ কর্মসূচি। এই কর্মসূচির আওতায় গতকাল শনিবার জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে শুরু হয়েছে সাত দিনব্যাপী চিত্রপ্রদর্শনী। প্রদর্শনীটি সাজানো হয়েছে ২৪টি শিল্পকর্ম দিয়ে। প্রদর্শনীতে স্থান পাওয়া শিল্পীদের মধ্যে রয়েছেন কাইয়ুম চৌধুরী, হাশেম খান, মুস্তাফা মনোয়ার, শাহাবুদ্দিন, রফিকুন নবী, মনিরুল ইসলাম, বীরেন সোমসহ ২৪ জন শিল্পী। চিত্রকর্মে তুলে ধরা হয়েছে ফকিরসন্ন্যাসী বিদ্রোহ, কৃষক বিদ্রোহ, ব্রিটিশবিরোধী গেরিলা যুদ্ধ, ফরায়েজী আন্দোলনসহ নানা বিদ্রোহ, আন্দোলন, অভ্যুত্থান ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ। প্রদর্শনী ৮ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে নয়টা থেকে বিকেল সাড়ে চারটা এবং শুক্রবার বেলা আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত চলবে।এই প্রদর্শনীর অংশ হিসেবে অধ্যাপক আনিসুজ্জামান সম্পাদিত মুক্তির সংগ্রাম শিরোনামে বইয়ের মোড়ক করা হয়। মোড়ক উন্মোচন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি ছিলেন এবি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এম ওয়াহিদুল হক। সভাপতিত্ব করেন অধ্যাপক আনিসুজ্জামান। স্বাগত বক্তব্য দেন একাডেমির নির্বাহী পরিচালক কামরুজ্জামান কাজল। বইয়ের ২৪টি নিবন্ধে ঐতিহ্য বিদ্রোহ, আন্দোলন, অভ্যুত্থান ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের চুম্বক অংশ বিবৃত হয়েছে। লেখার পাশাপাশি চিত্রকর্মের মধ্য দিয়ে ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়েছে। নিবন্ধগুলো লিখেছেন বাংলাদেশ ও ভারতের ২০ জন লেখক।আজ এ কর্মসূচির দ্বিতীয় দিন। বিকেল চারটায় ‘মুক্তির সংগ্রামে নারী’ আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অ্যাডভোকেট সুলতানা কামাল। সভাপতিত্ব করবেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম।