দ্বৈত অ্যালবাম নিয়ে রুমি-ন্যান্সি
এত দিন পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে গান করতে দেখা গেছে তাঁদের দুজনকে। এবার দ্বৈত অ্যালবাম নিয়ে আসছেন বর্তমান সময়ের দুই তরুণ সংগীতশিল্পী আরফিন রুমি ও ন্যান্সি। এখনো পর্যন্ত নাম ঠিক না হওয়া এই অ্যালবামটির এরই মধ্যে দুটি গান তৈরি হয়ে গেছে। গান দুটি হলো ‘ভালোবাসি তোমায়’ ও ‘শোনো’। প্রথম গানটি লিখেছেন মাশফিক এবং অন্য গানগুলোর গীতিকার হচ্ছেন সোহেল আরমান। গান গাওয়ার পাশাপাশি অ্যালবামটির সুর ও সংগীত পরিচালনার কাজটিও করছেন আরফিন রুমি।দ্বৈত অ্যালবাম প্রসঙ্গে রুমি বলেন, ‘বেশ কিছু দিন ধরে আমরা বিভিন্ন অনুষ্ঠানে কিছু দ্বৈত গান গেয়েছি। সেগুলো দর্শক-শ্রোতারা বেশ ভালোভাবেই গ্রহণ করেছে। তারা আমাদের একসঙ্গে অ্যালবাম করার জন্যও অনুরোধ করে। বলতে পারেন ভক্ত-শ্রোতাদের অনুরোধের কারণেই দ্বৈত অ্যালবামের দিকে মনোযোগ দেওয়া হয়েছে। কারণ ভক্ত-শ্রোতাদের জন্যই আমি আজকের রুমি।’ তিনি আরও বলেন, ‘অ্যালবামের দুটি গান তৈরি করা আছে। “ভালোবাসি তোমায়” গানটি আমরা করেছিলাম একটি সিনেমার জন্য। কিন্তু পরে ছবিটির কাজ না এগোনোর কারণে আমরা গানটি আমাদের প্রথম দ্বৈত অ্যালবামে রাখার সিদ্ধান্ত নিয়েছি। অসম্ভব রোমান্টিক এ গানটি দর্শকদের হূদয় ছুঁয়ে যাবে।’অ্যালবামটি প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘রুমি এ প্রজন্মের জনপ্রিয় একজন সুরকার। পাশাপাশি তাঁর গায়কিটা বেশ ভালো। আমরা একসঙ্গে অনেকগুলো অনুষ্ঠানে গান করেছি। আশা করছি দর্শকেরা আমাদের দ্বৈত এ অ্যালবামটিকে ভালোভাবেই গ্রহণ করবে।’