দ্বৈত অ্যালবামে সুবীর নন্দী ও ফাহমিদা
প্রায় ২৮ বছর আগে সুবীর নন্দীর সঙ্গে প্রথম গান করেন শিল্পী ফাহমিদা নবী। তা-ও আবার চলচ্চিত্রে। নাম ফেরারি বসন্ত। গানের শিরোনাম ‘আমি কাঁটার ভুবনে আলোর পিয়াসী’। চলচ্চিত্রের গানটি বাপ-বেটির একটি দৃশ্যে ব্যবহূত হয়। তারপর বিচ্ছিন্নভাবে আরও কয়েকটি গানে কণ্ঠ দেন এ দুই শিল্পী। তবে কখনোই একসঙ্গে দ্বৈত অ্যালবামে গান করেননি তাঁরা। এবারই প্রথম একটি দ্বৈত অ্যালবাম করতে যাচ্ছেন তাঁরা। নাম ঠিক না হওয়া এ অ্যালবামে দুজনের চারটি করে মোট আটটি গান থাকবে। সব গানের কথা লিখছেন সিদ্দিক আবু বকর।অ্যালবামটি প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘সুবীর চাচার সঙ্গে সেই ছোটবেলায় প্রথম গানে কণ্ঠ দিয়েছিলাম। সেই অনুভূতির কথা এখনো বেশ মনে পড়ছে আমার। এবার তাঁর সঙ্গে দ্বৈত অ্যালবাম করছি। বিষয়টি আমি বেশ উপভোগ করছি।’সুবীর নন্দীর গানগুলোর সুর করছেন মকসুদ জামিল মিন্টু। ফাহমিদা নবীর গানগুলো করছেন পার্থ মজুমদার। আসছে রোজার ঈদে অ্যালবামটি বাজারে আসার সম্ভাবনা রয়েছে বলে জানান শিল্পী নিজে।ফাহমিদা নবী আরও বলেন, ‘আমি যেমন ওই প্রজন্মের সুবীর নন্দীর সঙ্গে কাজ করছি, ঠিক তেমনি কাজ করছি এ প্রজন্মের কণ্ঠশিল্পীর সঙ্গেও। এ প্রজন্মের শিল্পী হচ্ছে লিমন ও আলামীন।’দুই প্রজন্মের শিল্পীর সঙ্গে কাজ করে নতুন অনেক কিছু শিখছেনও বলে জানান তিনি।এ ছাড়া ফাহমিদা নবী নিয়মিত তাঁর নিজের গান শেখার স্কুল ‘কারিগরি’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।