দ্বৈত গানে আলমগীর ও রুনা
এবারই প্রথম একসঙ্গে টিভিতে ও মঞ্চে গান গাইতে যাচ্ছেন শিল্পী রুনা লায়লা ও অভিনেতা আলমগীর। এনটিভির নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৫ জুলাই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এনটিভিতে সরাসরি দেখানো হবে অনুষ্ঠানটি। এখানে গান করবেন এই তারকা দম্পতি। গানটির শিরোনাম ‘এই পৃথিবীটা স্বপ্ন বোনার, নতুন দিনের প্রহর গোনার, জীবনের গান শোনার,/ এই পৃথিবীটা ভালোলাগা এক কবিতা তোমার আমার’। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সুরকার মকসুদ জামিল মিন্টু। অভিনেতা আলমগীর চলচ্চিত্রের শুটিংয়ের কাজে ঢাকার বাইরে থাকায় এখনো তাঁদের কণ্ঠ ধারণ করা হয়নি। মকসুদ জামিল মিন্টু জানালেন, দু-এক দিনের মধ্যেই এই শিল্পী দম্পতি গানটিতে কণ্ঠ দেবেন। রুনা লায়লা বললেন, ‘এর আগে তিনটি ছবিতে আলমগীর সাহেবের সঙ্গে আমি প্লেব্যাক করেছি। তবে এবারই প্রথম আমরা টিভি ও মঞ্চে একসঙ্গে নতুন কোনো গান গাইতে যাচ্ছি।’ কোন কোন ছবিতে একসঙ্গে গান গেয়েছেন, জানতে চাইলে রুনা লায়লা স্মৃতি হাতড়ে জানান আলমগীর কুমকুম পরিচালিত আগুনের আলো ছবির ‘শান্তি তো নাই যন্ত্রণা তাই’ গানটির কথা। এ ছাড়া তিনি আলমগীরের নিজের প্রযোজিত নির্মম এবং অন্য আরেকটি ছবিতে গান করার কথা উল্লেখ করেন।