
দুর্যোগের সময়ই বোঝা যায়, প্রকৃতি ও ভাগ্যের কাছে মানুষ কতটা অসহায়! ক্ষেত্রবিশেষে কর্তৃপক্ষের অসতর্কতা কিংবা যথেষ্ট সততার অভাবও এর জন্য দায়ী। তখন আমরা একে বলি ‘মানবসৃষ্ট দুর্যোগ’।
জন গিলারমিন ও আইরুইন অ্যালেন পরিচালিত ছবি দ্য টাওয়ারিং ইনফার্নো (১৯৭৪) দুর্যোগ নিয়ে নির্মিত এযাবৎকালের সেরা ছবির একটি হিসেবে বিবেচিত। ছবিটি মোট পাঁচটি বিভাগে অস্কার মনোনয়ন পায় এবং জিতে নেয় তিনটিতে। এ ছাড়া আরও নয়টি পুরস্কার এবং ১৩টি মনোনয়ন পায় রিচার্ড মার্টিন স্টার্নের দ্য টাওয়ার এবং থমাস এন স্করশিয়া ও ফ্রাংক এম রবিনসনের দ্য গ্লাস ইনফার্নো উপন্যাস অবলম্বনে তৈরি এই ছবিটি। তিনটি মূল চরিত্রে অভিনয় করেছেন স্টিভ ম্যাককুইন, পল নিউম্যান ও উইলিয়াম হোল্ডেন। সামান্য অসৎ উদ্দেশ্য যে কত বড় দুর্যোগ বয়ে আনতে পারে আর চরম দুর্যোগের মাঝেও কীভাবে ধৈর্য ধারণ করে জীবন বাঁচানো যায়, ছবিটি আমাদের সেই সত্যের মুখোমুখি করে।
বিশ্বসেরা স্থপতি ডগ রবার্টস দীর্ঘ ছুটি কাটিয়ে যখন তাঁর সদ্য তৈরি পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন ‘দ্য গ্লাস টাওয়ার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আসেন, তখন তিনি কিংবা নির্মাতা জেমস ডানকান কেউ স্বপ্নেও ভাবেননি, এই রাতেই তাঁদের এই বিশাল গর্বে কী ভয়াবহ দুর্যোগ নেমে আসছে। ডগের অনুপস্থিতিতে ভবনের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ডানকানের মেয়ের জামাই (জামাতা) রজার সায়মন্স অসৎ পথে বড়লোক হওয়ার স্বপ্নে সস্তা তার ব্যবহার করেন। যার ফলে নেমে আসে দুর্যোগ।

পার্টির ঠিক পূর্বমুহূর্তেই ভবনের ৮১তম ফ্লোরে আগুন লাগে। তখনো ভবনের অগ্নিনির্বাপণব্যবস্থা পুরোপুরি আশানুরূপ করা হয়নি। কাজেই, সেই আগুন ছড়িয়ে পড়ে সর্বত্র। নির্মাতা ডানকান আগুনের ভয়াবহতা না বুঝে পার্টি বন্ধ করতে অস্বীকৃতি জানান। মেয়র, সিনেটরসহ শহরের সেরা ব্যক্তিদের উপস্থিতিতে যখন ভবনের ১৩৫তম ফ্লোরে জমকালো পার্টি হচ্ছিল, ওদিকে তখন আগুন অসম্ভব দ্রুতগতিতে ছড়িয়ে পড়তে থাকে। বাধ্য হয়ে পার্টির স্থান পরিবর্তন করে নিচে আনার চেষ্টা করা হয়। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। সবার মাঝে আগুনের আতঙ্ক। প্রথমে লিফটে লোক নামানোর চেষ্টা ব্যর্থ হয়। সিঁড়ি দিয়েও নামা সম্ভব হয় না। এ অবস্থায় প্রচণ্ড বাতাসের মাঝে ছাদে অবতরণ করতে গিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। আরেকটি দিয়ে দড়ির সাহায্যে পাশের ভবনে কিছু মানুষ নেওয়া সম্ভব হয়। অধিকাংশ শিশু ও নারীকে নিরাপদ করার পর পুরুষদের নামানোর ব্যবস্থা করা হয়। শুরু থেকেই ফায়ার সার্ভিসের ভূমিকা ছিল প্রশংসনীয়। চিফ ও’অ্যালরহ্যানের দক্ষ নেতৃত্বে অনেককেই উদ্ধার করা সম্ভব হয়। একপর্যায়ে ডানকানের মদ্যপ জামাতা সাইমন্সসহ বেশ কজন আতঙ্কিত হয়ে একসঙ্গে দড়ি ধরে পার হতে গিয়ে নিচে পড়ে মারা যায়। পুরো ভবনটি বিধ্বস্ত হতে যখন মাত্র ১৫ মিনিটের মতো বাকি, তখন সিদ্ধান্ত হয় ১৩৭ তলায় অবস্থিত বিশাল বিশাল পানির ট্যাংকগুলো বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেওয়া হবে। চিফ ও ডগ দুজনে মিলে এই কাজটি করেন দক্ষভাবে। বিস্ফোরণের পর পানির তোড়ে আগুন নিভে যেতে থাকে। ভেসে যায় কিছু জীবিত মানুষও। সর্বোপরি ভবনটি বিধ্বস্ত হওয়া থেকে বাঁচে, বাঁচে বহু মানুষ। এতটা দক্ষতার সঙ্গে দুর্যোগ মোকাবিলার পরও মারা যায় প্রায় ২০০ জন । চিফ ও’অ্যালরহ্যান স্থপতি ডগকে কীভাবে ভবন বানাতে হয় শেখাতে চেয়ে লজ্জা দেন, আর ডগ অপমান করেন নির্মাতা ডানকানকে। ওদিকে যাঁর অসততায় এই দুর্যোগ, সেই সায়মন্স নিজের পাপের ফল ভোগ করেছেন। সঙ্গে নিয়ে গেছেন বহু নিরীহ তাজা প্রাণ।
অগ্নিনির্বাপণে জীবন বাজি রেখে জীবন বাঁচানোর নেপথ্য সৈনিক অগ্নিনির্বাপণকর্মীদের এই ছবিটি উৎসর্গ করা হয়েছে। ছবিটি যুগ যুগ ধরে মানুষকে দুর্যোগের ভয়াবহতা দেখিয়ে আসছে।