দ্য ব্ল্যাক কিজ
বিলবোর্ড ম্যাগাজিনের শীর্ষ রক গানের তালিকায় টানা ১২ সপ্তাহ ধরে যে ব্যান্ডটির গান প্রথম স্থানে রয়েছে, তার নাম ‘দ্য ব্ল্যাক কিজ’। তাদের সপ্তম অ্যালবাম এল ক্যামিনো-এর প্রথম গান ‘লোনলি বয়’। এ গানটি তাদের পরিচিতি আরও বাড়িয়ে দিয়েছে। আজ আমরা দ্য ব্ল্যাক কিজ ব্যান্ড সম্পর্কে কিছু তথ্য তুলে ধরব। দ্য ব্ল্যাক কিজ ব্যান্ড ২০০১ সালে যাত্রা শুরু করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্র ওহাইওর অ্যাক্রন শহরে মাত্র দুজন সদস্য গিটারিস্ট ও কণ্ঠশিল্পী ড্যান আওরবাক এবং ড্রামার প্যাট্রিক কার্নি ব্যান্ডটি গড়ে তোলেন। তাঁরা তখন মূলত গ্যারেজ রক ধারার গান করতেন। ২০০১ সালে যাত্রা শুরু করার পর ২০১১ সালের অক্টোবর মাস পর্যন্ত দ্য ব্ল্যাক কিজ ব্যান্ডটির ২০ লাখের বেশি অ্যালবাম বিক্রি হয়েছে। এখন পর্যন্ত তাদের সাতটি অ্যালবাম বের হয়েছে।দ্য বিগ কাম আপ (২০০২), থিক ফ্রিকনেস (২০০৩), রাবার ফ্যাক্টরি (২০০৪), ম্যাজিক পোশন (২০০৬), অ্যাটাক অ্যান্ড রিলিজ (২০০৮), ব্রাদার্স (২০১০) ও এল ক্যামিনো (২০১১)।দ্য ব্ল্যাক কিজ ব্যান্ড ২০১১ সালে তিনটি গ্র্যামি অ্যাওয়ার্ড লাভ করেছে। তাদের সর্বশেষ অ্যালবাম এল ক্যামিনো ২০১১ সালের ৬ ডিসেম্বর বের হয়। অ্যালবামটি বিলবোর্ড ২০০-এর মধ্যে দ্বিতীয় স্থান দখল করে তার অভিষেক ঘটায়। প্রথম সপ্তাহেই অ্যালবামের দুই লাখ কপির বেশি বিক্রি হয়েছে। পরে দ্য ব্ল্যাক কিজ তাদের উত্তর আমেরিকা সফরের সময়সূচি ঘোষণা করে এবং তাদের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে কনসার্টের সব টিকিট ১৫ মিনিটেই বিক্রি হয়ে যায়। ব্যান্ডটি শুরুর দিকে গ্যারেজ রক ধারার গান করলেও এখন পর্যন্ত তারা ব্লুজ রক, অল্টারনেটিভ রক ও ইনডি রক ধারা ছাড়াও নিজেদের গানে বৈচিত্র্য আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। রক সংগীতপ্রেমী যাঁরা এখনো দ্য ব্ল্যাক কিজ শোনেননি, তাঁরা অবশ্যই শুনবেন। মনোয়ারুল হক