
এ কথা এখন সবাই জানে, ১৯৩২ সালের ২৩ সেপ্টেম্বর (মতান্তরে ২৪ সেপ্টেম্বর) ইউরোপীয় ক্লাব থেকে বিপ্লবীদের সংকেত পাওয়ার পর প্রীতিলতার নেতৃত্বে সাতজন তরুণ ঝাঁপিয়ে পড়েছিলেন ইংরেজদের ওপর। সবাই নিরাপদে ফিরে এলেন, ফিরলেন না দলনেতা প্রীতিলতা। ধরা পড়ার অপমান ঠেকাতে ‘পটাশিয়াম সায়ানাইড’ খেয়ে আত্মদান করলেন। পরদিন ক্লাবের পাশে পড়ে থাকা লাশকে পুলিশ পুরুষ ভেবেছিল। কিন্তু মাথার পাগড়ি খুলে লম্বা চুল দেখে শুধু ব্রিটিশ পুলিশ নয়, গোটা ব্রিটিশ সরকারই নড়েচড়ে উঠেছিল। আলোড়িত হয়েছিল গোটা ভারতবাসী।
বিপ্লবী শহীদ প্রীতিলতার আত্মাহুতির ৮২তম বর্ষপূর্তি পালন করা হলো সোমবার বৃষ্টিভেজা সন্ধ্যায়। সেগুনবাগিচার মুক্তিযুদ্ধ জাদুঘরের মুক্ত মঞ্চে প্রীতিলতাকে নিবেদিত আলোচনায় অংশ নেন বিশিষ্ট ব্যক্তিরা। সঙ্গে ছিল মহীয়সী এই নারীকে শ্রদ্ধা জানিয়ে কবিতা আবৃত্তি, নৃত্য পরিবেশনা ও নাটকের প্রদর্শনী। ‘দ্রোহ উল্লাসে অগ্নিকন্যা প্রীতিলতা’ নামের এ অনুষ্ঠানের আয়োজন করে সূর্য সেন সঙ্ঘ।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘরের খোলা চত্বরে রাখা প্রীতিলতার প্রতিকৃতির সামনে প্রদীপ জ্বাললেন অতিথিরা। তার আগে ছিল আলোচনাপর্ব। শুরুতে ছিল ‘বিপ্লবী প্রীতিলতার আদর্শ: বাংলাদেশের নারীর ক্ষমতায়ন ও নারীর অধিকার’ শিরোনামের আলোচনা। এ বিষয়ে আলোচনা করেন সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, অধ্যাপক মেসবাহ কামাল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, অধ্যাপক মোহাম্মদ নুরুল ইসলাম প্রমুখ।
আয়োজনটিকে ব্যতিক্রমী ও প্রাণছোঁয়া বলে মন্তব্য করেন রণজিৎ কুমার বিশ্বাস। তিনি বলেন, মেধাবী এই ছাত্রীটি একদিন বিপ্লবের মন্ত্রে দীক্ষা নিয়েছিল। সংগ্রামের অংশ বাদ দিয়ে শুধু তাঁর শিক্ষাজীবন নিয়েও অনেক কথা বলা যায়। আর তাই এ দেশে নারীর অগ্রগতি যখন অনিশ্চয়তায় আবর্তিত হয়, তখনই প্রীতিলতাকে অনেক বেশি প্রাসঙ্গিক মনে হয়।
আলোচনা শেষে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। আবৃত্তিশিল্পী রফিকুল ইসলাম পাঠ করেন অমিতাভ দাশগুপ্তের কবিতা ‘মনে রেখো’। হাসান আরিফের কণ্ঠে উচ্চারিত হয় শুভ দাশগুপ্তর কবিতা ‘রাত বেড়েছে’। সমবেত কণ্ঠে ‘ঝড়ের বার্তা শোনো’ শীর্ষক প্রযোজনাটি উপস্থাপন করে স্বরশ্রুতির বাকশিল্পীরা। সংবৃতার শিল্পীরা পরিবেশন করে ‘রক্তবিন্দু ছুঁয়ে সম্মুখের ইতিহাস’ শিরোনামের আবৃত্তি প্রযোজনা। ছিল জাগো ললিতকলা একাডেমী শিল্পীদের নৃত্য।
১৯১১ সালের ৫ মে, মঙ্গলবার প্রীতিলতার জন্ম। মা প্রতিভা দেবী। বাবার নাম জগদ্বন্ধু ওয়াদ্দেদার। ছাত্রী হিসেবে ঝলমলে সব রেকর্ড। ১৯২৭ সালে চট্টগ্রামের খাস্তগীর উচ্চবিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পরীক্ষায় পাস করেন এবং ভর্তি হন ঢাকার ইডেন কলেজে। ১৯২৯ সালে মহিলাদের মধ্যে প্রথম স্থান অধিকার করে আইএ পাস করেন।