মহড়াকক্ষের বাইরে যখন আমরা, তখনই শুনতে পাচ্ছি নজরুলের গান। সিডিতে। ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’, ‘মেঘমেদুর বরষায় কোথা তুমি’, ‘রুমঝুম রুমঝুম’। ঘরে ঢোকার পর নাচ আর নাচ। গানের সুরে-তালে নেচে চলেছেন অভিনেতারা। পরিবর্তন হচ্ছে গানের বিষয়বস্তু, পরিবর্তিত হচ্ছে নাচের ধরন। পূজার সময় যেভাবে ঢোল-করতাল বাজে, একসময় তারই ছন্দে দুলতে থাকে শরীরগুলো। এতক্ষণ ছিল ছেলেদের আধিক্য, এবার ছন্দের তালে তালে মেয়েরা যোগ দিতে থাকে এই দলে। তরবারি হাতে একেবারে পেছন দিকে এক নারীমূর্তি। বেজে ওঠে ‘জাগো নারী জাগো বহ্নিশিখা’ গানটি। শৌর্য-বীর্যের প্রতীক হয়ে আসেন সেই নারী, নাটকের জয়ন্তী, বাস্তবের নুনা আফরোজ নাচের ভঙ্গিমায়ই জানিয়ে দেন, এ নাটকে তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন।মহড়ার এ অংশটুকু শেষ হতেই নির্দেশক রামিজ রাজু বলেন, ‘আপু, অগ্ন্যুৎসবটা হোক। এই তরবারিতে কে কে আছো, সামনে এসো, কিশোর, সৈকত কী করছ? একটু শোনো। বিপ্লব দেখ...।’ তরবারির কথা যখন এল, বোঝা গেল এবার আসছে যুদ্ধের আবহ। নির্দেশকের দুশ্চিন্তার কারণও বোঝা গেল, একজনকে ডেকে বললেন, ‘তুমি তেরেকেটে তেরেকেটে তা করো, আর মাথা ঝাঁকাও কেন?’ এবার সত্যি সত্যিই শুরু হয়ে যায় যুদ্ধ। ছন্দের তালে তালে নানা ভঙ্গিমায় চলতে থাকে যুদ্ধের নানা কসরত। দেখতে খারাপ লাগে না।যুদ্ধের ভয়াবহতার মধ্যেই আমরা নির্দেশক রামিজ রাজার সঙ্গে একটু কথা বলে নিই। কাজী নজরুল ইসলামের ‘আলেয়া’ গীতিনাট্য অবলম্বনে দ্রোহ, প্রেম, নারী নামে প্রাঙ্গণেমোর দলটি এ নাটকটি করছে। রাজা মীনকেতু আর অন্য দেশের রানি জয়ন্তীকে নিয়েই গড়ে উঠেছে কাহিনি। মীনকেতু ফুল ও হূদয় দলন করতে ভালোবাসে। জয়ন্তী চায় মীনকেতুর রাজ্য ও হূদয় জয় করতে। এই যুদ্ধ, এই ভালোবাসা নিয়েই গড়ে ওঠে কাহিনি। তিনটি পুরুষ ও তিনটি নারীর হার্দিক জটিল ধারায় চলাচলের বয়ান এই নাটক। মুশকিল হলো, কেউ তাঁর অভীষ্ঠকে খুঁজে পায় না। যাকে ভালোবাসা, সে কাছে আসে না, যাকে ভালো লাগে না, সে-ই চলে আসে কাছে। অর্থাৎ চাওয়া-পাওয়ার হিসাব-নিকাশ আলেয়া হয়ে ঘোরে-ফেরে। অনেকটা রবীন্দ্রনাথের ‘পরশ পাথর’ কবিতাটির মতো।একেকটা অংশের অভিনয় হয় আর খানিক বিরতি। ১৭ জুন অর্থাৎ আনন্দ যেদিন বের হচ্ছে, সেদিনই নাটকটির প্রথম মঞ্চায়ন। পাঁচ মাস ধরে চলেছে মহড়া। রামিজ রাজার এটা প্রথম নির্দেশনা। দলের জ্যেষ্ঠ সদস্যরা দলের মধ্য থেকেই এই তরুণকে নির্দেশনার দায়িত্ব দিয়েছেন এবং মেনে নিয়েছেন নতুন নির্দেশকের নেতৃত্ব। অনন্ত হিরা আর নুনা আফরোজ ছাড়া নির্দেশকও বাকি অভিনেতাদের বেছে নিয়েছেন তাঁদের মধ্য থেকে, যাঁরা দলে রয়েছেন অনেক দিন ধরে কিন্তু ভালো কোনো চরিত্র পাননি। রাজুর জন্য এটা একটা চ্যালেঞ্জ বটে, তবে বড়দের কাছ থেকে সব ধরনের সাহায্য পাচ্ছেন বলে সামলে নিতে সমস্যা হচ্ছে না। যে গানগুলো বাজছিল নাটকে, তার সবগুলো নেই আলেয়া গীতিনাট্যে। সেখানে যে গানগুলো, তার অনেকগুলোরই সুর সম্পর্কে ধারণা করা যায়নি, তাই একই আদলের নজরুলের অন্য গানগুলো নেওয়া হয়েছে। যুদ্ধ হচ্ছে একদিকে, অন্যদিকে অগ্ন্যুৎসব। ছন্দের তালে তালে চলছে অভিনয়। যে জায়গাগুলো আকর্ষণীয় এবং পরিশ্রমলব্ধ, সেগুলো আলাদাভাবে মহড়া করা হয়ে গেল। এবার প্রথম থেকে টানা মহড়া শুরু হলো, ফুল আর প্রজাপতির বাগিবতণ্ডা দিয়ে। অনন্ত হিরা হচ্ছেন রাজা মীনকেতু। নিজের আনন্দেই থাকেন তিনি। আশপাশের মানুষেরা তার বিবেচ্য বিষয় নয়। নানা কথা বলতে থাকেন তিনি কবির সঙ্গে, কৃষ্ণার সঙ্গে। তাঁর দম্ভের জায়গাটাও স্পষ্ট হয়। ‘সুন্দরের কাছে রাজমহিমা দেখানোর মতো বোকামি আর কী আছে বল’—এ রকম একটি সংলাপের সঙ্গে সঙ্গে নাটকে ঢুকতে শুরু করে মন।নাটকটিতে অদম্য গতিতে ছুটে চলা প্রেমিক নজরুলের পরিচয় পাওয়া যায়। যেমন, প্রেমিক সেনাপতি চন্দ্রকেতু ভালোবাসার মানুষ কৃষ্ণাকে বলছে, ‘বন্ধু তো আমার হূদয়ের তৃষ্ণা মেটাতে পারে না।’ কৃষ্ণারও উত্তর, ‘যুদ্ধ জয় আর হূদয় জয় তো সমান সহজ নয়, সেনাপতি।’প্রাঙ্গণেমোর দলের লোকেরাই পোশাক, মঞ্চ, আলো আর সংগীতের কাজ করেছে। এভাবেই নিজেদের তৈরি করার একটি প্রক্রিয়াও শুরু করেছে দলটি। আমরা যখন বেরিয়ে আসছি, তখন আবার বাজছে গান, বোঝা যাচ্ছে আরেকটি যুদ্ধ আসছে, সেটা রাজ্য জয়ের নাকি হূদয় হরণ করার, তা জানার জন্য যেতে হবে মিলনায়তনে, নাটকটি দেখতে।