দ্রোহ চেতনার প্রতিচ্ছবি বনমানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাচ্যনাটের বনমানুষ নাটকের দৃশ্য
প্রাচ্যনাটের বনমানুষ নাটকের দৃশ্য

‘প্রাচ্যনাট’ দেশের অন্যতম শক্তিশালী নাট্যদল, যা তরুণ নাট্যকর্মীদের প্রতিভা, শ্রম ও নাট্যপ্রীতির সমন্বয়ে সৃষ্ট। নাট্যদলটি ‘প্রাচ্যনাট স্কুল অব অ্যাক্টিং অ্যান্ড ডিজাইন’ নামে একটি নাট্যবিষয়ক বিদ্যালয় পরিচালনা করছে। বাংলাদেশে ১৯৭২ সাল থেকে এ দেশের নাট্যকর্মীরা গভীর প্রত্যয় আর ভালোবাসা নিয়ে দর্শনীর বিনিময়ে নাট্যচর্চার সূচনা ঘটাল এবং নাট্যকর্মীদের এই পথ-পরিক্রমা ফলপ্রসূ হয়েছে। বাংলাদেশের নিরাভরণ নাট্যচর্চা, যা কেবল প্রতিশ্রুতি ও নির্ভেজাল নিবেদনের জন্য বিশ্ব-স্বীকৃতি পেল। মঞ্চ নাটক আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম শ্রেষ্ঠ ফসল, তা আজ সবাই একবাক্যে মেনে নিয়েছে। অনেক প্রযুক্তিগত ঘাটতি নিয়ে কেবল সু-অভিনয় ও সার্বিক নির্দেশনা এবং জীবন ঘনিষ্ঠ বক্তব্যের কারণে আমাদের মঞ্চ নাটক দেশে-বিদেশে সমাদৃত হয়ে আসছে। ‘প্রাচ্যনাটে’র কথায় ফিরে এসে বলতে হয় আমাদের নাট্যপ্রীতি ও অভিপ্রায়ে নবীনদের এই নাট্যদল নতুন দ্যোতনা ও অভীপ্সা সংযোজন করতে পেরেছে। এই দলের প্রতিটি নাট্য প্রযোজনাকে স্বাতন্ত্র্য গুণে আলাদাভাবে চিনে নেওয়া যায়। প্রাচ্যনাট নাটক নির্বাচনে ও মঞ্চায়নে এ দেশে নব ধারার সংযোজন ঘটিয়েছে। মৌলিক ও বিদেশি নাটকের অনুবাদ ও রূপান্তর মঞ্চায়নে এই দলটি নিজেদের যোগ্যতার পরিচয় দিয়ে আসছে গত দুই দশক ধরে।
আমি প্রাচ্যনাটের ২৭তম নাট্য প্রযোজনা বনমানুষ দেখে মুগ্ধ হয়েছি। বনমানুষ আমেরিকান কীর্তিমান নাট্যকার ইউজিন ও’নিলের দ্য হেয়ারি এইপ-এর মুক্ত অনুবাদিত রূপ। একসময় বিশ্বজুড়ে ছিল দুই পরাশক্তির ঠান্ডাযুদ্ধ। ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক দেশগুলোর মধ্যে ছিল প্রবল বিরোধ ও বিবাদ। একদিকের নেতৃত্ব দিয়েছে ধনতান্ত্রিক দেশ যুক্তরাষ্ট্র, অন্যদিকের নেতৃত্ব দিয়েছে সমাজতান্ত্রিক দেশ রাশিয়া। সত্তর বছরের প্রান্তে সমাজতন্ত্র ভেঙে যায়; ভেঙে যায় সোভিয়েত ইউনিয়ন, ধসে পড়ে পূর্ব ও পশ্চিম জার্মানির মাঝখানের বর্লিন প্রাচীর। তাই বলে কার্ল মার্ক্স এবং এঙ্গেলসের চিরসত্য তত্ত্ব মিথ্যা হয়ে যায়নি। আজকের বিশ্বেও চলছে নির্বিবাদে শোষক ও শোষিতের দ্বন্দ্ব; ধনী ও নির্ধনের শোষণের যূপকাষ্ঠ রয়েছে সক্রিয়। এই চিরাচরিত বড় ও ছোট মানুষদের দ্বন্দ্বের আখ্যান চিত্রিত হয়েছে ইউজিন ও’নিলের দ্য হেয়ারি এইপ নাটকে, যা যথার্থ ভাবে উন্মুক্ত হয়েছে প্রাচ্যনাটের বনমানুষ নাটকে। টান টান এই প্রযোজনায় দর্শকদের এক মুহূর্তের জন্যও অন্যমনস্ক করেনি। এই নাটক দেখার সময় আমার মন ক্রোধ ও বিষণ্নতায় ছেয়ে যায়। আংকেল টম ও স্পার্টাকাস থেকে নিয়ে আবহমানকালের শোষণের চিত্রকে স্মরণ করে আমি আমার নবলব্ধ কাব্য চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমার এক কবিতায় লিখলাম, ‘আচ্ছন্ন করল আমাকে পুরোনো এই বেদনার অনুভূতি/প্রাচ্যনাটের বনমানুষ মঞ্চে দেখে।’ একটি সমুদ্রগামী জাহাজের কয়লা শ্রমিকদের সঙ্গে জাহাজের স্বত্বাধিকারী পরিচালকদের দ্বন্দ্বই এই নাটকের প্রধান উপজীব্য। উপেক্ষা, নিষ্পেষণ, অবিচার, অত্যাচার ও দুঃশাসনই পৃথিবীতে মানব সমাজে বিভাজনের জন্ম দেয় এবং ক্রোধ ও দ্রোহ-চেতনাই জন্ম দেয় বিপ্লবের, যে বিপ্লব হলো মানুষে মানুষে সমঅধিকার আদায়ের সংগ্রাম, যা পৃথিবীতে আজও সাধিত হয়নি।
তরুণ নির্দেশক বাকার বকুলের দক্ষ পরিচালনায় প্রাচ্যনাট আমাদের নতুন করে সজাগ করে তুলল বিশ্বজুড়ে বড়লোক ও ছোটলোকের দ্বন্দ্বকে, যা কোনো দিন মিটবে কি না, আমার সন্দেহ। তবে স্বাধিকার অর্জনের বিপ্লব চিরকাল বহমান থাকবে; সক্রিয় থাকবে মানুষের সমঅধিকারের সংগ্রাম। আমি আলাদা করে কোনো অভিনয়শিল্পীর নাম করতে চাই না; দলগত অভিনয়ই ছিল এই নাট্য প্রযোজনার প্রাণ, যার সঙ্গে সুযোগ্য সংগত করেছে মঞ্চ, আলো, ধ্বনিসহ অন্যান্য কারিগরি পরিকল্পনা। প্রতিটি জাহাজ শ্রমিকদের চোখে আমি যে দ্রোহের আগুনের লেলিহান শিখা দেখেছি, তা আমার মনে চির গাঁথা হয়ে থাকবে। ধন্যবাদ জানাতেই হয় এই নাটকের উপদেষ্টা আজাদ আবুল কালামকে। প্রাচ্যনাটের জয়যাত্রা অব্যাহত থাকবে এই আমার বিশ্বাস।
লেখক: অভিনেতা, নাট্যনির্দেশক ও লেখক