দ্রোহ প্রেম নারী নিয়ে প্রাঙ্গণেমোর
‘নিশি নিশি উড়ি/ ডাকে সে স্বপনে/ নিরাশার আলো/ জ্বালে সে গোপনে’—মিলনায়তনের আলো নিভে গেলে মঞ্চের আধো আলো আধো ছায়ায় এই গানের সঙ্গে আসেন কুশীলবেরা। গানের সঙ্গে তিন নারী ও তিন পুরুষের নৃত্যের তালে তালে চলতে থাকে কথোপকথন। শুরু হয় ঢোল আর তবলার বোল। সঙ্গে তাদের মিলিত মধুর হাসির কলধ্বনি।গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার মিলনায়তনে প্রাঙ্গণেমোরের পঞ্চম প্রযোজনা দ্রোহ প্রেম নারীর উদ্বোধনী মঞ্চায়ন শুরু হয়েছিল এভাবেই। কাজী নজরুল ইসলামের আলেয়া গীতিনাট্য অবলম্বনে নির্মিত এই নাটকের নির্দেশনা দিয়েছেন তরুণ নাট্যকার রামিজ রাজু।ছয় কুশলীর কলহাস্যের পর দেখা যায় ‘প্রমোদকাননের’ দৃশ্য। ভোরের হাওয়ায় ঘুম ভাঙে প্রমোদকাননবাসিনীদের। ‘জাগো কিশোরী, নয়ন খুলে দেখো। নিশি ভোর হলো। কেমন করে বইছে দক্ষিণ হাওয়া’—এই রকম সংলাপে প্রতিদিনের ভোরের মতো নতুন ভোরে চোখ মেলে তারা। এমন সময় ‘বাহ! সুন্দর, বাহ! সুন্দর’ বলতে বলতে সেখানে আসেন রাজ্যের রাজা। কিন্তু রাজা পরিচয়ে নয়। যখনই এই প্রমোদকাননে তিনি আসেন তখন তাঁর পরিচয় ‘মীনকেতু’। হয়ে ওঠেন কেবলই নারী আর সুন্দরের পূজারি। সেই সঙ্গে কামনাতুর পুরুষও। তিনি কাননবাসিনীদের সম্বোধন করেন ইরানের নার্গিস, বাংলার শেফালী, সুদূর চীনের চন্দ্রমল্লিকাসহ আরও নানা নামে। নিজের পরিচয় দেন এভাবে, ‘তৃষ্ণার্ত পুরুষ এক যৌবনেরই দেবতা। সম্রাট হয়ে নয়, মীনকেতু হয়ে এখানে এসেছি আমি।’ কিছুক্ষণের মধ্যেই প্রমোদকাননে আসেন রাজ্যের প্রধানমন্ত্রী ‘কৃষ্ণা’। রাজার সঙ্গে শুরু হয় তাঁর নারীত্বের অবমাননা নিয়ে বাগিবতণ্ডা।এভাবে এগিয়ে চলে নাটক দ্রোহ প্রেম নারী। নাটকে উঠে আসে নারীর সংগ্রাম আর বিদ্রোহ। নারীই পারে পুরুষের সবকিছু হরণ করে নিতে, আবার নারীই পারে পুরুষকে জয় করে সুপথে ফিরিয়ে আনতে। পুরো নাটকে ছিল সাবলীল অভিনয়, আবেগ আর সংলাপের চমৎকারিত্ব। ছিল যুদ্ধের আবহ, যেখানে অস্ত্রের ঝনঝনানির সঙ্গে পেছনের অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে প্রেম। নারী-পুরুষের চিরকালীন হূদয়গত ভাবাবেগের বহিঃপ্রকাশ ঘটেছে এই নাটকে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অনন্ত হীরা, নুনা আফরোজ, শুভেচ্ছা, সরোয়ার আলম, সুমী মণ্ডল, অনিন্দ্র কিশোর, রিগ্যান সোহাগ প্রমুখ।১৯৩১ সালের ১৯ ডিসেম্বর কলকাতার নাট্যনিকেতনে প্রথম নাটকটি মঞ্চস্থ হয়। তখন জনপ্রিয়তাও পেয়েছিল। ঢাকার মঞ্চে প্রথমবারের মতো এটি মঞ্চস্থ করল প্রাঙ্গণেমোর। নাটকে যুদ্ধ নয়, অস্ত্র নয়, হিংসা-দ্বেষ নয়; প্রেমই শেষ পর্যন্ত জয়ী হয়েছে বলে এর নামকরণের ক্ষেত্রেও দ্রোহ প্রেম ও নারীবিষয়ক ভাবনাকে প্রাধান্য দেওয়া হয়েছে বলে জানালেন নির্দেশক। আলোকসজ্জা, নাটকের প্রেক্ষাপট অনুসারে পোশাক পরিকল্পনা ও মঞ্চের সজ্জা প্রশংসিত হয়েছে দর্শকের কাছে। নেপথ্যের সংগীতে ব্যবহূত হয়েছে নজরুলের গানের সুর। প্রাঙ্গণেমোরের এই প্রযোজনায় ঢাকার নাট্যমোদী দর্শক মঞ্চে নজরুলের নাটক উপভোগের সুযোগ পেলেন।