
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দেশব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। প্রতি জেলা ও উপজেলায় ‘ধন্য মুজিব ধন্য, বাংলা মায়ের মুক্তি এলো এমন ছেলের জন্য’ শীর্ষক অনুষ্ঠান শুরু হয় সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে। পরে সেগুনবাগিচার শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
জাতীয় চিত্রশালা প্লাজাসহ দেশের সব জেলা ও উপজেলায় শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতার পর হয় শিশুদের মেলা। একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ পর্বে ছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীদের সমবেত নৃত্য ও একাডেমির অ্যাক্রোবেটিক দলের পরিবেশনা।
বিকেলে একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার। এ পর্বের অনুষ্ঠানক্রমে ছিল পুতুলনাচ, মূকাভিনয়, অটিস্টিক শিশুদের পরিবেশনা, শিশু বিদ্যালয়ের পরিবেশনা এবং শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শনী। ছিল সমবেত নৃত্য, সমবেত সংগীত, একক সংগীত, আবৃত্তি এবং পিপলস লিটল থিয়েটারের পরিবেশনায় গানের সঙ্গে কোরিওগ্রাফি।