ধন্যবাদের ডালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্মিলিত প্রয়াস ছাড়া কোনো উদ্যোগই সফল হয় না। মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১০ আয়োজনটি এর প্রমাণ। সবার আন্তরিক সহযোগিতায় শেষ পর্যন্ত এবারও আয়োজনটা বেশ ভালোভাবেই শেষ হয়েছে। যাঁদের সহযোগিতায় এই আয়োজন সফল হয়েছে, তাঁদের জন্য ধন্যবাদের ডালা খুলে বসেছি।শুরু করি বিশ্বনন্দিত জাদুশিল্পী জুয়েল আইচকে দিয়ে। এ মানুষটির কথা বিশেষভাবে না বললেই নয়। তাঁকে প্রস্তাব দিই, অনুষ্ঠানের উপস্থাপককে জাদুর মাধ্যমে মঞ্চে এনে দেওয়ার। কোনো সময় না নিয়েই প্রস্তাবে রাজি হয়ে যান তিনি। এরপর তাঁর সঙ্গে কখনো ফোনে, কখনো চলে মুঠোবার্তায় কথার আদান-প্রদান। বিষয়টি নিয়ে তিনি যে বেশ সক্রিয়, বোঝা গেল, যেদিন প্রথম তাঁর বাড়িতে আনিসুল হক ও আমি গিয়ে হাজির হই। কিছুক্ষণের মধ্যেই মূল মঞ্চে কোথায় তাঁর সরঞ্জাম থাকবে, মঞ্চের একটা লে আউট আমাদের হাতে ধরিয়ে দিয়ে বুঝিয়ে দিলেন তিনি। জুয়েল আইচের একটি কথা মনে পড়ে গেল। একদিন কথায় কথায় তিনি বললেন, প্রথম আলোয় আমার এতগুলো বন্ধু, তাঁদের একটি কাজে আমার সহযোগিতা থাকবে না, তাই কি হয়?’ প্রিয় জুয়েল আইচ, আপনার প্রতি কৃতজ্ঞ হয়ে রইল প্রথম আলো। ২৯ এপ্রিল, ৬টা ৩৫ মিনিটে নিভে গেল হল অব ফেমের সব আলো। নেমে এল অন্ধকার। সেই অন্ধকার মঞ্চ আবার আলোকিত হলো নজরুল ঢুলির ঢোলের আওয়াজে, আর তাঁর সঙ্গে ২৫ জন বাউলশিল্পীর কণ্ঠে ‘তিন পাগলে হলো মেলা নইদে এসে’ লালনের এই গানের পরিবেশনার ভেতর। দেশের বিভিন্ন স্থান থেকে আসা যে বাউলশিল্পীরা মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১০-এ অংশ নিয়েছেন সেদিন, তাঁদের সবার জন্য রইল প্রথম আলোর পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম বর্ষ উপলক্ষে এবারের মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১০ এর মূল পর্বের প্রথমেই ছিল সজীবের সংগীতায়োজনে অদিতি মহসিনের গাওয়া ‘এসো শ্যামল সুন্দরও’ রবীন্দ্রসংগীতের সঙ্গে নৃত্য নন্দনের শিল্পীদের চমৎকার নৃত্য পরিবেশনা। এ অংশটির জন্য বিশেষ ধন্যবাদ জানাই নৃত্যপরিচালক শর্মিলা বন্দ্যোপাধ্যায়কে। এরপর ধন্যবাদ ও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করতেই হয় ফেরদৌস এবং রিয়াজকে। অতীতেও মেরিল-প্রথম আলো অনুষ্ঠানে তাঁদের সহযোগিতা আমাদের ঋণী করে রেখেছে। এবার সেই ঋণের ভার আরও বাড়িয়ে দিলেন তাঁরা। তাঁদের সঙ্গে যুক্ত হলো আরও দুজনের নাম—চলচ্চিত্র অভিনেত্রী রোজিনা ও অঞ্জনা। চলচ্চিত্র নিয়ে আনিসুল হকের লেখা চলচ্চিত্র বিজ্ঞাপনচিত্র ‘এক ফুল দুই মালি’তে তাঁদের অনুরোধ করি অংশগ্রহণ করার জন্য। চারজনই সানন্দে রাজি হলেন। ফেরদৌস বাংলাদেশের চেয়ে কলকাতায় ছবিতে এখন বেশ ব্যস্ত। নিজেই ফোনে শিডিউল ঠিক করে নিলেন এবং দিলেন। রিয়াজের অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা। রোজিনাও যাবেন লন্ডন। দুজনই তাঁদের বিদেশ যাওয়া পিছিয়ে মহড়ায় অংশ নিলেন পাঁচ দিন। তবে এরই ফাঁকে ঘটে গেল একটি ঘটনা। অনুষ্ঠানের তিন দিন আগে হঠাৎই খবর এল রিয়াজের মা ল্যাবএইড হাসপাতালে আইসিইউতে ভর্তি হয়েছেন। উৎকণ্ঠা বেড়ে গেল সবার। কিন্তু রিয়াজ ফোনে আশ্বস্ত করে বললেন, ‘মা একটু সুস্থ হলেই আমি মহড়ায় অংশ নেব।’ আমরা কৃতজ্ঞ হয়ে রইলাম তাঁর কাছে। এ দেশে সিনেমা বিজ্ঞাপনে যিনি সবচেয়ে বেশি ব্যস্ত, সেই মাজহারুল ইসলাম, তিনিও এবারের মেরিল-প্রথম আলো পুরস্কারে দর্শকনন্দিত ‘এক ফুল দুই মালি’ আইটেমের অন্যতম একজন শিল্পী। তাঁর এবং আমাদের প্রিয় সুমন পাটওয়ারীর সহযোগিতা ছাড়া এ পর্বটি চমৎকার হতো না। এই দুজনকেও বিশেষ ধন্যবাদ জানাই। আর জরুরি ভিত্তিতে এই সিনেমা বিজ্ঞাপনটির আবহ সংগীত করে দেওয়ার জন্য ধন্যবাদ আলী আকরাম শুভকে। ধন্যবাদ সজল-শখ, আরেফিন শুভ-মীম, নিরব-সারিকা—‘প্রজাপতি’ গানটির নাচে একটু করে অংশগ্রহণ আপনাদের উদারতার পরিচয়। ধন্যবাদ আপনাদের সবাইকে। বিশেষ ধন্যবাদ হাবিব-কণা ও মৌসুমী-জাহিদ হাসানকে। আপনাদের উপস্থিতি ছাড়াও এ গানটির পরিবেশনা সুন্দর হতো না।বিশেষ ধন্যবাদ—হাসান মাসুদ, চঞ্চল চৌধুরী, সাজু খাদেম, মাজনুন মিজান, শতাব্দী ওয়াদুদ, সিদ্দিক, স্বাগতা, ফারিয়া ও ঈশানাকে। প্রত্যেকেই তাঁদের কর্মব্যস্ততা ছাপিয়ে সন্ধ্যার পর মহড়ায় অংশ নিয়েছেন। ইভ টিজিংয়ের ওপর করা ‘ঘাড় ঘুরিয়ে’ আইটেমটি দর্শকশ্রোতার অন্তরে ভালোলাগা তৈরি করেছে, আপনাদের প্রত্যেকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণে। আরও ধন্যবাদ এ গানটির সংগীতায়োজক উজ্জ্বল সিনহাকেও। ধন্যবাদ জানাই রোমানা, বিন্দু ও নিপুণকে; চলচ্চিত্রের এ সময়ের উঠতি তিন অভিনেত্রী এ অনুষ্ঠানে সহযোগিতা করেছেন তার জন্য। তিনজনই নিজের শুটিং শেষ করে ক্লান্তি নিয়ে এসে চার দিন হাসিমুখেই মহড়ায় অংশ নিয়েছেন-এই সময়ের চলচ্চিত্রের চারটি গানের মেডলিতে। তিনজনের প্রতি কৃতজ্ঞ আমরা।বিশেষ ধন্যবাদ জানাই মাইলস ব্যান্ডের সব সদস্যকে, বিশেষ করে হামিন আহমেদ ও শাফিন আহমেদকে। ইংরেজি এবং বাংলা অনুবাদ করে জর্জ হ্যারিসনের গাওয়া ‘বাংলাদেশ’ গানটি চমৎকারভাবে উপস্থাপন করেছে মাইলস।ধন্যবাদ নৃত্য পরিচালক সোহেল রহমানকে। শুধু নৃত্য পরিচালনাই নয়, তাঁর শিক্ষার্থীদের দুটি নৃত্যায়োজনে উপস্থাপন করেছেন। সোহেল রহমানের যে শিক্ষার্থীরা এ আয়োজনে ছিলেন, তাঁদের প্রতিও আমাদের কৃতজ্ঞতা। সেই সঙ্গে নৃত্য পরিচালক তানজিলকেও ধন্যবাদ। ধন্যবাদ নৃত্য পরিচালক নয়ন ও তাঁর সহযোগী ফরিদকে। ধন্যবাদ উপস্থাপকদ্বয়ের দুই সহকারী মৌসুমী ও মাসিয়াতকে—সারাক্ষণ মঞ্চ আলোকিত করে রাখার জন্য।ধন্যবাদ জানাই প্রডাকশন হাউস রেড ডটের সব সদস্যকে। ধন্যবাদ জানাই পারসোনার কানিজ আলমাসকে। অন্যান্য বছরের মতো এবারও এ অনুষ্ঠানে অংশগ্রহণকারী কলাকুশলীদের রূপসজ্জার পুরো দায়িত্ব আপনি কাঁধে নিয়েছিলেন। কৃতজ্ঞতা আপনার প্রতিও।এ ছাড়া ধন্যবাদ জানাই রামিম ও নগরদোলার নিকোলাস এবং কে ক্র্যাফটকে। ধন্যবাদ জানাই ইফতেখার আহমেদ ফাহমি ও রেদওয়ান রনিকে। ইকবাল হোসাইন চৌধুরীও ছিলেন এই আয়োজনের পেছনে। তাঁদের সহযোগিতা ছাড়া ‘খুদে ছবি’গুলো নির্মাণ করা সম্ভব হতো না। ধন্যবাদ শামির আহমেদ হিমেলকে চমৎকার মঞ্চ তৈরি করার জন্য।আনন্দ কর্মী বাহিনীসহ প্রথম আলোর আরও যাঁরা এ অনুষ্ঠানের পেছনে অক্লান্ত শ্রম দিয়েছেন তাঁদের, বিশেষ করে মেহেদী মাসুদ ও কামরুজ্জামানকে অশেষ ধন্যবাদ। এর বাইরেও অশোক কর্মকার, প্রথম আলো বন্ধুসভার কর্মীরা, সাইফুল আজিমের নেতৃত্বে প্রথম আলো ইভেন্টের কর্মীরা, জাবেদ সুলতান, ফিচার পাতার লেখক-প্রদায়কেরা যেমন, রুম্মান রশীদ খান, শফিক আল মামুনসহ অনুষ্ঠানের পেছনে খেটে গেছেন নিরন্তর। আর বিশেষ ধন্যবাদ দিতে হয় স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী ও অন্যান্য কর্মকর্তাকে, এই অনুষ্ঠানের সাফল্যের ব্যাপারে যাঁদের উৎসাহ, সহযোগিতা ও সর্মথনের কোনো তুলনা হয় না। যে মুক্তিযোদ্ধারা পুরস্কার তুলে দিয়েছেন, যে শিল্পীরা বিজয়ীর নাম ঘোষণা করেছেন, যাঁরা বিচারকার্যে ছিলেন, চলচ্চিত্রে মুর্তজা বশীর, মুহম্মদ হাননান, অনুপম হায়াত, ইলিয়াস কাঞ্চন ও মোস্তফা সরয়ার ফারুকী এবং টিভি-সমালোচক রামেন্দু মজুমদার, সাইদুল আনাম টুটুল, জাহীদুর রহিম অঞ্জন, রোকেয়া প্রাচী ও গিয়াস উদ্দিন সেলিম—তাঁদের সবাইকে অভিনন্দন। বিশেষ কৃতজ্ঞতা স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষকে। আলোকসম্পাতে ঠান্ডু রায়হান, শব্দনিয়ন্ত্রণে শামিম প্রতিবারের মতো আমাদের পাশে দাঁড়িয়ে কৃতজ্ঞতাভাজন হয়েছেন। বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, নিরাপত্তাকাজে নিয়োজিত পুলিশ সদস্যসহ সবাইকে ধন্যবাদ। আর আমাদের কৃতজ্ঞতা সব শিল্পী, অতিথি, দর্শককে এবং যাঁরা তারকা নির্বাচনে ভোট দিয়েছেন, তাঁদের। বিশেষ ধন্যবাদ পর্দার পেছনের গল্প অনুষ্ঠানের উপস্থাপক নোবেলকে। আর অনুষ্ঠানটি প্রচার করার জন্য চ্যানেল আইকে।