ধন্যবাদের ডালি...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্মিলিত প্রয়াস ছাড়া কোনো উদ্যোগই সফল হয় না। এবারের মেরিল-প্রথম আলো পুরস্কার ২০০৯ আয়োজনটি এর প্রমাণ। সবার আন্তরিক সহযোগিতায় শেষ পর্যন্ত এবারও আয়োজনটা আমন্ত্রিত দর্শকদের প্রশংসা কুড়িয়ে নিয়েছে। তাই আজ ধন্যবাদের ডালা খুলে বসেছি।শুরু করি এবারের দুই উপস্থাপক চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিমকে দিয়ে। মার্চে প্রথম সপ্তাহেই এই দুজনকে আলাদাভাবে ফোন করি। প্রচণ্ড ব্যস্ত তাঁরা। এক সকালে দুজনকেই আমন্ত্রণ জানাই প্রথম আলো কার্যালয়ে। তাঁরা ভেবেছিলেন সাক্ষাৎকার নেওয়া হবে।এক শনিবার সকালে দুজনই এসে হাজির। প্রথমে চঞ্চল, পরে মোশাররফ। আমি তখন অপেক্ষা করছি আনিসুল হকের জন্য। তিনি এলেই আলাপ তুলব। কিন্তু এসে দুজনই তাড়া দিলেন। চঞ্চল বললেন, ‘ভাই, শুটিং আছে পুবাইলে। কথাবার্তা যা বলার এখনই শুরু করেন।’ মোশাররফও চুপ করে রইলেন না। বললেন, ‘আগে দুজনের ছবিটা তুলে নেন। কথাবার্তা হবে ছবি তোলার ফাঁকে ফাঁকে।’ ততক্ষণে আনিসুল হক এসে গেছেন। তিনি দুজনের কথা শুনে মুচকি হেসে বললেন, ‘আসেন, বোর্ডরুমে বসি।’ চারজনের রুদ্ধদ্বার বৈঠক।‘চঞ্চল ও মোশাররফ, আমাদের চাওয়া, আপনারা দুজন এবারের মেরিল-প্রথম আলো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন।’ আনিসুল হকের এমন প্রস্তাবে অনেকটাই হতভম্ব ও বিস্মিত দুজনই। মুখ খুললেন চঞ্চল। তাঁর কথায় কিছুটা চঞ্চলতা। ‘বলেন কি! আমি তো ভাবলাম দুজনকে এক করে একটা সাক্ষাৎকার নেওয়া হবে। এই ভাবনা তো মাথায়ই আসেনি!’বোকা বোকা হয়ে মোশাররফ বললেন, ‘উপস্থাপনা? আমরা কি পারব? এই কাজটা তো আগে করিনি।’বললাম, ‘কোনো চিন্তা নেই। আনিস ভাই স্ক্রিপ্ট করে দেবেন। আপনারা তো মঞ্চে দাঁড়ালেই হিট। খুবই ভালো হবে দেখবেন।’খুব বেশি ভাবনার সময় নিলেন না দুজন। বললেন, ‘রাজি।’ আমরা শুধু একটা শর্ত দিলাম উপস্থাপনার বিষয়টি কাউকে আপাতত না জানাতে। তারপর দুজনই উঠে কোলাকুলি করলেন।সময় গড়ায়। দিন যায়। নাটকের শুটিংয়ে ব্যস্ত দুজনের সঙ্গে এর মধ্যে নিয়মিত ফোনে কথার আদান-প্রদান চলে। অবশেষে পর্দা ওঠে। চঞ্চল ও মোশাররফ দুজনকে নতুনরূপে দর্শক আবিষ্কার করলেন। অভিনয়ের পর এবার উপস্থাপনায়ও তাঁরা সফল। ধন্যবাদ মোশাররফ করিম, ধন্যবাদ চঞ্চল চৌধুরী, আপনাদের দুজনকেই।এরপর ধন্যবাদ ফেরদৌস ও অপি করিমকে। গত বছর এই দুজন ছিলেন উপস্থাপকের ভূমিকায়। এক যুগ পূর্তির এবারের আয়োজনে তাঁদের অনুরোধ করি নাচ করার জন্য। দুজনই ‘না’ বললেন না। সানন্দে রাজি হলেন। ফেরদৌস বাংলাদেশের চেয়ে কলকাতায় ছবিতে এখন বেশ ব্যস্ত। নিজেই ফোনে শিডিউল ঠিক করে নিলেন এবং দিলেন। মহড়ায় দীর্ঘ সময়ও দিলেন। ফেরদৌসের সঙ্গে উদ্বোধনী নৃত্যে অংশ নেন মম, মোনালিসা, বাঁধন, প্রভা ও মুনমুন। ছিলেন চার বিদেশি—সোফি, এডউইনা, জেসিকা ও দিয়ানা। সবার নিরলস পরিশ্রম ও সহযোগিতা বিশেষভাবে মনে রাখব আমরা। প্রত্যেককেই আলাদা ধন্যবাদ।অপি করিমকে দুবার ধন্যবাদ দেব। কারণ রেজওয়ানা চৌধুরী বন্যা ও ফাতেমা-তুজ-জোহরার গানে প্রথমে নাচ করার কথা ছিল তারিন ও অপির। মহড়ায় অপি এসে রবীন্দ্রসংগীতের সঙ্গে নাচ তুলে নিলেও তারিন ব্যস্ততার কারণে সময় দিতে পারেননি। এর মধ্যে পিঠে প্রচণ্ড ব্যথা শুরু হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তারিন চলে যান কলকাতায়। যেহেতু তারিনও মূলত নাচের শিল্পী, তাই শেষ পর্যন্ত কোনো সমস্যা হবে না ভেবে চিন্তামুক্ত ছিলাম। কিন্তু অনুষ্ঠানের ঠিক এক দিন আগে মুঠোবার্তার মাধ্যমে তারিন জানালেন, চিকিৎসক তাঁকে এ মুহূর্তে নাচ করতে বারণ করেছেন। চিন্তায় পড়ে গেলাম। ওই মুহূর্তে দ্বিতীয় কারও কথা ভাবার সময়ও নেই। শেষ পর্যন্ত অপিকেই অনুরোধ করি। পুরো নাচটাই অপি বেশ চমৎকারভাবে পরিবেশন করেছেন। তাই ধন্যবাদ অপি আপনাকে আবারও। ধন্যবাদ আমাদের পরম শ্রদ্ধাভাজন দুই গুণী শিল্পী ফাতেমা-তুজ-জোহরা ও রেজওয়ানা চৌধুরী বন্যাকে। আপনাদের সহযোগিতা ছাড়া এ আয়োজন সফল হতো না।বিশেষভাবে ধন্যবাদ জানাই শাকিব খানকে; চলচ্চিত্রের সবচেয়ে ব্যস্ত শীর্ষ এই নায়ক যেভাবে এ অনুষ্ঠানে সহযোগিতা করেছেন তার জন্য। রাত ১১টা পর্যন্ত ছবির শুটিং শেষ করে তিনি মহড়ায় অংশ নিয়েছেন। শরীরে ক্লান্তি। তবু হাসিমুখেই মহড়ায় অংশ নিয়েছেন মধ্যরাত পর্যন্ত। শুধু ধন্যবাদ দিলেই শেষ হবে না, শাকিব খানের প্রতি কৃতজ্ঞ আমরা।শাকিবের সঙ্গে নাচে অংশ নিয়েছেন তিনজন—বিন্দু, মীম ও শখ। এ তিনজনের প্রতিও আমরা কৃতজ্ঞ। কারণ শাকিবের সঙ্গে তিনজনকেই মধ্যরাত পর্যন্ত মহড়া করতে হয়েছে।ধন্যবাদ সজল, ফারদিন, তিশা, তপু, নওশীন, সারিকাকে। বাহির বলে দূরে থাকুক—এ গানের সঙ্গে নাচে একটু করে অংশগ্রহণ আপনাদের উদারতার পরিচয়। ধন্যবাদ আপনাদের সবাইকে। বিশেষ ধন্যবাদ হাবিব ও ন্যান্সিকে। আপনাদের উপস্থিতি ছাড়াও এ গানটির পরিবেশনা সুন্দর হতো না।বিশেষ ধন্যবাদ শিল্পী কুমার বিশ্বজিৎ এবং সংগীত পরিচালক শওকত আলী ইমনকে। অনুষ্ঠানের ঠিক এক দিন আগে এবারের অনুষ্ঠানের শেষ পরিবেশনা ‘বাংলাদেশ’ গানটি হতো না, যদি এই দুজনের সহযোগিতা না পেতাম। ধন্যবাদ নৃত্যপরিচালক সোহেল রহমানকে। শুধু নৃত্য-পরিচালনাই নয়, তাঁর শিক্ষার্থীদের তিনটি নৃত্যায়োজনে উপস্থাপন করেছেন। সোহেল রহমানের যে শিক্ষার্থীরা এ আয়োজনে ছিলেন, তাঁদের প্রতিও আমাদের কৃতজ্ঞতা। ধন্যবাদ উপস্থাপকদ্বয়ের দুই সহকারী ইশানা ও অর্ষাকে, সারাক্ষণ মঞ্চ আলোকিত করে রাখার জন্য।ধন্যবাদ জানাই গাজী শুভ্র এবং তাঁর প্রডাকশন হাউস রেড ডটের সব সদস্যকে। ধন্যবাদ জানাই পারসোনার কানিজ আলমাসকে। অন্যান্য বছরের মতো এবারও এ অনুষ্ঠানে অংশগ্রহণকারী কলাকুশলীদের রূপসজ্জার পুরো দায়িত্বটা আপনি কাঁধে নিয়েছিলেন। কৃতজ্ঞতা আপনার প্রতিও।এ ছাড়া ধন্যবাদ জানাই নগরদোলার নিকোলাস, রঙের বিপ্লব, বাংলার মেলার এমদাদ হক ও রামিমকে। বিশেষ ধন্যবাদ জানাই অমিতাভ রেজাকে, তাঁর সহযোগিতা ছাড়া ‘নিজেই যখন নির্মাতা’ প্রতিযোগিতায় পাঠানো খুদে ছায়াছবিগুলোর সম্পাদনা সম্ভব ছিল না।বিশেষ ধন্যবাদ জানাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, তথ্যসচিব কামাল আবদুল নাসের চৌধুরী এবং সাংসদ কবরী সারোয়ারকে। আপনাদের সহযোগিতা ছাড়া ৯ এপ্রিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রটি আমরা এই অনুষ্ঠানের জন্য ব্যবহার করতে পারতাম না।ধন্যবাদ চ্যানেল আইয়ের ফরিদুর রেজা সাগরকে। ধন্যবাদ পর্দার পেছনের গল্প অনুষ্ঠানের উপস্থাপক নোবেলকে। ধন্যবাদ শিল্পনির্দেশক হিমেলকে চমৎকার মঞ্চ তৈরি করার জন্য।আনন্দ কর্মী বাহিনীসহ প্রথম আলোর আরও যাঁরা এ অনুষ্ঠানের পেছনে অক্লান্ত শ্রম দিয়েছেন—তাঁদেরও প্রত্যেককে অশেষ ধন্যবাদ।