
আফ্রো-আমেরিকানদের সংখ্যালঘু বলাটা বড় অন্যায়। অথচ আজও আড়ালে-আবডালে এই শব্দটা তাঁদের জন্যই যেন প্রযোজ্য। মার্কিন যুক্তরাষ্ট্রে এই গোষ্ঠীর জন্য একবার একটি স্বতন্ত্র টেলিভিশন চ্যানেল খোলা হলো। ২০০১ সালে সেখান থেকে দেওয়া শুরু হলো ‘ব্ল্যাক এন্টারটেইনমেন্ট টেলিভিশন অ্যাওয়ার্ড’ (বিইটি)। এখন এটি মার্কিন মুলুকের অন্যতম সম্মানজনক এক পুরস্কার।
গত রোববার বসেছিল বিইটি অ্যাওয়ার্ডের ১৬তম আসর। সংগীত, অভিনয়, ক্রীড়া ও অন্যান্য ক্ষেত্রের আফ্রো-আমেরিকানদের অনুপ্রাণিত করতে চালু করা হয়েছিল এই সম্মাননা। এবারের এই আসরের সব থেকে আলোচিত অংশটি ছিল প্রয়াত কিংবদন্তি শিল্পী প্রিন্সের সম্মানে পরিবেশনা।
এ আসরে ‘কালো’দের সেরা শিল্পী নির্বাচিত হয়েছেন পপ তারকা বিয়ন্সে নোলস। নারীদের মধ্যে সেরা শিল্পীর সম্মান ছাড়াও একাধারে তিনি জিতে নিয়েছেন দুটি পুরস্কার। সেরা ভিডিও নির্বাচিত হয়েছে তাঁর ‘ফরমেশন’ গানটি ও কোকাকোলা দর্শক জরিপেও জিতেছেন এই শিল্পী।
স্টাইল আইকন বিয়ন্সের প্রথম অ্যালবাম ডেঞ্জারাসলি ইন লাভ প্রকাশের পর আর আলোচনার বাইরে থাকতে হয়নি তাঁকে। বিশ্ব এখন মেতে আছে তাঁর সর্বশেষ অ্যালবাম লেমোনেড নিয়ে। অ্যালবামটির ‘প্রে ইউ ক্যান ক্যাচ মি’, ‘হোল্ড আপ’, ‘ডোন্ট হার্ট ইউরসেলফ’, ‘সরি, সিক্স ইঞ্চ’, ‘ড্যাডি লেসন’, ‘লাভ ড্রট’, ‘স্যান্ডক্যাসলস’, ‘ফরওয়ার্ড’, ‘ফ্রিডম’, ‘অল নাইট’ ও ‘ফরমেশন’ গানগুলোর জন্য বছরজুড়েই তিনি আলোচনায় থাকবেন বলে ধারণা করা যায়। তাঁর গানের আকর্ষণীয় ভিডিওগুলো এতটাই অভিনব যে সেগুলো অন্য গানগুলোর প্রতিও আগ্রহ তৈরি করে।
বিইটি অ্যাওয়ার্ডে সংগীতে আরও যাঁরা পুরস্কার জিতেছেন, তাঁরা হলেন সেরা পুরুষ পপ তারকা ও নতুন শিল্পী ব্রাইসন ট্রিলার, সেরা দল ড্রেক অ্যান্ড ফিউচার, সেরা পুরুষ হিপহপ তারকা ড্রেক, সেরা নারী হিপহপ তারকা রিহানা, সেরা যৌথ গান রিহানা ফিচারিং ড্রেকের ‘ওয়ার্ক’।
ইয়াহু অবলম্বনে