ধন্যি মেয়ে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘লাক’ ছবির দৃশ্যে শ্রুতি হাসান
‘লাক’ ছবির দৃশ্যে শ্রুতি হাসান

প্রখ্যাত অভিনেতা কমল হাসানের মেয়ে বলিউডের অভিনেত্রী শ্রুতি হাসানের বাড়িতে ঢুকে তাঁর গলা টিপে ধরেছিলেন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। তবে অত্যন্ত সাহসিকতার সঙ্গে হামলাকারীকে পরাস্ত করে ঘর থেকে বের করে দিতে পেরেছেন শ্রুতি।

শ্রুতি মুম্বাইয়ে থাকেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় তাঁর বাসার কলবেল বেজে উঠলে তিনি দরজা খুলে দেন। সঙ্গে সঙ্গে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি জোর করে তাঁর ঘরে ঢুকে পড়েন। শ্রুতি কোনো কিছু বুঝে ওঠার আগেই তাঁর গলা টিপে ধরেন ওই ব্যক্তি। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে জিনিউজ।

অপ্রত্যাশিত এ ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে গেলেও, নিজেকে রক্ষার জন্য মরিয়া হয়ে ওঠেন শ্রুতি। অত্যন্ত সাহসিকতার সঙ্গে হামলাকারীর মোকাবিলা করেন এই ‘লাক’ তারকা। একপর্যায়ে শ্রুতির দরজার সঙ্গে হামলাকারীর হাত আটকে যায়। শেষ পর্যন্ত ঘর থেকে তাঁকে বের করে দিতে সক্ষম হন শ্রুতি হাসান।

হামলাকারীর পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও ধারণা করা হচ্ছে, তিনি শ্রুতির ভক্ত। অনেক দিন থেকেই শ্রুতির পিছু নিয়েছিলেন তিনি। এদিকে ভয়ংকর এই ঘটনার পর এখনো পুরোপুরি ধাতস্থ হতে পারেননি ২৭ বছর বয়সী এ তারকা অভিনেত্রী।