
বেঁচে থাকতে অনেকটা এভাবেই জন্মদিবস পালন করতেন কবিগুরু। শিষ্যরা তাঁর গান গাইতেন, তাঁর গানের সঙ্গে নাচ করতেন। তিনি হৃদয়ভরে শুনতেন, নয়নভরে দেখতেন। হয়তো ভাবতেন, শিল্পসুধা বুনে দিয়ে গেলাম, মমতা দিয়ে একে লালন করো। রবীন্দ্রনাথের অনুসারীরা সেই প্রয়াস নিয়েই আজ উদ্যাপন করবেন তাঁর ১৫৫তম জন্মবার্ষিকী।
গতকাল শনিবার সন্ধ্যায় ছায়ানটের আয়োজনে শুরু হয়েছে দুই দিনের রবীন্দ্র উৎসব। সম্মিলিত কণ্ঠে ছায়ানটের শিল্পীরা ‘শুভ কর্মপথে ধর নির্ভয় গান’ ধরে শুরু করেন উৎসব। নাচ করেছেন ‘হৃদয় আমার ওই বুঝি তোর বৈশাখী ঝড়’ গানের সঙ্গে। মঞ্চের ওপরটা সাজানো কবিগুরুর হাতে আঁকা ছবিতে। নিচে গান, নাচ আর সামনে দাঁড়িয়ে-বসে অগুনতি ভক্ত।
ছায়ানট সংস্কৃতি–ভবনের মূল মিলনায়তনে কাল ছিল উৎসবের আমেজ। ভেতরে জায়গা হবে না জেনে অনুষ্ঠান দেখার জন্য দোতলা ও তিনতলার বারান্দায় দিতে হয়েছিল বাড়তি পর্দা ও শব্দযন্ত্র। পরিপাটি সাজে ঝাঁকে ঝাঁকে মানুষ গিয়েছিল সেই উৎসবে।
‘রবীন্দ্রশিল্প উপভোগের আছে একটি ব্যক্তিগত মাত্রা। একটি জাতি-গোষ্ঠী যখন সম্মিলিতভাবে সেটি উপভোগ করে, তখন সেই মাত্রা ছাড়িয়ে আরও সুন্দর হয়ে ওঠে তা। ১৯৬১ সালে রবীন্দ্রজন্মশতবর্ষ উদ্যাপনের মধ্য দিয়ে বাঙালি জাতি সেই সৌন্দর্যকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। এই চর্চা এখন সর্বজনীন শক্তিতে রূপায়িত হয়ে এই জাতিকে সামনে এগিয়ে নেবে।’ স্বাগত কথনে বলেন মফিদুল হক। পরে একে একে একক ও সম্মেলক গান শোনান ছায়ানটের শিল্পীরা। ছিল বৈতালিকের সম্মেলক গান। গানের সঙ্গে নৃত্যনন্দনের গীতিনৃত্য নকশা। রবীন্দ্রনাথ থেকে পাঠ করে শুনিয়েছেন ত্রপা মজুমদার ও জয়ন্ত রায়।
উৎসবে আজও সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে থাকবে একক ও সম্মেলক গান, সঙ্গে নাচ। এ ছাড়া ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের কথা ও তাঁর প্রিয় রবীন্দ্রসংগীতগুলো নিয়েও থাকবে আয়োজন ‘আমার রবীন্দ্রনাথ’।
বাংলা একাডেমি: গতকাল বিকেলে বাংলা একাডেমিতে ছিল আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কবির গান দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে ছিল স্মারক বক্তৃতা। একাডেমি আয়োজিত রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জয়ন্তী অনুষ্ঠানে ‘রবীন্দ্রনাথ: মানুষের পক্ষে, প্রগতির পথে’ শীর্ষক বক্তব্য দেন সাহিত্যিক ও রাজনীতিক হায়দার আকবর খান রনো। বক্তৃতায় তিনি বলেন, ‘রবীন্দ্রনাথের মধ্যে বিজ্ঞানের প্রতি আকর্ষণ বরাবরই ছিল। বয়স যত বেড়েছে, বিজ্ঞানমনস্কতা তত বৃদ্ধি পেয়েছে। জীবনের একেবারে শেষ পর্যায়ে একজন মহাকবির হাত দিয়ে বিশ্বপরিচয় নামের বিজ্ঞানগ্রন্থ প্রকাশিত হওয়া আশ্চর্যের ঘটনা বৈকি।’
স্বাগত ভাষণে শামসুজ্জামান খান বলেন, ‘বিশ্বব্যাপী সভ্যতার সংকট ঘনায়মান দেখে রবীন্দ্রনাথ ধর্মবর্ণ-নির্বিশেষে মানুষের পক্ষে নিয়েছেন দৃঢ় অবস্থান। যুদ্ধ ও ফ্যাসিজমের বিরুদ্ধে তাঁর অঙ্গীকার আমাদের অনুপ্রাণিত করে সব সময়।’
অনুষ্ঠানের শুরুতে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন শিল্পী অনিমা রায় ও আজিজুর রহমান।
জাতীয় পর্যায়ে উদ্যাপন করা হবে কবিগুরুর জন্মবার্ষিকী
আজ জাতীয় পর্যায়ে কবিগুরুর জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সরকার। এ বছর জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠান হবে ঢাকায়। বিকেল তিনটায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
এবার রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উদ্যাপনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘একুশ শতকে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাসঙ্গিকতা’। এ বিষয়ে উদ্বোধনী অনুষ্ঠানে স্মারক বক্তব্য দেবেন বিশিষ্ট রবীন্দ্রগবেষক সনৎ কুমার সাহা।
আলোচনার পর উদ্বোধনী অনুষ্ঠানে ৩০ মিনিটের সাংস্কৃতিক পর্ব থাকবে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এ পর্বে রবীন্দ্রনাথের বাউলধারার গান পরিবেশন করবেন শিল্পীরা। মূল অনুষ্ঠানস্থলের পাশে রবীন্দ্রনাথের আঁকা চিত্রকর্ম প্রদর্শিত হবে। ঢাকাসহ কবিগুরুর স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ, সিরাজগঞ্জের শাহজাদপুর, নওঁগার পতিসর এবং খুলনার দক্ষিণডিহি ও পিঠাভোগে স্থানীয় প্রশাসনের ব্যবস্থাপনায় কবির জন্মবার্ষিকী উদ্যাপন করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কবির জন্মবার্ষিকী উদ্যাপন করবে। বাংলা একাডেমিতে থাকছে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
রবিঠাকুরের জন্মদিন উপলক্ষে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে আজ সন্ধ্যা ছয়টায় প্রদর্শিত হবে রাজপুত্তুর ও মাধো নামের দুটি রবীন্দ্র শিশুতোষ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।