ধরবি যদি অধর মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুব শান্ত, ছিমছাম শুরু, ধীর গহনে প্রবেশ ও মগ্নতা-মুগ্ধতার আবেশ, হঠাত্ উথলানো হাসি, ছলছল দৃষ্টি, গীতময় শরীর আর দৃশ্য পরিবর্তনকালীন অল্প বিস্তর হইচই সত্ত্বেও দারুণ উপভোগ্য এক নাট্য অভিজ্ঞতা, উদীচীর হাফ আখরাই। দেখলাম ১০ জানুয়ারি। প্রথম অভিনন্দন নাট্যকার রতন সিদ্দিকীর প্রাপ্য। আমরা আমাদের প্রাত্যহিকতায় কত না গল্প শুনি, তবে উত্পল দত্তের কাছে শোনা বলেই হয়তো বিশেষ এ গল্পটিকে অবিভক্ত ভারতের স্বাধীনতা-আন্দোলনের পটভূমিতে যে আলোয় তিনি রাঙিয়েছেন, তা অনন্য। নির্দেশক আজাদ আবুল কালামকে অভিনন্দন, চমক আর আড়ম্বরের ঘনঘটার বিপরীতে শান্ত প্রাণের উত্সকেই এ নাট্যকর্মের মূল সুরে বেঁধে আমাদের প্রাণের নির্দেশক রূপে ফিরে আসার জন্য।টপ্পার প্রধান পুরুষ, যাঁর নামে এর নাম ‘নিধুবাবুর টপ্পা’, সেই রামনিধি গুপ্তের জীবন, আখরাই, বার্ধক্যের টানাপোড়েন, তাঁর জীবনে নারী, শিষ্য, ঈর্ষা, প্রেম, অনুশোচনার জন্য রতন সিদ্দিকীর যতটুকু কল্পনা ও ব্যাখ্যা, তা যথাযথ। নিধুবাবুর চরিত্রে রতন দেব ভালো করেছেন, যদিও তাঁর কাছে প্রত্যাশাটা বেশি ছিল, বিশেষত অহরকণ্ডলের অসাধারণ অভিনয়ের পর। মঞ্চের ব্যাপকতার কারণেই কি না জানি না, হঠাত্ একবার ক্লান্ত দেখালেও মোহনচাঁদ চরিত্রে আনোয়ারুল হকের অভিনয় অসাধারণ। শ্রীমতী চরিত্রে ফাহমিদা হক ভালো করেছেন। তবে নাটকের প্রাণ হলো আখরাই ও হাফ আখরাইয়ের সদস্যরা। একেবারে অতর্কিতে তাঁরা দর্শককে হাসি, কান্না আর ভালোবাসায় রাঙিয়েছেন। হরিশ, গোপাল, সত্য ও বিশেষত বলরাম অনন্য। চন্দ্রলেখা, কুন্দ ও শৈবালিনীর অভিনয় নির্দেশকের ব্যাপক মনোযোগ দাবি করে। কেষ্ট ও তারা নারীবিবর্জিত আখরাই জীবনের কমিক ও সেক্সুয়াল রিলিফ, যা ভাঁড়ামিতে পর্যবসিত না হয়ে সরলতার সৌন্দর্যে পৌঁছায় এবং এই সরল, খোলা অভিনয় আশ্চর্য করে দেয়।কিন্তু, এ নাটকের নারী চরিত্রগুলো কেন যেন কোথাও পূর্ণ হয়ে ওঠে না। তারা সহায়ক মাত্র, তারা কর্তা নয়। যেহেতু নাট্যকার নিজেই বলেছেন, ইতিহাস নয়, এর ব্যাখ্যাই তার অভীষ্ট। শ্রীমতী বা চন্দ্রলেখাকে কেন তিনি সে নতুন ব্যাখ্যার জায়গায় পৌঁছে দিলেন না? ভারতের স্বাধীনতার সংগ্রামের ইতিহাসে নারী শুধুই সহযোগী, প্রেমিকা আর অসহায়? নিশ্চয়ই নয়। আর চন্দ্রলেখা যখন হরিশের ‘নারী ঘৃণ্য’ এ যুক্তির পাল্টা শুধুই মাতা-ভগ্নির কথা স্মরণ করায়, তখন মনে হয়, এক রামনিধি গুপ্তের ইতিহাসের বিপরীতে আরেক মোহনচাঁদের ইতিহাসই নির্মিত হচ্ছে, যেখানে চন্দ্রলেখারা কেবলি ভস্মীভূত। তবে আখরাই ভেঙে হাফ আখরাই, দলাদলির লড়াই, মতবিরোধের শেষে আবার সম্মিলন আশাবাদী করে—বিভক্তি, ঘৃণা আর অন্যায় দোষারোপের দিন শেষ হয় একদিন না একদিন। মোহনচাঁদের হাফ আখরাই আর তাঁর আদর্শের সাফল্য প্রাণিত করে—নতুন ভাবনা যত অদ্ভুতই ঠেকুক, মানুষের প্রাণের গানের ঘ্রাণ দূরান্তে ছড়াবেই—আজ নয়, কাল নয়, পরশু।আলো, পোশাক, সংগীত, মঞ্চ—যা ছিল এর চেয়ে বেশি বা কম হতো অহেতুক। তবে কোরিওগ্রাফির ছক ছেড়ে ছেলেদের সরল নাচের ছন্দ বেশি স্বাদের হতো বলে মনে হয়। শেষ দৃশ্যে আগুন লাগার চূড়ান্ত বিশ্বাসযোগ্যতা মুগ্ধ করেছে। তবে আগুন কী করে লাগল? সে প্রশ্নের উত্তর খুলে মেলে না দেওয়ার জন্যও নাট্যকার, নির্দেশক ধন্যবাদ পাবেন। সব যখন শেষ, সপ্তর্ষি চিতা জ্বেলে ফেরেন মোহনচাঁদ, ফেরেন নিধুবাবু; অবনত গুরুর ঈর্ষা আর অহম। মানুষের শ্রীচরণ পূজে অধর মানুষকে যে ছুঁতে চায়, সে আর কারও শিষ্য থাকে না—সে হয় সবার প্রাণের মানুষ। সেই নিঃস্ব হয়েও বিজয়ী মোহনচাঁদ শিল্প আর দেশের ডাকে আবার দল গড়ার স্বপ্ন দেখে। শেষ হয়েও হয় না শেষ প্রাণের মেলার, খোঁজার খেলার।