ধর্মেন্দ্রর চরিত্রে সানি দেওল
১৯৮৭ সালে মুক্তির পরপরই বক্স অফিসে সাড়া তোলা ‘হুকুমত’ ছবির অর্জুন সিং চরিত্রে অভিনয় করেছিলেন বলিউডের অভিনেতা ধর্মেন্দ্র। ছবিটির সাম্প্রতিক এক রিমেকের কল্যাণে এবারে অর্জুন সিং চরিত্রে দেখা যাবে ধর্মেন্দ্র-পুত্র সানি দেওলকে। এরই মধ্যে ছবিটিতে অভিনয়ের জন্য সম্মতি জানিয়েছেন সানি। ধর্মেন্দ্র ও সানি এক ছবিতে অভিনয় করলেও, এবারই প্রথম বাবার অভিনীত কোনো চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন পুত্র সানি। ‘হুকুমত’ ছবিটি পরিচালনা করেছিলেন অনিল শর্মা, রিমেক পরিচালনার দায়িত্বও নিয়েছেন তিনি। এক খবরে এ তথ্য জানিয়েছে ‘মিড-ডে’।ছবিতে সানির অন্তর্ভুক্তি প্রসঙ্গে নির্মাতা অনিল শর্মা জানিয়েছেন, ‘ছবিটির কাজ এখন একদমই প্রাথমিক পর্যায়ে। এ মুহূর্তে অন্য একটি ছবির কাজ নিয়ে ব্যস্ত আছি। তাই এখনই ‘হুকুমত’ রিমেক নিয়ে খুব বেশি কিছু বলা সম্ভব নয়। শুধু এটুকুই বলব, ছবির মূল চরিত্রে সানি দেওল দারুণ অভিনয় করবেন বলেই আমার বিশ্বাস। আমি নিশ্চিত, ধর্মেন্দ্র অভিনীত চরিত্রটি দারুণভাবে ফুটিয়ে তুলতে পারবেন সানি।’ ১৯৮৭ সালের সবচেয়ে ব্যবসা সফল ছবি ‘হুকুমত’ টানা ৭৫ সপ্তাহ ধরে প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছিল। ছবিটিতে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেছিলেন রতি অগ্নিহোত্রী।