ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছে: অঙ্কিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অঙ্কিত তিওয়ারি
অঙ্কিত তিওয়ারি

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ও ৫০৬ ধারায় ‘আশিকি ২’খ্যাত সংগীত তারকা অঙ্কিত তিওয়ারিকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। কিন্তু অঙ্কিত নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন, ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছে তাঁকে।

বিয়ের প্রলোভন দেখিয়ে বিজ্ঞাপন সংস্থায় কর্মরত এক তরুণীকে ধর্ষণের অভিযোগে ৮ মে বৃহস্পতিবার সকালে অঙ্কিতের বাসায় গিয়ে হাজির হয় পুলিশ। জবানবন্দি নেওয়ার কথা বলে অঙ্কিত ও তাঁর ভাই অঙ্কুর তিওয়ারিকে থানায় নিয়ে যাওয়া হয়। একপর্যায়ে অঙ্কিতকে গ্রেপ্তার করে পুলিশ।

অভিযোগকারীকে হুমকি প্রদান করায় অঙ্কিতের ভাই অঙ্কুরকেও গ্রেপ্তার করা হয়। অঙ্কুরের বিরুদ্ধে অভিযোগ, স্পর্শকাতর বিষয়টি জনসমক্ষে ফাঁস করলে ওই তরুণীকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছিলেন অঙ্কুর। অবশ্য বৃহস্পতিবারেই জামিনে মুক্তি পান অঙ্কুর। পরদিন অঙ্কুর ও অঙ্কিতকে আদালতে হাজির করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য ১২ মে পর্যন্ত অঙ্কিত তিওয়ারিকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। অন্যদিকে মুম্বাইয়ের একটি হাসপাতালে অভিযোগকারী তরুণীর ডাক্তারি পরীক্ষা করা হয়।

অঙ্কিত তিওয়ারি
অঙ্কিত তিওয়ারি



এদিকে ধর্ষণের মতো জঘন্য অপরাধে গ্রেপ্তার হওয়ার পর এক বিবৃতিতে অঙ্কিত নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন, ‘আমাদের মধ্যে বছর খানেক প্রেমের সম্পর্ক ছিল। এমনকি তাঁকে আমি আমার পরিবারের সদস্যদের সঙ্গে পরিচয়ও করিয়ে দিয়েছিলাম। কিন্তু একপর্যায়ে আমরা জানতে পারি, সে ডিভোর্সি এবং তাঁর সন্তানও আছে।’ এক খবরে এমনটিই জানিয়েছে মিড-ডে ডটকম।

অঙ্কিত আরও বলেন, ‘বিষয়টি জানার পর তার সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে নিষেধ করেন আমার অভিভাবকেরা। ডিভোর্স ও সন্তান থাকার কথা গোপন রেখে সে আমার সঙ্গে প্রতারণা করায় আমি প্রেমের সম্পর্কের ইতি টানি। মূলত এ কারণেই আমার বিরুদ্ধে মিথ্যা ধর্ষণের মামলা করেছে সে। তার সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।’

অঙ্কিতের আইনজীবী নিরাজ গুপ্ত জানিয়েছেন, অঙ্কিতের কাছ থেকে তিন কোটি রুপি চেয়েছিলেন অভিযোগকারী তরুণী। কিন্তু অঙ্কিত রাজি না হওয়ায় তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

এ ছাড়া এই মামলা সম্পর্কে পুলিশ ইন্সপেক্টর মাচিন্দ্র ভাদখে জানিয়েছেন, গত ফেব্রুয়ারি মাসে পুলিশের কাছে লিখিত আকারে অভিযোগ দায়ের করেছিলেন ওই তরুণী। মার্চ মাসে অঙ্কিতের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়।

মাচিন্দ্র ভাদখে আরও জানিয়েছেন, পুলিশের কাছে লিখিত অভিযোগে ওই তরুণী দাবি করেছিলেন, ২০১২ সালের অক্টোবরে এক বন্ধুর মাধ্যমে অঙ্কিতের সঙ্গে তাঁর পরিচয় হয়। এরপর তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রলোভন দেখিয়ে ২০১৩ সালের ডিসেম্বর মাস পর্যন্ত অঙ্কিত তাঁকে যৌন নিপীড়ন করেন। কিন্তু শেষ পর্যন্ত বিয়ের প্রতিজ্ঞা রক্ষা করেননি অঙ্কিত। এ ছাড়া অঙ্কিতের ভাই অঙ্কুর ওই তরুণীকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করতে থাকেন। অঙ্কিতের জীবন থেকে সরে যাওয়ার জন্য একদিন ছুরি হাতে তাঁকে হুমকিও প্রদান করেন অঙ্কুর।

ছোট ও বড় পর্দায় সংগীত পরিচালনার কাজ করলেও গত বছর মুক্তি পাওয়া ‘আশিকি ২’ ছবির ‘শুন রাহা হ্যায়’ গানটি অঙ্কিতকে ব্যাপক পরিচিতি এনে দেয়। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সুর ও সংগীত পরিচালনাও করেছেন ২৪ বছর বয়সী অঙ্কিত।

‘শুন রাহা হ্যায়’ গানটি ব্যাপক শ্রোতাপ্রিয়তা পাওয়ার পাশাপাশি ফিল্মফেয়ার, আইফার মতো মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদান আসরে পুরস্কৃতও হয়। গানটির জন্য সেরা সংগীত পরিচালকের পুরস্কার অর্জন করেন অঙ্কিত। কিন্তু ধর্ষণের মতো জঘন্য অভিযোগে গ্রেপ্তার হওয়ার বিষয়টি নিঃসন্দেহে তাঁর ক্যারিয়ারে বিরূপ প্রভাব ফেলবে।