ধানমন্ডিতে নাটকের নতুন মঞ্চ
দীর্ঘদিন ধরে ঢাকার নাট্যকর্মীরা নাটকের জন্য বিভিন্ন স্থানে একাধিক মঞ্চ খুঁজছেন। ঢাকার একমাত্র নাটকের স্থান বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় অসংখ্য নাটকের দলের সংকুলান হচ্ছে না। পাশাপাশি যানজটের কারণে বিভিন্ন এলাকার নাট্যামোদীরা প্রতিদিনই শিল্পকলা একাডেমীতে সঠিক সময়ে নাটক দেখতে যেতে পারছেন না। তাই ধানমন্ডিতে একটি নতুন মঞ্চে নাটকের প্রদর্শনীর আয়োজন করছে বটতলা। ধানমন্ডির ২৭ নম্বর সড়কের মাঝামাঝি অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের মিলনায়তনে বসছে নাটকের এই নতুন আসর। জানালেন বটতলার অন্যতম সদস্য সামিনা লুৎফা। তাঁর লেখা নাটক খনা আজ ও কাল শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় মঞ্চস্থ হবে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের মিলনায়তনে। নাটকটিতে ‘খনা’ চরিত্রে অভিনয়ও করেছেন লুৎফা। নাটকটির নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার। লুৎফা জানান, আজ নাটকের আগে নতুন মঞ্চ উদ্বোধন ও সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেবেন মামুনুর রশীদ, আলী যাকের ও অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ জি এম নিজাম উদ্দীন। কাল শনিবার সন্ধ্যায় আলোচনা করবেন সারা যাকের। লুৎফা বললেন, এখন শুধু বাংলাদেশ শিল্পকলা একাডেমীর হলের দিকে সব নাটকের দলকে তাকিয়ে থাকতে হয়। কিন্তু ঢাকার বিভিন্ন স্থানে যদি এভাবে মঞ্চ তৈরি করা সম্ভব হয় আর তা জনপ্রিয় করা যায়, তাহলে বিভিন্ন এলাকার দর্শকেরা মঞ্চনাটক উপভোগ করতে পারবেন। লুৎফা জানান, জুলাই মাস থেকে বটতলা ও অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের যৌথ আয়োজনে একটি জাতীয় নাট্যোৎসবের আয়োজন করা হবে।