ধানমন্ডিতে নাটকের নতুন মঞ্চ উদ্বোধন
ঢাকার ধানমন্ডিতে নাটকের নতুন মঞ্চ উদ্বোধন হলো। ২৭ নম্বর সড়কে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের এই মঞ্চটি উদ্বোধন করেন মামুনুর রশীদ ও আলী যাকের। এ সময় আরও উপস্থিত ছিলেন অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি শাখাওয়াত হোসেন ও অধ্যক্ষ জি এম নিজাম উদ্দীন এবং নাট্যদল বটতলার সভাপতি সালেক খান ও জহির বিশ্বাস। মামুনুর রশীদ বলেন, ‘ঢাকার নাট্যকর্মীরা আজ নতুন একটি মঞ্চ পেয়েছে। এর মাধ্যমে ধানমন্ডি, মোহাম্মদপুর, কলাবাগান, ঝিগাতলা ও লালমাটিয়া এলাকার দর্শকেরা বাংলা মঞ্চনাটকের নির্যাস নিতে পারবে সহজেই।’ তিনি নিয়মিত নাটক প্রদর্শনীর জন্য মঞ্চ দিতে রাজি হওয়ায় অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। আলী যাকের বলেন, ‘যানজটের কারণে বিভিন্ন এলাকার নাট্যামোদীরা প্রতিদিন বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে সঠিক সময়ে নাটক দেখতে যেতে পারছেন না। এ অবস্থায় ধানমন্ডিতে নাটকের নতুন মঞ্চে নাট্য প্রদর্শনীর একটি উল্লেখযোগ্য ব্যাপার। এতে আমাদের নাট্যচর্চা আরও বেগবান হবে।’ উদ্বোধনের পর বটতলার খনা নাটকটির প্রদর্শনী হয়।