ধানুষের এক গানের চিত্রায়ণে ৫০ লাখ রুপি
‘কামাথ অ্যান্ড কামাথ’ নামের নতুন একটি মালয়ালম ছবিতে অভিনয় করছেন ‘কোলাভেরি ডি’খ্যাত দক্ষিণী অভিনেতা ও প্লেব্যাক গায়ক ধানুষ। সম্প্রতি তিনি ছবিটির একটি গানের দৃশ্যে অভিনয় করেছেন। গানটির দৃশ্য ধারণে সব মিলিয়ে খরচ করা হয়েছে ৫০ লাখ ভারতীয় রুপি। কেরালার রাজধানী থিরুভানান্থাপুরমের কাছে একটি সম্মেলন কেন্দ্রে গানটির শুটিং করা হয়েছে। গানটিতে ধানুষের সঙ্গে নাচতে দেখা যাবে প্রখ্যাত মালয়ালম অভিনেতা মামুতিকে। গানটির শুটিংয়ে আরও অংশ নিয়েছেন কার্তিকা নায়ার, রিমা কালিঙ্গাল, বাবুরাজ এবং রাজা লক্ষ্মী। সম্প্রতি এক খবরে এমন তথ্য জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ। ৯ কোটি রুপি বাজেটের ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন থমসন। ছবিটি প্রযোজনা করছেন অন্তু জোশেফ। ব্যয়বহুল গানটি সম্পর্কে অন্তু জানান, ‘ছবির একটি দৃশ্যে দেখা যাবে, নতুন হোটেলের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হন ধানুষ। সেখানে মামুতিসহ অন্যান্যদের সঙ্গে নাচে মেতে ওঠেন তিনি। ব্যয়বহুল গানটির জন্য কেবল সেট নির্মাণের পেছনেই ব্যয় করা হয়েছে ১২ লাখ রুপি।’ প্রসঙ্গত, ২০১১ সালের ১৬ নভেম্বর ধানুষের ‘কোলাভেরি ডি’ গানটি মুক্তির পরপরই ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক জনপ্রিয়তা পায়। প্রথম দিনেই ১০ লাখেরও বেশি শ্রোতা শুনে ফেলেন গানটি। মাত্র চার মাসের মাথায় ইউটিউবে গানটির হিটের সংখ্যা পাঁচ কোটি ছাপিয়ে যায়।তামিল ছবি ‘থ্রি’র জন্য গানটি রচনার পাশাপাশি কণ্ঠও দিয়েছিলেন ধানুষ। ছবিটি পরিচালনা করেছিলেন ধানুষের স্ত্রী ও দক্ষিণের জনপ্রিয় অভিনেতা রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়া রজনীকান্ত ধানুষ। এ ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেন ধানুষ এবং প্রখ্যাত অভিনেতা কমল হাসানের মেয়ে শ্রুতি হাসান।